২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনামুলের জোড়া গোলে ফরাশগঞ্জের প্রথম জয়

ফেডারেশন কাপে চমক উপহার দেওয়া ফরাশগঞ্জ বি. লিগে জয়ের মুখ দেখল তৃতীয় ম্যাচে এসে। মঙ্গলবার এনামুলের দুই গোলে তারা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফেডারেশন কাপে চমক উপহার দেওয়া ফরাশগঞ্জ বি. লিগে জয়ের মুখ দেখল তৃতীয় ম্যাচে এসে। মঙ্গলবার এনামুলের দুই গোলে তারা ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। এবার ফেডারেশন কাপের শুরু থেকেই দুর্বার এনামুল হক। সেখানে যাবতীয় চমকের মূল উৎসই ছিলেন ফরাশগঞ্জের এই তরুণ স্ট্রাইকার। মঙ্গলবারও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনি ১১ মিনিটের মাথায় প্রথম গোল উপহার দেন দলকে। মাঝমাঠ থেকে বাড়ানো কবিরের থ্রু-পাস পেয়ে মামুন রহমতগঞ্জের গোলমুখে মাইনাস করেন। তাতে এনামুলের টোকায় এগিয়ে যায় ফরাশগঞ্জ। কিন্তু তার মিনিট দশেক বাদে ইদ্রিস সেই গোল শোধ করে দিলে ফরাশগঞ্জ বিপদে পড়ে। গোলের জন্য হন্যে হয়ে তারা বারবার হানা দিতে থাকে রহমতগঞ্জের ডিফেন্সে। ৩৮ মিনিটে গোলরক্ষক এম আলীর কল্যাণে বেঁচে যায় রহমতগঞ্জ। ওপর থেকে আসা লং বল আয়ত্তে নিয়ে তীব্র গতির শটটি করেছিলেন এনামুল হক যা দারুন দক্ষতায় ঠেকিয়েছেন গোলরক্ষক। আবার ৫০ মিনিটে আজিজুর রহমনের দুর্দান্ত এক শট ঠেকিয়ে দিয়েছে রহমতগঞ্জের ক্রসবার। ৭৩ মিনিটেও দারুন এক সুযোগ নষ্ট করেছেন মামুন, কায়সারের ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হয়ে। সতীর্থদের ব্যর্থতার পর এনামুলই পার করে দিয়েছেন দলকে। নির্ধারিত সময়ের মিনিট সাতেক আগে ফ্রান্সিসের বাড়ানো ক্রসে এই স্ট্রাইকার হেড করেছেন রহমতগঞ্জের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে। এই তরুণ স্ট্রাইকারের জোড়া গোলে তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন ফরাশগঞ্জ। আগের দুটো ম্যাচে তারা শেখ রাসেল ও ঢাকা আবাহনীর কাছে হেরেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৪৬ঘ.