২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ ফি পাবেন জাতীয় দলের ফুটবলাররা, হচ্ছে নিরাপত্তা বীমাও

জাতীয় দলে খেলা মানে শুধু সম্মান নয়, সঙ্গে সম্মানী এবং নিরাপত্তা বীমা প্রথাও চালু হচ্ছে বাংলাদেশের ফুটবলে ! সত্যি সত্যি খেলোয়াড়রা নতুন করে আবিস্কার করতে যাচ্ছে জাতীয় ফুটবল দলকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 05:06 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জাতীয় দলে খেলা মানে শুধু সম্মান নয়, সঙ্গে সম্মানী এবং নিরাপত্তা বীমা প্রথাও চালু হচ্ছে বাংলাদেশের ফুটবলে ! সত্যি সত্যি খেলোয়াড়রা নতুন করে আবিস্কার করতে যাচ্ছে জাতীয় ফুটবল দলকে। রোববার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় খেলোয়াড়দের ম্যাচ ফি দেওয়ার কথা জানিয়েছেন, "খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়ানো এবং পেশাদারীত্ব আনার জন্য বাফুফে ম্যাচ ফি দেওয়ার কথা চিন্তা-ভাবনা করেছে। ম্যাচ ফি চালু হলে খেলোয়াড়দের কাছে জাতীয় দলের আকর্ষণও বেড়ে যাবে। যখন-তখন তারা জাতীয় দলকে উপেক্ষাও করতে পারবে না।" ক'দিন আগেই মেহেদী হাসান উজ্জ্বল জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েও খেলতে অপারগতা প্রকাশ করে বাফুফেকে চিঠি দিয়েছেন। এর আগেও এমন ঘটনা ঘটেছে। মানে জাতীয় ফুটবল দল সেভাবে টানতে পারছে না খেলোয়াড়দের। সেখানে নাই কোনো অর্থ বরং ইনজুরির ঝুঁকি থাকে সবসময়। তবে গত কয়েক বছরে টুর্নামেন্ট উপলক্ষে অনিয়মিতভাবে পাঁচ-দশ হাজার করে অর্থ দেওয়া হয়েছে খেলোয়াড়দের। এবার অবশ্য খেলোয়াড়দের অর্থ-প্রাপ্তিটা নিয়ম করে ফেলতে চাইছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাই ম্যাচ ফি প্রবর্তনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। তাদের তৈরি খসড়া অনুযায়ী প্রথম একাদশের প্রত্যেকে পাবেন ৬০ ডলার করে এবং বদলি খেলোয়াড় এবং রিজার্ভ বেঞ্চের প্রত্যেকেই পবেন ৪০ ডলার করে। ম্যাচ জিতলে থাকছে বোনাসের ব্যবস্থা, সেক্ষেত্রে প্রত্যেকেই পাবেন ২০০ ডলার করে এবং ড্র করলে অংকটা নেমে আসবে ১০০ ডলারে। তবে প্রথম বছরে ম্যাচ ফি কেটে নেওয়ার কোনো বিধান থাকছে না বলে উল্লেখ করেছেন বাফুফে সহ সভাপতি বাদল রায়। এসব খসড়া বিধি-বিধান নিয়ে ব্যবস্থাপনা কমিটি আগামী বৃহস্পতিবার সভায় বসছে, তারপর বাফুফের মূল কমিটির কাছে প্রেরণ করা হবে চূড়ান্ত অনুমোদনের জন্য। ম্যাচ ফি'র পাশাপাশি ম্যাচে খেলোয়াড়রা নিজেদের যেন উজাড় করে দিতে পারেন সেজন্য প্রত্যেক খেলোয়াড়ের বীমা করা হবে। বীমাকৃত কোনো খেলোয়াড়ের দুর্ঘটনা জনিত মৃত্যু হলে ২০ লাখ টাকা পাবে তার পরিবার, আর স্বাভাবিক মৃত্যু হলে ১০ লাখ টাকা দেবে বীমা কোম্পানি। খেলতে গিয়ে ইনজুরিতে পড়লে ৫ থেকে ৭ লাখ টাকার আর্থিক সুবিধা পাবেন প্রত্যেকে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "আমরা চাইছি জাতীয় দল মারদেকা কাপে যাওয়ার আগেই ম্যাচ ফি এবং বীমার বিষয়টা চূড়ান্ত করে ফেলতে।" আগামী ২৫ অক্টোবর থেকে মালয়েশিয়ায় শুরু হবে মারদেকা কাপ ফুটবল। এছাড়া বাফুফে জাতীয় দলের খেলোয়াড়দের জন্য একটা বেতন কাঠামো তৈরির ঘোষনা দিয়েছে বাফুফে। যেখানে বিভিন্ন গ্রেডে খেলোয়াড়দের বেতন দেওয়ার বিধান থাকবে। মানে জাতীয় দল আর হেলা ফেলার কিছু নয়, তার আকর্ষণ বাড়াতে বাফুফে নতুন নতুন উপহার নিয়ে বাফুফে হাজির হচ্ছে খেলোয়াড়দের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.