২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুতে হোঁচট খেল ব্রাদার্সও

ফুটসাল আর বি. লিগ যে এক নয়, তা প্রথম ম্যাচেই বুঝে গেছে ব্রাদার্স ইউনিয়ন। ফুটসালে চ্যাম্পিয়ন হওয়া এই দলটি চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সিটিসেল বি. লিগ শুরু করেছে। অর্থাৎ ঢাকা আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধার মতোই তারা হোঁচট খেল লিগের শুরুতেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফুটসাল আর বি. লিগ যে এক নয়, তা প্রথম ম্যাচেই বুঝে গেছে ব্রাদার্স ইউনিয়ন। ফুটসালে চ্যাম্পিয়ন হওয়া এই দলটি চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে সিটিসেল বি. লিগ শুরু করেছে। অর্থাৎ ঢাকা আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধার মতোই তারা হোঁচট খেল লিগের শুরুতেই। অবশ্য এবারের ব্রাদার্স তেমন শক্তিশালী নয় কাগজে-কলমে। মাঠেও তার প্রমাণ মিলেছে বুধবার। গত লিগে তাদের কাছে দুটো ম্যাচেই হেরে যাওয়া চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে লড়াইয়ের ময়দানে মোটেও সুবিধা করতে পারেনি। উল্টো প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়েও পড়েছিল। তা শোধ করে খেলায় ফিরে এলেও এক মৌসুম আগের শক্তিশালী দলটির আক্রমণে দ্বিতীয় গোল আদায় করে নেওয়ার মতো ধার ছিল না। ব্রাদার্স গোল খেতে পারতো ১৯ মিনিটের মাথায়। ডি বক্সের ওপর থেকে নেওয়া চট্টগ্রাম মোহামেডানের কায়সারের শট গোলরক্ষক শাকিলের হাত ফসকে গেলে রাফায়ালের টোকা গোলমুখী যাত্রা শুরু করলে ব্রাদার্স অধিনায়ক আমিত খান শুভ্র কোনোরকমে ঠেকিয়েছেন। ৩৪ মিনিটে কেউ আর ঠেকানোর সুযোগ পাননি। ডানদিক থেকে প্রদীপ ব্রাদার্সের গোলমুখে একটি লম্বা বল ফেলেন, চমৎকার ভলিতে তা জালের জড়িয়ে দেন মোহামেডানের গিনির স্ট্রাইকার রাফায়েল। এরপর ৪২ মিনিটে গিনির মিডফিল্ডার কামারার বানিয়ে দেওয়া বলে আকবর হোসেন রিদনের শট পোস্ট ঘেঁষে বাইরে না গেলে সর্বনাশের কিনারায় পৌঁছে যেতো ব্রাদার্স। তাই ম্যাচে ফেরাটা তাদের জন্য সহজ হয়ে গেছে। প্রথামার্ধের শেষ মিনিটেই তারা ফেরে মিশেলের সুন্দর এক গোলে। বাঁদিক থেকে শাকিল আহমেদের কর্ণারে অরূপ বৈদ্যর হেড পোস্টের বাইরে দিয়ে যাওয়ার আগে এই নাইজেরিয়ানের চমৎকার ব্যাকহিল ব্রাদার্স শিবিরে আচমকা স্বস্তি ফিরিয়ে আনে। এরকম গোল সাধারণত টিভিতে দেখা যায়, শেষ মুহূর্তে চোখ ধাঁধানো পায়ের কাজ দিয়ে অপ্রত্যাশিত এই গোলে ব্রাদার্স চাঙ্গা হয়ে উঠেছিল। কিন্তু সেটা ছিল সাময়িক। কারণ এরপর চট্টগ্রাম মোহামেডানের ডিফেন্সে হানা দিলেও তারা উল্লেখ করার মতো সুযোগ তৈরি করতে পারেনি। বরং ৮৩ মিনিটে পেনাল্টির লোভে ডাইভ দিয়ে আতিকুর রহমান মিশুকে মাঠ ছাড়তে হয়েছে দ্বিতীয় হলুদ কার্ড দেখে। ম্যাচ শেষে রেফারি তৈয়ব হাসানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন ব্রাদার্স ম্যানেজার আমের খান, "মিশু ইচ্ছা করে ডাইভ দেয়নি, রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছেন।" আর তাদের খারাপ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের ইনজুরিকে দায়ি করেছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২৫ঘ.