ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঢাকা মোহামেডানের পর মুক্তিযোদ্ধাও নাকাল হয়েছে চট্টগ্রাম আবাহনীর হাতে। বড় দলের ঐতিহ্য পেছনে থাকলেও এবারের মুক্তিযোদ্ধা যে অতি সাধারণ তা আরেকবার বুঝিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনী তাদের ১-০ গোলে হারিয়ে। এই জয়ে তাদের সংগ্রহ বেড়ে হয়েছে দু' ম্যাচে ৪ পয়েন্ট।
অন্যদিকে তাদের প্রতিপক্ষ গত বি. লিগের তৃতীয় দল মুক্তিযোদ্ধা এখনো পয়েন্টের মুখ দেখেনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচে খুলনা আবাহনীর কাছে ৩-১ গোলে হারার পর শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে হেরেছে ১-০ গোলে। হারলেও গোলের ব্যবধানে ক্রমশ উন্নতির ইঙ্গিত দেয়া মুক্তিযোদ্ধা ঘরে-বাইরে নানা সংকট কাটিয়ে সেভাবে আর ফিরতে পারবে কিনা বলা মুশকিল!
শনিবার তাদের বিপক্ষে পুরো প্রথমার্ধ আধিপত্য করেছে চট্টগ্রাম আবাহনী। ২৪ মিনিটে মিঠুনের পাস আয়ত্তে নিয়ে জাহিদের নেওয়া শটটি পোস্টে লেগে না ফিরলে তখনই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে অবশ্য মুক্তিযোদ্ধা কয়েকবার চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সে হানা দিয়েছে। তার মধ্যে ৬১ মিনিটে মিলনের শট আবাহনীর গোলরক্ষকের গায়ে লেগে ফেরত আসার ঘটনাই উল্লেখযোগ্য। কিন্তু ৭৬ মিনিটে আবাহনী গোল পেয়ে যায় সাখাওয়াত হোসেনের জোরালো শটে। ডানদিক থেকে বলটা বানিয়ে দিয়েছেন মিঠুন। আর এই গোলই তিনটি মূল্যবান পয়েন্ট এনে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২২০ঘ.
bdnews24