২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগের সঙ্গে মোহামেডানের অনুপ্রেরণাদায়ী জয়

এক ম্যাচ পরেই ছন্দে ফিরেছে ফেডারেশন কাপ বিজয়ীরা। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডান রীতিমতো উড়িয়ে দিয়েছে আরামবাগকে। শুধু ৩-০ গোলেই হারায়নি তাদের, পাশাপাশি মোহামেডানের নাসির দ্রুততম গোলের রেকর্ডও করেছেন বি. লিগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এক ম্যাচ পরেই ছন্দে ফিরেছে ফেডারেশন কাপ বিজয়ীরা। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডান রীতিমতো উড়িয়ে দিয়েছে আরামবাগকে। শুধু ৩-০ গোলেই হারায়নি তাদের, পাশাপাশি মোহামেডানের নাসির দ্রুততম গোলের রেকর্ডও করেছেন বি. লিগে। প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে মোহামেডান বি. লিগ যাত্রা শুরু করেছিল। ওই ম্যাচের সঙ্গে তাদের বৃহস্পতিবারের ম্যাচ একেবারেই মেলানো যাচ্ছে না। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে তারা আক্রমণের বন্যা বইয়ে দিয়েছে আরামবাগের গোলমুখে। একসঙ্গে আক্রমণে উঠেছে-নেমেছে, এবং সবচেয়ে বড় কথা সাদা-কালোদের শরীরি-ভাষাতেই স্পষ্ট হয়ে উঠেছে বড় জয়ের তাড়না। হয়তো যেখানে দলের গলদ ছিল সেই ব্যবস্থাপনা পর্ষদ প্রাণ সঞ্চার করেছে খেলোয়াড়দের মধ্যে। প্রথম ম্যাচ ড্র করার পর ব্যবস্থাপনা পর্ষদের 'গলদের' কথাই উল্লেখ করেছিলেন মোহামেডান কোচ মারুফুল হক। সোজা ভাষায় গলদটা হচ্ছে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া পড়ে যাওয়া! যদিও মোহামেডান কর্মকর্তারা কখনোই তা সরাসরি স্বীকার করেননি। অবস্থার যে খানিকটা পরিবর্তন হয়েছে তা ম্যাচের প্রথম মিনিটেই বুঝিয়ে দিয়েছে মোহামেডান। ৪৫ সেকেন্ডের মাথায় গোল করে দ্রুততম গোলের রেকর্ড করেছেন নাসির হোসেন। আসলে গোলটা রবিনের নামের পাশেই ভাল মানাতো। বাঁ দিক থেকে ফয়সালের পাঠানো ক্রস ধরেই রবিন এক ঝটকায় পাশের ডিফেন্ডারকে সরিয়ে দুর্দান্ত এক শট নেন পোস্টে। কিন্তু আরামবাগের এক ডিফেন্ডারের গায়ে লেগে তা দিক পরিবর্তন করলে দূরের পোস্টের পাশে দাঁড়ানো নাসির টোকা দিয়ে দ্রুততম গোলের রেকর্ডের মালিক হয়ে যান। ১৩ মিনিটে অবশ্য রবিন ঠিকই গোল পেয়েছেন। বুকোলার থ্রুতে বিভ্রান্ত আরামবাগ গোলরক্ষক পিরুকে সহজেই পরাস্ত করেছেন মোহামেডানের এই তরুণ স্ট্রাইকার। ১৩ মিনিটের মধ্যে দুই গোল হজম করেই আরামবাগ মানসিকভাবে হেরে গেছে। প্রথমার্ধে বিদেশী খেলোয়াড় নিকোডিমাসের ক্রসবারে বাতাস লাগানো একটা শট ছাড়া আর খুঁজেই পাওয়া যায়নি তাদের। অন্যদিকে মোহামেডানের আক্রমণভাগ তখন আত্মবিশ্বাসে টগবগ করছে। তছনছ হয়ে যাওয়া আরমাবাগের ডিফেন্সে হানা দিলেই জাগছে গোলের সম্ভাবনা। ৪০ মিনিটে নাসিরের মাইনাস বুকোলার পায়ে পড়ার পর ব্যবধান বাড়ানোর দারুণ একটা সুযোগ এসেছিল মোহামেডানের সামনে। সে যাত্রায় আরামবাগের ডিফেন্ডার মোস্তফা কাবা কোনোরকমে রক্ষা করেছেন দলকে। কিন্তু ৫২ মিনিটে ডিফেন্ডার ফরহাদ হোসেন হয়ে গেছেন তৃতীয় গোলের উৎস ! মোহামেডানের মিশরী মিডফিল্ডার হাজেম খালেদের কর্ণারে আরমান আজিজের শট ফরহাদের পায়ে লেগে নিজেদের পোস্টে ঢুকে গেলে ৩-০ গোলে এগিয়ে যায় ঢাকা মোহামেডান। এটা চূড়ান্ত স্কোরলাইন হয়ে গেলেও চতুর্থ গোল খাওয়ারও উপক্রম হয়েছিল আরামবাগের। আর সেই সম্ভাবনা তৈরি করেন রেফারি আব্দুল হান্নান মিরণ ! ৫৯ মিনিটে আরামবাগের মোস্তফা কাবা বল দখলের লড়াই করছিলেন বুকোলার সঙ্গে। এরই ফাঁকে বুকোলা গোলে শট নেন এবং বল আরামবাগের গোলরক্ষকের হাতে পৌঁছেও যায়। কিন্তু হঠাৎ রেফারি মিরণের বাঁশিতে পেনাল্টির সংকেত। কারণ শট নিয়ে মোহামেডানের নাইজেরিয়ান স্ট্রাইকার পড়ে গেছেন ! যদিও পরে তার নেওয়া পেনাল্টি শট ঠেকিয়েছেন গোলরক্ষক পিরু। মিরণের এই বিতর্কিত সিদ্ধান্তে আরামবাগের তেমন ক্ষতি-বৃদ্ধি না হলেও আত্মবিশ্বাস রীতিমতো তলানীতে গিয়ে ঠেকেছে এই ম্যাচে। আর ম্যাচের তিন পয়েন্টসহ মোহামেডান পেয়েছে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তারাই এখন পয়েন্ট তালিকার শীর্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৩০ঘ.