ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- পুরো ম্যাচ আধিপত্য করেও ব্রাদার্স ইউনিয়ন ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা এখন সিটিসেল বি. লিগের পয়েন্ট তালিকার শীর্ষে।
স্কোর লাইন দেখে বোঝা যাবে না এই ম্যাচের চরিত্র। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে চট্টগ্রাম আবাহনী তিন-চার গোলে হারলেও অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু ব্রাদার্স পারেনি দক্ষ একজন স্ট্রাইকারের অভাবে। তাদের সৌভাগ্য যে, ৩৪ মিনিটে মাইকেল ওনিয়ার শট গড়াতে গড়াতে চট্টগ্রাম আবাহনীর পোস্টে জমা হয়েছে, আর একপাশে দাঁড়িয়ে দেখেছেন তাদের গোলরক্ষক কিরণ। ডানদিক থেকে তপুর পাঠানো বলে একমাত্র গোলটি করেছেন এই নাইজেরিয়ান।
অথচ এই ওনিয়া একাই অন্তত আরো তিনটি সহজ সুযোগ নষ্ট করেছেন। ১৪ মিনিটেই ব্রাদার্স প্রথম গোল পেতে পারতো। বাঁদিক থেকে শাকিলের মাইনাসে এই নাইজেরিয়ান পা ছোঁয়াতে ব্যর্থ হয়েছেন। তারপর ৩০ মিনিটে জাহিদের ক্রসে তার শট গিয়ে লাগে ক্রসবারে। ৭১ মিনিটে তিনি আরেকটি সহজ সুযোগ নষ্ট করেছেন ডি বক্সের ভেতর থেকে দূর্বল শট নিয়ে। ৭৪ মিনিটে তার আরেকটি শট চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক কিরণ ঠেকিয়ে দিয়ে গোলের ব্যবধান বাড়তে দেননি। এই একটা শট ছাড়া বাকিগুলোর গতি-প্রকৃতি তেমন বলার মতো কিছু নয়। পায়ে জোর নেই, অথচ তিনি সারাক্ষণই ঘুরে বেড়িয়েছেন প্রতিপক্ষের ডিফেন্সে। এরকম একজন ফুটবলার স্ট্রাইকার পদবী নিয়ে খেলে যাচ্ছে ব্রাদার্সের মতো দলে! তাদের কোচ ওয়াসিম ইকবালও ভীষন হাতাশ, "মাত্র এক গোলে জেতাটা হতাশাজনক। এত সুযোগ পেয়েও স্ট্রাইকাররা কাজে লাগাতে না পারলে কী করার আছে!"
ওনিয়ার পাশপাশি তপু সুযোগ নষ্ট করেছেন। আসলে ব্রাদার্স এই ম্যাচে গোল করা ছাড়া বাকি সবই করেছে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সে গিয়ে সবকিছু শেষ হয়ে গেছে স্ট্রাইকারদের ব্যর্থতায়। এসব খুব চোখে লাগার মতোই ব্যর্থতা, চট্টগ্রাম আবাহনী গোলরক্ষক কিরণ ওই গড়ানো শটে গোল না খেলে ব্রাদার্স গোলই পেত কিনা যথেষ্ট সন্দেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24