ব্রাসেলস, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রুমানিয়ার চ্যাম্পিয়ন হলেও ফুটবল দুনিয়ায় তেমন পরিচিতি নেই সিএফআর ক্লুজের। অথচ সেই 'অপরিচিত' দলটি চ্যাম্পিয়ন্স লিগে তাদের অভিষেক ম্যাচেই চমকে দিল সবাইকে। মঙ্গলবার ইতালিয়ান রানার্সআপ এএস রোমার বিপক্ষে ক্লুজের ২-১ গোলের জয় নিঃসন্দেহে বিশাল এক অঘটন। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনে আর বড় কোনো চমক নেই। প্রত্যাশিতভাবেই জিতেছে চার পরাশক্তি চেলসি, লিভারপুল, বার্সেলোনা ও ইন্টার মিলান।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে ক্লুজের জয়ের নায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান কুলিও। রুমানিয়ান চ্যাম্পিয়নদের দুটো গোলই তার। ১৬ মিনিটে ক্রিস্টিয়ান পানুচ্চি স্বাগতিকদের এগিয়ে দিলেও ২৮ ও ৪৯ মিনিটে কুলিও গোল করে চমকপ্রদ জয় এনে দিয়েছেন ক্লুজকে।
চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে টাইব্রেকারে হেরে যাওয়া চেলসি পেয়েছে বড় জয়। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে তারা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্রান্সের বোর্দোকে। 'ব্লুজ'-এর চার গোলদাতা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, জো কোল, ফ্লোরেন্ত মালুদা ও নিকোলাস আনেলকা।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে জিতেছে বার্সেলোনাও। গত তিন ম্যাচে হেরে চাপের মধ্যে থাকা 'বার্সা' ৩-১ গোলে হারিয়েছে পর্তুগালের স্পোর্টিং লিসবনকে। ২১ মিনিটে রাফায়েল মার্কেজ, ৬০ মিনিটে পেনাল্টি থেকে স্যামুয়েল এ'তো এবং শেষ বাঁশির মিনিট তিনেক আগে জাভির গোল পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে বার্সেলোনাকে। ৭২ মিনিটে স্পোর্টিং লিসবনের সান্ত্বনাসূচক গোলদাতা টনেল।
লিভারপুল ও ইন্টার মিলান তিনটি মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরেছে প্রতিপক্ষের মাঠ থেকে। মার্সেইয়ে ২৩ মিনিটে লরিক কানার গোলে পিছিয়ে পড়লেও অধিনায়ক স্টিভেন জেরার্ড তিন মিনিট পর দূরপাল্লার এক দুর্দান্ত শটে সমতায় নিয়ে আসেন লিভারপুলকে। ৩২ মিনিটে পেনাল্টি থেকে 'অলরেড'দের দ্বিতীয় এবং জয়সূচক গোলটিও জেরার্ডের।
এথেন্সের অলিম্পিক স্টেডিয়ামে প্যানাথিনাকোসের বিপক্ষে ইন্টার মিলানের জয়টা এসেছে ২-০ গোলে। ২৭ ও ৮৫ মিনিটে ইতালিয়ান চ্যাম্পিয়নদের দুই গোলদাতা মানচিনি ও আদ্রিয়ানো। প্রতিপক্ষের মাঠে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। পিএসভি আইন্দহোভেনকে তারা হারিয়েছে ৩-০ গোলে। ৯ ও ৩৬ মিনিটে দুই গোল করেছেন সার্জিও অ্যাগুয়েরো, ৫৪ মিনিটে শেষ গোলটা মানিশের।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের বাকি দুই ম্যাচে শাখতার দোনেৎস্ক ২-১ গোলে বাসেলকে হারিয়েছে আর ওয়ার্ডার ব্রেমেন গোলশূন্য ড্র করেছে আনোরথোসিস ফামাগুস্তার সঙ্গে। ক্লুজের মতো জয় না পেলেও ফামাগুস্তার কৃতিত্বও কম নয়। সাইপ্রাসের প্রথম দল হিসাবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে এসে অভিষেক ম্যাচেই জার্মান পরাশক্তি ব্রেমেনকে রুখে দেয়া নিঃসন্দেহে বিরাট কৃতিত্ব। এবং সেটাও আবার ব্রেমেনেরই মাঠে!
এক নজরে মঙ্গলবারের ফল
-------------------------
'এ' গ্র"প
চেলসি ৪ - বোর্দো ০
এএস রোমা ১ - সিএফআর ক্লুজ ২
'বি' গ্র"প
প্যানাথিনাইকোস ০ - ইন্টার মিলান ২
ওয়ার্ডার ব্রেমেন ০ - আনোরথোসিস ফামাগুস্তা ০
'সি' গ্র"প
বার্সেলোনা ৩ - স্পোর্টিং লিসবন ১
বাসেল ১ - শাখতার দোনেৎস্ক ২
'ডি' গ্র"প
পিএসভি আইন্দহোভেন ০ - অ্যাটলেটিকো মাদ্রিদ ৩
মার্সেই ১ - লিভারপুল ২
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪৭ঘ.
bdnews24