২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ সচল করতে বাফুফের উদ্যোগ

সরকার-বর্জিত অচল ডিএফএ ও ডিভিএফএ-গুলোকে সচল করতে বাফুফে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার উদ্যোগ নিয়েছে। বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত নবগঠিত ডিএফএ সভাপতিদের সঙ্গে বাফুফে কর্তাদের মত বিনিময় অনুষ্ঠানে এই সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সরকার-বর্জিত অচল ডিএফএ ও ডিভিএফএ-গুলোকে সচল করতে বাফুফে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার উদ্যোগ নিয়েছে। বুধবার বাফুফে ভবনে অনুষ্ঠিত নবগঠিত ডিএফএ সভাপতিদের সঙ্গে বাফুফে কর্তাদের মত বিনিময় অনুষ্ঠানে এই সিদ্ধান্ত হয়েছে। বাফুফের বিগত কমিটির আমলে কয়েকজন কর্মকর্তার প্ররোচনায় গঠন করা হয়েছিল ডিএফএ (জেলা ফুটবল সংস্থা) ও ডিভিএফএ (বিভাগীয় ফুটবল সংস্থা)। এএফসি থেকে অনুমোদন করিয়ে নিয়ে আসা এসব সংগঠনের গঠনতন্ত্রের দূর্বল দিক ছিল কমিটিতে সরকারি কর্মকর্তাদের একেবারেই না রাখার বিধান। অথচ জেলার বড় কর্তা জেলা প্রশাসক, তিনিই আবার জেলা ক্রীড়া পরিষদের (ডিএসএ) সভাপতি। আর ডিএসএ-এর অধীনেই যেহেতু জেলার মাঠ তাই ডিএফএ-এর পক্ষে ফুটবল খেলার মাঠের ব্যবস্থা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং নতুন করে ডিএসএ - ডিএফএ দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে বিভিন্ন জায়গায়। গঠনের সময়েই এসব আশংকার কথা বিভিন্ন মহল থেকে বলা হলেও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালু আমলে নেননি। তার বাফুফে নির্বাচনী বৈতরনী পার হওয়ার একটা কৌশলই ছিল সরকার বিবর্জিত ডিএফএ গঠন। অনন্যোপায় হয়ে এখন বাফুফের নতুন কমিটি সরকারি কর্মকর্তাদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে। বাফুফে সদস্য শফিকুজ্জামান বলেছেন, "আসলে খেলা চালাতে গেলে প্রশাসনকে দরকার হয়। সেজন্য ডিএফএ-এর একটি উপদেষ্টা কমিটি গঠন করার প্রস্তাব এসেছে আজকের সভায়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, ডিএফএ সভাপতি ও ডিএসএ সাধারণ সম্পাদককে নিয়ে গঠিত হবে উপদেষ্টা কমিটি। তারা জেলায় ফুটবল চালাতে বিভিন্নভাবে সহযোগিতা করবে ডিএফএ- কে।" এই প্রস্তাব শীঘ্রই জাতীয় ক্রীড়া পরিষদে পাঠানো হবে। এছাড়া বাফুফে সভাপতি প্রত্যেক জেলা ফুটবল সংস্থাকে আর্থিক অনুদান দেওয়ারও ঘোষণা দিয়েছেন। শফিকুজ্জামান জানিয়েছেন, "প্রায় ৫০ জনের মতো ডিএফএ সভপতি এসেছেন সভায়। ফুটবল চালানোর জন্য বাফুফের কাছে অর্থ সাহায্য চাওয়ার আগেই সভাপতি স্বাগত ভাষণে প্রত্যেক ডিএফএ ও ডিভিএফএ-কে অর্থ দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.