প্যারিস, ১৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রবিনিয়োর পর ম্যানচেস্টার সিটির পরবর্তী লক্ষ্য কী 'সিনিয়র' রোনালদো? তিন বারের বর্ষসেরা ফুটবলারের কথায় কিন্তু সেই ইঙ্গিত সুস্পষ্ট! ফ্রান্সের বিখ্যাত ক্রীড়াদৈনিক 'এল ইকুইপ'কে দেয়া এক সাক্ষাতকারে কোনো দ্বিধা ছাড়াই সে কথা জানালেন ক্রিস্টিয়ানো রোনালদোর উত্থানের কারণে ইদানিং 'সিনিয়র' বা বড় রোনালদো নামেই বেশি পরিচিত এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
এক সময়ের অবিসংবাদিত বিশ্বসেরা ফুটবলার রোনালদো অনেক দিন ধরেই ফুটবলের বাইরে। গত ফেব্র"য়ারিতে ইতালিয়ান সিরি 'আ'র একটি ম্যাচে বাঁ হাঁটুর পেশিতে সমস্যা হওয়ার পর থেকেই মাঠের বাইরে থাকা রোনালদোকে পেতে কিন্তু দারুণ আগ্রহী ম্যানচেস্টার সিটি। এসি মিলান ছেড়ে দেয়ায় রোনালদোর এখন কোনো ক্লাব নেই, আর আবুধাবির ধনকুবের সুলেইমান আল-ফাহিম কিনে নেয়ায় ম্যানচেস্টার সিটিরও টাকার অভাব নেই। রোনালদোকে পেতে সেই টাকাই খরচ করতে আগ্রহী ইংলিশ ফুটবলাঙ্গনে তোলপাড় ফেলে দেয়া ক্লাবটি। গত মঙ্গলবার সে কথা তারা জানিওয়েছে।
'এল ইকুইপ'কে রোনালদো নিজেও জানালেন সে কথা, "আমার ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। ম্যানচেস্টার সিটি গ্রেট খেলোয়াড়দের নিয়ে একটা অবিশ্বাস্য প্রকল্প বাস্তবায়নের কাজে হাত দিচ্ছে। প্রকল্পটা দীর্ঘমেয়াদী হলেও খুব শিগগিরি তার ফলাফল আসতে পারে। কারণ সিটি চাইছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ ব্যবস্থায় একটা জোরালো ঝাঁকুনি দিতে। আমরা এখন ম্যানচেস্টার সিটি সঙ্গে কথা বলছি। দেখা যাক কী হয়!"
তবে শুধু ইংল্যান্ডে নয়, ফ্রান্সে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন রোনালদো। বিশেষ করে প্যারিস সেন্ট জার্মেই বা পিএসজি'র প্রতি একটু বেশিই পক্ষপাতিত্ব এক সময়ের বিশ্বসেরা স্ট্রাইকারের, "আমি কখনো ফ্রান্সে খেলিনি। তবে সেখানে খেলতে পছন্দই করবো। আমি প্যারিসকে ভালবাসি। সেখানে আমার একটা ফ্ল্যাটও আছে। আমি প্রায়ই সেখানে যাই। পিএসজিও এখন একটা দারুণ প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত। ওরা বেশ কয়েক জন ভালো খেলোয়াড়কে দলে টেনেছে আর শিরোপা জিততে সক্ষম একটা দলও গড়ে তুলেছে।"
রোনালদোর কথাতেই পরিষ্কার মাঠে নামতে তিনি কতটা উন্মুখ। সেটা ফ্রান্স বা ইংল্যান্ড যেখানেই হোক না কেন। তবে মাঠে নামলেই তো হবে না, ভালো পারফর্মও করতে হবে। আগামী দিনগুলোতে তাই তার সামনে কঠিন চ্যালেঞ্জ। আগামী সপ্তাহে ৩২ বছর পূর্ণ করতে যাওয়া রোনালদো অবশ্য এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত, "আমি জানি এটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু ফুটবলকে আমি দারুণ ভালবাসি। আর তাই মাঠে ফেরার জন্য সব ধরনের কষ্ট আর ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। আমার মনে হয় দুই অথবা তিন মাসের মধ্যেই আবার খেলতে পারবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৩০ঘ.
bdnews24