লন্ডন, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেউ জিততে পারেনি চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড লড়াইয়ে। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের এই দুই বড় দলের লড়াই শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
ম্যান ইউ জয় না পেলেও জিতেছে তাদের প্রতিবেশি ম্যানচেস্টার সিটি। দিনের অন্য এক ম্যাচে পোর্টসমাউথকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে প্রিমিয়ার লিগের 'নতুন পরাশক্তি' হয়ে ওঠা দলটি। জয় পেয়েছে ইতালির বড় ক্লাব ইন্টার মিলানও। সিরি-আ চ্যাম্পিয়নরা ৩-১ গোলে হারিয়েছে তুরিনোকে।
স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে জিততেই পারতো স্বাগতিকরা। প্রথমার্ধে যদিও পার্ক জি সুংয়ের দেওয়া গোলে এগিয়ে ছিল ম্যান ইউ, কিন্তু পুরো খেলায় চেলসিরই প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। তবে জো কোল আর নিকোলাস আনেলকারা অনেকগুলো সহজ সুযোগ নষ্ট করায় এক সময় হারের শঙ্কাও পেয়ে বসেছিল ব্লুজদের। ৮০ মিনিটে বদলি খেলোয়াড় সলোমন কালুর দেওয়া গোলে সেই শঙ্কা দূর হয়েছে, আর সে সঙ্গে নিজেদের মাঠে অপরাজিত থাকার রেকর্ডটা আরো দীর্ঘায়িত হয়েছে তাদের। স্ট্যামফোর্ড ব্রিজে এই নিয়ে ৮৫টি ম্যাচে কেউ হারাতে পারলো না চেলসিকে।
এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারিয়েছে লুই ফেলিপ স্কলারির দল। ৫ ম্যাচ থেকে ১১ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল, চার ম্যাচ থেকে গতবারের চ্যাম্পিয়ন ম্যান ইউর সংগ্রহ ৫ পয়েন্ট।
আর রোববারের ম্যাচ জিতে ৫ ম্যাচ থেকে ম্যানচেস্টার সিটির পয়েন্ট দাঁড়িয়েছে ৯।
এ ম্যাচেও তাদের পক্ষে একটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রবিনিয়ো। স্বদেশী জোকে প্রথম গোলটা বানিয়েও দিয়েছেন তিনিই। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা সিটির পক্ষে এ ছাড়া অন্য গোলগুলো করেছেন রিচার্ড ডান, শন-রাইট ফিলিপস, শেড ইভানস ও গেলসন ফার্নান্দেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০৫৮ ঘ.
bdnews24