ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- মৌসুমের শুরু থেকেই স্পষ্ট মুক্তিযোদ্ধার দূর্বলতা। সেটা সিটিসেল বি. লিগে আরো নির্মমভাবে প্রকাশিত যখন প্রথম বি. লিগে তৃতীয় হওয়া দলটি ৩-১ গোলে হেরে যায় গত লিগের নয় নম্বর দল খুলনা আবাহনীর কাছে। চ্যাম্পিয়ন আবাহনীর হারের পর দ্বিতীয় দিনে ড্র করেছিল রানার্স আপ মোহামেডান। এবার তৃতীয় হওয়া দলেরও হার, যার মানে শীর্ষ তিন দলের কেউই জয় দিয়ে শুরু করতে পারল না এবারের বি. লিগ।
সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঘটেছে এই অঘটন। অর্থাভাব ও সাংগঠনিক দুর্বলতায় ক্ষয়ে যাওয়া মুক্তিযোদ্ধার এই দুর্গতির খবর চাউড় হয়ে যাওয়ার পর এটাকে আর অঘটন বলা যাবে কিনা কে জানে। দল গঠন নিয়েই যেখানে অনিশ্চয়তা সেখানে ভয়াবহ পরিণতি তো একরকম অনুমিতই।
অথচ গত বছর প্রথম পেশাদার লিগে মুক্তিযোদ্ধার কাছে একটি ম্যাচে হেরেছে খুলনা আবাহনী এবং অন্যটি ড্র করেছে। এবার মৌসুম শুরুর টুর্নামেন্ট ফেডারেশন কাপেও খুলনার এই দলটিকে ১-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা। লিগের প্রথম ম্যাচে তারা সেই কর্তৃত্ব দেখাতে পারেনি। যে কারণে প্রথমার্ধে এক গোল করেও তারা দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করেছে।
৪১ মিনিটে তারা এগিয়ে গিয়েছিল রোকনুজ্জাম কাঞ্চনের গোলে। খুলনা আবাহনীর অফসাইডের ফাঁদ গলে বেরিয়ে এই স্ট্রাইকার পরাস্ত করেন নাহিদ উদ্দিনকে। কাছের পোস্টে দাঁড়িয়েও আবাহনীর এই গোলরক্ষক শটটি ঠেকানোর ন্যূনতম চেষ্টা করেননি।
মজার ব্যাপার হচ্ছে, নিজাম মজুমদারের নির্বুদ্ধিতায় দ্বিতীয়ার্ধে শোধ হয়ে যায় এই গোল। ৫৩ মিনিটে আশিকুল ইসলামের শটের বাউন্স বুঝতে না পেরে মুক্তিযোদ্ধার এই গোলরক্ষক বুক দিয়ে ঠেকিয়েছেন বল; তারপর গ্রিপে নিতে যাবেন এমন সময় মেহেদী হাসানের টোকায় বল জড়িয়ে যায় জালে। এই গোলে তার সুযোগ সন্ধানী চরিত্র প্রকাশ পেলেও দ্বিতীয় গোলে আছে এই তরুণ স্ট্রাইকারের প্রতিভার স্ফুরণ। ৭৮ মিনিটে মঞ্জুরুলের পাস আয়ত্তে নিয়ে ডানদিক থেকে মেহেদী কোনাকুনি শটে ২-১ গোলে এগিয়ে দিয়েছেন খুলনা আবাহনীকে। এর আগে তৃতীয় বিভাগে ১৭ গোল এবং প্রথম বিভাগে অগ্রণী ব্যাংকের হয়ে ১৩ গোল করে মেহেদী উঠতি স্ট্রাইকার হিসেবে এক ধরনের স্বীকৃতি পেয়ে গেছেন। সেটা আরো জোরদার হতো পেশাদার লিগের প্রথম ম্যাচে তার হ্যাটট্রিকটা হয়ে গেলে। হয়নি, ৯০ মিনিটে তার বাঁ পায়ের শটটি নিজাম মুজমদারকে ফাঁকি দিলেও গোল-লাইন থেকে ফিরিয়ে দিয়েছেন এক ডিফেন্ডার। অবশ্য ৮৬ মিনিটে তার দেওয়া ক্রসেই কাজী মঞ্জুরুল হেড করে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন।
খুলনা আবাহনীর এই জয়কে অনেকটা কৌশলের জয় হিসেবেই ব্যাখ্যা দিয়েছেন তাদের কোচ শেখ হেমায়েত। তিনি যেভাবে বলেছেন, "ফেডারেশন কাপে তাদের বিপক্ষে একটি ম্যাচ খেলেছি আমারা। তাই এই ম্যাচে আমার কৌশল ছিল প্রথমার্ধে রক্ষনাত্মক থেকে দ্বিতীয়ার্ধে আক্রমণে যাওয়ার। খেলোয়াড়রা সেই অনুযায়ী খেলতে পেরেছে।" ওদিকে মুক্তিযোদ্ধার কৌশল ঠিক করারই অবকাশ নেই, তাদের কোচ আল আজগর নাসিরের কথা অনুযায়ী দিন চারেক প্র্যাকটিস হয়েছে কেবল। চুক্তির মাত্র ৫শতাংশ টাকা দিয়ে খেলোয়াড়দের প্র্যাকটিসে নিয়ে যাওয়া সত্যিই কঠিন!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৪৫ঘ.
bdnews24