লন্ডন, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেশ কয়েক বছর ধরেই ম্যানচেস্টার ইউনাইটেড আর চেলসির লড়াই মানেই টানটান উত্তেজনা আর তীব্র রোমাঞ্চের আমেজ। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সেই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে বহু গুণ। রোববার আরেকটি ম্যানইউ-চেলসি দ্বৈরথ নিয়ে তাই ইংলিশ ফুটবলাঙ্গন উত্তেজনায় থরথর! ইংলিশ প্রিমিয়ার লিগের মহাগুরুত্বপূর্ণ যে ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানইউকে স্বাগত জানাবে চেলসি।
টাইব্রেকারে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা চেলসির অধিনায়ক জন টেরির ব্যর্থতা, সেই ব্যর্থতাকে কাজে লাগিয়ে ম্যানইউ'র চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়, পরাজয় নিশ্চিত হওয়ার পর টেরির বুকভাঙ্গা কান্না --- প্রায় চার মাস কেটে গেলেও মস্কোতে অনুষ্ঠিত সেই ফাইনালের স্মৃতি আজো ফুটবলপিপাসুদের মনে জ্বলজ্বলে। চেলসির সামনে তাই সেদিনের ব্যর্থতার প্রতিশোধ নেয়ার হাতছানি। 'ব্লুজ'-এর জন্য সবচেয়ে বড় সুখবর টেরিকে মাঠে পাওয়া। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লালকার্ড পাওয়ায় এই ম্যাচে খেলার সুযোগ না পাওয়ারই কথা ছিল চেলসি অধিনায়কের। কিন্তু গত মঙ্গলবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) লালকার্ডের সিদ্ধান্তটা প্রত্যাহার করে নেয়ায় রোববার খেলতে কোনো সমস্যা নেই টেরির।
যদিও এফএ'র এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ ফার্গুসন। ব্যাপারটাকে তিনি মেনে নিতেই পারছেন না। ম্যানইউ কোচের ক্ষুব্ধ হওয়ার একটা বড় কারণ সম্ভবত ইদানিং তার দলের বাজে পারফরম্যান্স। গত সপ্তাহে ইংলিশ লিগে লিভারপুলের কাছে পরাজয়, বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ভিলারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র --- সময়টা একদমই ভালো যাচ্ছে না 'রেড ডেভিল'দের। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স ও ইংলিশ লিগ জয়ীদের জন্য একটাই সুখবর --- ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তন! গোড়ালির অস্ত্রোপচারের ধকল থেকে সেরে উঠে ভিলারিয়ালের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামা রোনালদোকে রোববার হয়তো শুরু থেকেই মাঠে নামাতে পারেন ফার্গুসন।
ম্যানইউ'র ঠিক বিপরীত অবস্থা চেলসির। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইংলিশ লিগে ভালো সূচনা তো করেছেই, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বোর্দোর বিপক্ষে ৪-০ গোলের অনুপ্রেরণাদায়ী জয়ও পেয়েছে 'ব্লুজ'। তাদের অনুপ্রেরণার আরেকটি উৎস কোচ লুই ফেলিপে স্কলারি। ইউরো ২০০৮ শেষে দায়িত্ব নেয়া 'বিগ ফিল'-এর অধীনে দুরন্ত গতিতেই এগিয়ে যাচ্ছে চেলসি। তবে সেই গতিতে ছেদ পড়ে কি না তা বোঝা যাবে রোববার স্ট্যামফোর্ড ব্রিজে।
