লন্ডন, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোলরক্ষক লুকাস ফ্যাবিয়ানস্কির বয়স ২৩ বছর। বাকি দশ জনের গড় বয়স মাত্র ১৯। অথচ একেবারে তরুণদের নিয়ে দল গড়েও ইংলিশ লিগ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেতে মোটেও সমস্যা হয়নি আর্সেনালের। বুধবার দ্বিতীয় বিভাগের দল শেফিল্ড ইউনাইটেডকে তারা বিধ্বস্ত করেছে ৬-০ গোলে।
নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে 'গানার'দের এই বিশাল জয়ে সবচেয়ে বড় ভূমিকা ১৯ বছর বয়সী মেক্সিকান স্ট্রাইকার কার্লোস আলবার্তো ভেলার। হ্যাটট্রিক করে দলের বড় জয়ের পথ প্রশস্ত করেছেন তিনি। আর্সেনালের প্রথম দুটো গোল অবশ্য তার নয়, নিকোলাস বেন্ডনারের। অন্যটার গোলদাতা ১৬ বছর বয়সী মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার।
ইংলিশ ফুটবলের অন্য দুই পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলও জিতেছে। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানইউ ৩-১ গোলে হারিয়েছে মিডলসবরোকে। এ মৌসুমে প্রথম বারের মতো শুরু থেকে মাঠে নামা ক্রিস্টিয়ানো রোনালদো করেছেন প্রথম গোল। ইংলিশ চ্যাম্পিয়নদের অন্য গোল দুটো রায়ান গিগস ও নানির। লিভারপুলের জয়ও নিজেদের মাঠে। অ্যানফিল্ডে তারা ২-১ গোলে হারিয়েছে তৃতীয় বিভাগের দল ক্রিউকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭১৫ঘ.
bdnews24