২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের টানা দ্বিতীয় হার, জিতেছে রিয়াল

ইউরোপিয়ান ফুটবলে 'বামন'দের 'দৈত্য'বধপর্ব চলছেই। শনিবার পালের্মোর কাছে রোমার হারের পর রোববার ইতালিয়ান সিরি-আ'তে অঘটনের শিকার হয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন এসি মিলান। জেনোয়ার কাছে ০-২ গোলে হেরে টানা দ্বিতীয় ম্যাচ হারার তিক্ত স্বাদ পেয়েছে তারা। আরেকটু হলেই সে পথেই হাঁটতে পারতো স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। প্রথম ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চমক জাগানো নুমানসিয়া রিয়ালের বিপক্ষে দু দুবার এগিয়ে গিয়েও সেটা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত, চ্যাম্পিয়নরাই ম্যাচটা জিতেছে ৪-৩ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

মাদ্রিদ, ১৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপিয়ান ফুটবলে 'বামন'দের 'দৈত্য'বধপর্ব চলছেই। শনিবার পালের্মোর কাছে রোমার হারের পর রোববার ইতালিয়ান সিরি-আ'তে অঘটনের শিকার হয়েছে আরেক সাবেক চ্যাম্পিয়ন এসি মিলান। জেনোয়ার কাছে ০-২ গোলে হেরে টানা দ্বিতীয় ম্যাচ হারার তিক্ত স্বাদ পেয়েছে তারা। আরেকটু হলেই সে পথেই হাঁটতে পারতো স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। প্রথম ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চমক জাগানো নুমানসিয়া রিয়ালের বিপক্ষে দু দুবার এগিয়ে গিয়েও সেটা ধরে রাখতে পারেনি শেষ পর্যন্ত, চ্যাম্পিয়নরাই ম্যাচটা জিতেছে ৪-৩ গোলে। রিয়াল জিতলেও ভ্যালেন্সিয়া জিততে পারেনি, তারকার স্ট্রাইকার ডেভিড ভিয়ার গোলে সমতা ফিরিয়ে আলমেইরার সঙ্গে ২-২ ড্র করেছে তারা। তবে এই ড্রয়ের পরও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা, সমান ৪ পয়েন্ট নিয়ে আলমেইরা আছে ভ্যালেন্সিয়ার ঠিক পেছনেই। জাতীয় দলের আরেক তারকা লুই গার্সিয়ার দেওয়া একমাত্র গোলে রিয়াল ভ্যালাদোলিদকে হারিয়ে পুরো ছয় পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে এস্পানিয়ল। রিয়ালের সংগ্রহ ৩, আর তাদের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মাত্র ১। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের শুরুটা হয়েছিল ভুলে যাওয়ার মতোই। সপ্তম মিনিটেই পিছিয়ে পড়েছিল তারা। কর্নার থেকে ফাঁকায় বল পেয়ে হুয়ান কার্লোস মরেনোর হেড নুমানসিয়াকে এনে দিয়েছিল স্বপ্নের লিড। ১৯ মিনিটে গুতির দূরপাল্লার শট নুমানসিয়ার এক ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢুকে গেলে সমতায় ফেরে রিয়াল। কিন্তু তিন মিনিট পরেই আবার এগিয়ে যায় নুমানসিয়া। ২০ মিটার দূর থেকে আচমকা শটে রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে বোকা বানান হোসে বার্কেরো। তবে নবাগতদের এই আনন্দও বেশিক্ষণ স্থায়ি হয়নি, দু মিনিট পরেই আবার সমতায় ফিরেছে রিয়াল। রুড ফন নিস্টলরয়ের পাস থেকে গনজালো হিগুয়েনের গোলের পরই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় রিয়ালের হাতে। ৩৪ মিনিটে রাফায়েল ফন ডার ফার্টের গোলে এগিয়ে যায় তারা আর বিরতির বাঁশি বাজার ঠিক আগে কর্নারের বল ক্লিয়ার করতে গিয়ে ডিফেন্ডার সিসমার হেড নিজেদেরই জালে ঢুকে গেলে নিভে যায় নুমানসিয়ার আশা। তবে দ্বিতীয়ার্ধে দারুণ লড়াই করেছে তারা, ৫৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমিয়েছেন মরেনো, আর ইনজুরি সময়ে গোর্কা ব্রিট একটা সহজ সুযোগ নষ্ট না করলে রিয়ালের অবস্থাও হতে পারতো বার্সেলোনার মতোই। কাকা, আন্দ্রেই শেভচেঙ্কো আর রোনালদিনিয়োর মতো তারকাদের নিয়েও টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেছে মিলান। আক্রমণভাগের এই ত্রয়ীকে বোতলবন্দি করে রেখেছে জেনোয়ার ডিফেন্স, আর মাঝে মাঝে পাল্টা আক্রমণ চালিয়ে উল্টো তারাই পেয়ে গেছে সাফল্যের দেখা। ৩০ মিনিটে গ্যাব্রিয়েল মিলিতো পাস থেকে জিউসেপ্পে স্কুলির গোলে এগিয়ে গেছে তারা। আর ইনজুরি সময়ে পাওয়া পেনাল্টি থেকে জেনোয়ার দ্বিতীয় গোলটি করেছেন মিলিতোই। সিরি-আ'র অন্য এক ম্যাচে রোববার ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যামোরির দেওয়া একমাত্র গোলে উদিনেসকে হারিয়ে জুভেন্টাস পেয়েছে মৌসুমের প্রথম জয়। আর সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে লাৎসিও। এদিন জয় পেয়েছে ন্যাপোলি আর আটলান্টাও। বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়ে আটলান্টাও পেয়েছে টানা দ্বিতীয় জয়, আর ফিওরেন্টিনার বিপক্ষে ন্যাপোলি জিতেছে ২-১ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬০০ ঘ.