মাদ্রিদ, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌসুমের প্রথম দুটি ম্যাচে চেনাই যায়নি বার্সেলোনাকে। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ড্র করে স্প্যানিশ প্রিমেরা লিগার সাবেক চ্যাম্পিয়নদের পিঠ যখন দেওয়ালে ঠেকে যাওয়ার যোগাড়, ঠিক তখনই ঘুরে দাঁড়িয়েছে তারা। রোববার স্পোর্টিং গিজনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে জয়ের ধারায় ফিরেছে বার্সা। এদিনের অন্য ম্যাচে জয় পেয়েছে তাদের চির-প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। রেসিং সান্তান্দারকে ২-০ গোলে তারা পেয়েছে টানা দ্বিতীয় জয়ের দেখা।
ইতালিয়ান সিরি-আ'তে বার্সেলোনার চেয়েও খারাপ অবস্থায় ছিল এসি মিলান। প্রথম দু ম্যাচে হারার পর রোববার তারাও পেয়েছে প্রথম জয়ের দেখা। আরেক সাবেক চ্যাম্পিয়ন লাৎসিওর জয়যাত্রা থামিয়ে দিয়ে তারা জিতেছে ৪-১ গোলে। জিতেছে সিরি-আ চ্যাম্পিয়ন ইন্টার মিলানও, তোরিনোকে ৩-১ গোলে হারিয়েছে তারা। কিন্তু ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড জিততে পারেনি, গতবারের রানার্স আপ চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।
প্রিমেরা লিগায় বার্সেলোনা যে খুব খারাপ খেলছিল, এমন নয়। কিন্তু গোলের দেখা না পাওয়ায় প্রথম দুটি ম্যাচে ভুগেছে তারা। রোববার নতুন কোচ পেপ গার্ডিওলার অধীনে প্রথম জয়টি পাওয়ার পথে অবশ্য একেবারেই অন্য রূপে দেখা গেছে তাদের। গোলবন্যার শুরুটা করেছেন জাভি, ২৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ক্রসে মাথা ছুঁইয়ে। ৬ মিনিট পরেই আরেকটি হেড থেকে বার্সার দ্বিতীয় গোলটি করেছেন স্যামুয়েল এতো'।
প্রথমার্ধে ওই দু গোলেই এগিয়ে ছিল তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৮ মিনিট) আরেকটি হেড থেকে হয়েছে বার্সেলোনার তৃতীয় গোল, তবে সেটি বার্সেলোনার কারো মাথা থেকে আসেনি। কর্নার থেকে উড়ে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন গিজনের ডিফেন্ডার হোর্হে। এর কয়েক মিনিট পরেই একটি গোল শোধ করেছে স্বাগতিকরা, কিন্তু তার পরের মিনিটেই আবার লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ডিফেন্ডার জেরার্ড অটেটকে।
১০ জন নিয়ে বার্সেলোনার মতো দলের বিপক্ষে লড়া যে কতোটা কঠিন, বাকি সময়টুকুতে তা বেশ টের পেয়েছে তারা। এই সুযোগে প্রথমে ইনিয়েস্তা ব্যবধান বাড়িয়েছেন ৬৯ মিনিটে, আর শেষ দিকে পাঁচ মিনিটের ব্যবধানে (৮৪ ও ৮৯ মিনিটে) আরো দুটি গোল করে লিওনেল মেসি ইতি টেনেছেন এই গোল উৎসবের।
রিয়ালকেও এদিন খেলতে হয়েছে প্রতিপক্ষের মাঠে। বিরতির ঠিক আগে মাঝমাঠের তারকা গুতির ইনজুরি তাদের জন্য একটা ধাক্কা হয়ে এলেও সেই ধাক্কা ভালোভাবেই সামাল দিয়েছে তারা। গনজালো হিগুয়েনের প্রায় একক প্রচেষ্টায় গড়ে দেওয়া একটা সুযোগ থেকে ৫৪ মিনিটে তাদের এগিয়ে নিয়েছেন ডে লা রেড, আর ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন রুড ফন নিস্টলরয়।
এই জয়ের পর তিন ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে চার পয়েন্ট, রিয়ালের ছয়। সাত পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, আলমেইরা আর এস্পানিওল। রোববার ভ্যালেন্সিয়া ১-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে, আলমেইরা একই ব্যবধানে জিতেছে মালাগার বিপক্ষে আর ভিলারিয়াল ২-১ গোলে হারিয়েছে প্রথম ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চমকে দেওয়া নুমানসিয়াকে।
সিরি-আ'র দুই বড় দলের লড়াইয়ে ফেবারিট ছিল লাৎসিওই। কিন্তু রোববার মিলানের কাছে পাত্তাই পায়নি তারা। অষ্টম মিনিটেই ক্ল্যারেন্স সিডর্ফের গোলে এগিয়ে গেছে কার্লো অ্যানচেলত্তির দল। ২৬ মিনিটে মাউরো জারাতের গোলে লাৎসিও সমতায় ফিরলেও ৩৫ মিনিটে ফের মিলানকে এগিয়ে নিয়েছেন জিয়ানলুকা জামব্রোত্তা। আর দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ান আলেকসান্দর পাতো (৫০ মিনিট) আর কাকার (৬০ মিনিট) গোল নিশ্চিত করেছে লাল-কালোদের জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫২০ ঘ.
bdnews24