ঢাকা, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- দুঃস্বপ্ন পেছনে ফেলে শিরোপাধারী আবাহনী লিমিটেড এখন আবার সঠিক পথে। প্রথম ম্যাচে রহমতগঞ্জের কাছে হেরে যাওয়ার পর ফরাশগঞ্জের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অতিকষ্টে জিতেছিল ১- ০ গোলে। বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে তারা চট্টগ্রাম মোহামেডানকে হারিয়েছে ২-০ গোলে। একে আবাহনীর জন্য এটা ক্রমোন্নতি, গুরুত্বটা আরও বেড়ে যাচ্ছে যখন জানা যাচ্ছে চট্টগ্রাম মোহামেডান আগের ম্যাচ দুটোতে রুখে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন এবং শেখ রাসেল ক্রীড়াচক্রকে। তাছাড়া দ্বিতীয়ার্ধে মোহামেডান যেভাবে তাদের চেপে ধরেছিল তাতে শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়াটা আবাহনীর জন্য বড় একটা স্বস্তি।
সিটিসেল বি. লিগের এই ম্যাচটিতে মাত্র ১১ মিনিটেই এগিয়ে যায় আবাহনী। নজরুলের ক্রসে বল জালে পাঠান এমিলি। চট্টগ্রাম মোহামেডান ম্যাচে ফেরার একাধিক সুযোগ পেয়েছিল, কিন্তু সেগুলোর কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। এর মাশুল দিতে হয় ২২ মিনিটে, যখন এমেকা আবাহনীকে ২-০ গোলে এগিয়ে নেন। গোলের নেপথ্য কারিগর ইব্রাহিম, দুজন মোহামেডান ডিফেন্ডারকে কাটিয়ে তিনি চমৎকারভাবে যে ক্রসটি করেন তা থেকে হেড করে দ্বিতীয় গোলটি করেন এমেকা। ৩ মিনিট পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এমেকা, কিন্তু গোলের খুব কাছ থেকে দুর্বল শট মেরে তিনি নষ্ট করেন সুযোগ।
এর কিছুক্ষণ পরই একটা বড় ধাক্কা খায় আবাহনী। আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার সুজন, আর তাতেই আবাহনী এমন এলোমেলো হয়ে যায় যে দ্বিতীয়ার্ধে আবাহনীকে চিনতে হয়েছে তাদের জার্সি দেখে। তবু যে তারা শেষপর্যন্ত বেঁচে গেল তার কারণ প্রতিপক্ষের স্ট্রাইকারদের সুযোগ নষ্টের মহড়া। একের পর এক গোলের সুযোগ হারিয়েছে চট্টগ্রাম মোহামেডান, আর তাই আবাহনী এমন চাপে পড়েও শেষপর্যন্ত ২-০ গোলে জয়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০০৫ঘ.
bdnews24