মাদ্রিদ, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের ম্যাচেই বার্সেলোনা ৬-১ গোলে হারিয়েছিল তাদের। এক সপ্তাহ পর সেই স্পোর্টিং গিজনকে আরো বড় লজ্জায় ডুবিয়েছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ডাচ স্ট্রাইকার রাফায়েল ফন ডার ফার্টের হ্যাটট্রিকে বুধবার প্রিমেরা লিগায় নবাগত এই দলটিকে ৭-১ গোলে হারিয়েছে তারা।
এদিনের অন্য এক ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনাও, নিজেদের মাঠে রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
জিতেছে ইতালিয়ান সিরি-আ'র বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানও। ম্যাচ শেষের ১১ মিনিট বাকি থাকতে বদলি খেলোয়াড় হুলিও ক্রুজের দেওয়া একমাত্র গোলে নবাগত লেচ্চেকে হারিয়েছে তারা। তবে সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাসকে জিততে দেয়নি ক্যাটানিয়া। তুরিনে নিজেদের মাঠেই অখ্যাত এই দলটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে 'ওল্ড লেডি'।
মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়ালের গোল উৎসব শুরু করেছেন ফন ডার ফার্টই। ১৮ মিনিটে ডানপায়ের ভলিতে গিজনের গোলমুখ খুলে দেওয়ার পর ৩৩ মিনিটে দর্শনীয় এক ব্যাক হিলে ম্যাচের দ্বিতীয় গোলটিও করেছেন তিনিই। ৩৭ মিনিটে গনজালো হিগুয়েন করেছেন রিয়ালের তৃতীয় গোলটি। প্রথমার্ধে এই তিন গোলেই এগিয়ে ছিল স্বাগতিকরা। বিরতির পর পরই (৪৭ মিনিট) নিজের হ্যাটট্রিক পূরণ করে ব্যবধানটা আরো বাড়িয়েছেন ফন ডার ফার্ট, আর এর ৪ মিনিট পর গোল উৎসবে যোগ দিয়েছেন তার স্বদেশী অ্যারিয়েন রোবেন। ৫৪ মিনিটে একটি পাল্টা আক্রমণ থেকে গিজনের পক্ষে একটি গোল শোধ করে দিয়েছেন কিকে ম্যাতিও, কিন্তু এরপর পাঁচ মিনিটের ব্যবধানে (৫৯ ও ৬৪ মিনিট) আরো দুটি গোল করে রিয়ালের 'ঘরের ছেলে' রাউল নিশ্চিত করেছেন জয়ের ব্যবধানটা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়েও বড় রাখা।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার শুরুটার দারুণই হয়েছিল। লিওনেল মেসির পাস থেকে স্যামুয়েল এতো'র করা দুগোলে ২৩ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে লুসিয়ানো মনজন ও হোসে মারির গোলে সমতা এনে স্বাগতিকদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বেটিস। ৮০ মিনিটে বদলি খেলোয়াড় এইদুর গুডিয়নসেনের গোলে দূর হয়েছে সেই দুশ্চিন্তা।
এই জয়ের পর চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। আর ৯ পয়েন্ট নিয়ে বার্সেলোনার অবস্থান আপাতত পঞ্চম। এদিনের অন্য এক ম্যাচে রেসিং সান্তান্দারকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ভিলারিয়াল, তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। বুধবার গেটাফেকে ২-১ গোলে হারানোর পর রিয়ালের সমান ৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তাদের প্রতিবেশি অ্যাটলেটিকো মাদ্রিদ, আর এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে সেভিয়া আছে চতুর্থ স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪০১ ঘ.
bdnews24