স্কলারির জন্য ম্যাচটার গুরুত্ব অন্যখানেও। এবারই প্রথম তার প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনালদো! প্রায় সাড়ে পাঁচ বছর পর্তুগালের কোচ থাকা অবস্থায় রোনালদোকে শুধু কাছ থেকে দেখেনইনি। ম্যানইউ ফরোয়ার্ডের বড় তারকা হয়ে ওঠার পেছনে স্কলারির অবদানও বিশাল। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী দলের কোচের দাবী, দু জনের মধ্যে সম্পর্কটা পিতা-পুত্রের মতো। সেই সূত্রেই বিখ্যাত বৃটিশ পত্রিকা 'ডেইলি মেইল'-এর মাধ্যমে রোনালদোকে চেলসিতে যোগ দেয়ার আহ্বান জানালেন স্কলারি, "যখন পর্তুগালে ছিলাম তখন বর্ষসেরা ফুটবলার পুরস্কারের জন্য প্রত্যেক বছর তিন জন খেলোয়াড়কে পছন্দ করতে হয়েছিল আমাকে। এক বছর আমি পছন্দ করেছিলাম দিদিয়ের দ্রগবাকে। আরেক বছর লিখেছিলাম জন টেরির নাম। অন্য বছর ভোট দিয়েছিলাম ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। এখন এই তিন জন খেলোয়াড়ই আমার সঙ্গে আছে, যা আমার জন্য খুবই ভালো খবর। কে জানে, হয়তো আগামী মৌসুমে ক্রিস্টিয়ানোও (রোনালদো) আমার সঙ্গে থাকতে পারে। তাকে বলবেন সে দলবদল করতে চাইলে তার জন্য আমি দরজা খোলা রাখবো।"
প্রায় ছয় বছর আগে দু জনের প্রথম দেখা হওয়ার দিনটিতে রোনালদো ছিলেন ১৭ বছরের এক অখ্যাত তরুণ ফুটবলার। তারপর বহু পথ পাড়ি দিয়েছেন রোনালদো, গত মৌসুমে ৪২ গোল করে ম্যানইউ'র 'ডাবল' জয়ে রেখেছেন বিশাল ভূমিকা। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়েও তিনি অনেকখানি এগিয়ে। স্কলারি কিন্তু তখনই প্রতিভার ঝলক দেখতে পেয়েছিলেন রোনালদোর মধ্যে, "আমি যখন পর্তুগালে গেলাম রোনালদো তখন একেবারেই বাচ্চা, মাত্র ১৭ বছরের এক তরুণ। সে সময়ই তার মধ্যে চারিত্রিক দৃঢ়তা দেখেছিলাম। তখনই সে নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা-ভাবনা করতো। তার পর থেকে সে দারুণ উন্নতি করেছে। জাতীয় দলের চেয়ে ম্যানচেস্টারের অবদানই সেজন্য বেশি। কারণ সে বছরের ১১ মাসই কাটায় ইউনাইটেডের সঙ্গে, আর মাত্র এক মাস থাকে জাতীয় দলে। এক দিন সে ইউনাইটেড ছাড়বেই। যদিও আমি জানি না এক-দু বছর পর সে অন্য কোনো ক্লাবে যাবে কি না।"
পর্তুগাল দলে রোনালদোর সঙ্গে তার সুসম্পর্কের কথা আজো আলোড়িত করে স্কলারির হৃদয়কে। শুধু ফুটবলার রোনালদো নয়, মানুষ রোনালদোর প্রশংসাতেও পঞ্চমুখ 'বিগ ফিল', "সে (রোনালদো) আমার বন্ধু। এক জন বাবা তার ছেলেকে যেমন পছন্দ করে আমিও তাকে তেমনই পছন্দ করি। তবে তার জীবন তো সম্পূর্ণ তার নিজস্ব। আগামী মৌসুমে আমি তাকে পর্তুগালের অধিনায়ক হিসাবে দেখতে পাচ্ছি। কারণ (পর্তুগালের) মানুষও তাকে দারুণ পছন্দ করে। তার মধ্যে যথেষ্ট আত্মবিশ্বাসও আছে। সে খুব ভালো মানুষ, আর আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক। এখন সে বিশ্বের সেরা তিন ফুটবলারের মধ্যে অন্যতম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩১ঘ.
bdnews24