ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঢাকা মোহামেডানেরও হতাশাব্যঞ্জক শুরু হয়েছে সিটিসেল বি. লিগে। তার মধ্যেও স্বস্তি ঢাকা আবাহনীর মতো ৩ পয়েন্ট হারায়নি তারা, ৯০ মিনিটে গোল শোধ করে কোনোরকমে ১-১ গোলে ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে।
এটাকে চট্টগ্রাম আবাহনী 'বড় সাফল্য' হিসেবে দেখলেও ম্যাচে কিন্তু আধিপত্য করেছে মোহামেডান। তাদের খেলায় গতি, আক্রমণ সবই ছিল। বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও তারা চট্টগ্রাম আবাহনীর পাঁচ ডিফেন্ডারকে ফাঁকি দিতে পারেনি বেশিরভাগ সময়। এই ব্যর্থতা শেষে ৯০ মিনিটে বুকোলার পেনাল্টি গোলে সাদাকালোরা হার এড়াতে পেরেছে। মজার ব্যাপার হচ্ছে প্রার্থিত জয় না পেয়েও মোহামেডান কোচ মারুফুল হক ক্ষুব্ধ না হয়েই বলেছেন, "আমার দল ভাল খেলেছে।" তাহলে জয় বঞ্চিত হওয়ার কারণ ? "আমাদের খেলোয়াড়দের মনঃসংযোগের ঘটতি ছিল। এজন্য দায়ী সিস্টেম এবং টিম ম্যানেজমেন্ট।" কারণগুলো কোচ খোলসা না করলেও ফেডারেশন কাপ জয়ী দলের খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া থাকার খবর লিগ শুরুর অগে থেকেই শোনা যাচ্ছিল। এর জেরে বিদেশীরা প্র্যাকটিসও বয়কট করেছেন! এজন্যই কী খেলায় তাদের মনঃসংযোগের অভাব হয়েছে?
হোঁচট খেলেও মোহামেডান সমর্থকদের অতো দুশ্চিন্তার কিছু নেই। কারণ ফেডারেশন কাপের শুরুতেও মোহামেডান দুর্বার ছিল না। খেলোয়াড়রা ঠিকঠাকমতো জ্বালানী পেলে নিশ্চয় জ্বলে উঠবে। ২৩ মিনিটে শরীফের ক্রসে রবিন ভালভাবে মাথা লাগাতে পারলে হয়তো তখনই ম্যাচের চরিত্র পাল্টে যেতো। ৪০ মিনিটে বুকোলা পেয়েছিলেন এরকম আরেকটি সুযোগ। ডানদিক থেকে নাসিরের পাঠানো ক্রসে এই নাইজেরিয়ানের ভলিটি এক ডিফেন্ডারের গায়ে লাগায় বেঁচে যায় আবাহনী।
প্রথমার্ধ পার করে দেয়ার পর চট্টগ্রাম আবাহনী আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং দ্বিতীয়ার্ধে কয়েকবার মোহামেডানের ডিফেন্সে হানা দিয়ে বসে। কিন্তু ৫৭ মিনিটে মোহামেডানের গোলমুখে নেপালী স্ট্রাইকার সন্তোষের ব্যাকহিলটা মিথুন বুঝতেই পারেনি। ৮১ মিনিটে আর সেই ভুল করেননি মিথুন, বরং পুরো মুভে তিনি দারুন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আগুয়ান গোলরক্ষক আমিনুলের মাথার ওপর দিয়ে পোস্টে পাঠিয়ে দেন বল। এতে অবশ্য দায় আছে জুয়েল রানার। সন্তোষের থ্রুয়ের গতি বেশি ভেবে বলের জন্য আর দৌঁড়াননি মোহামেডানের এই 'বুড়ো' ডিফেন্ডার। তিনি হয়তো ভাবতেও পারেননি তরুণ মিথুন দৌড়ে তা আয়ত্তে নিয়ে নেবে, তারপর আমিনুল পোস্ট ছেড়ে বেরিয়ে এসেও সর্বনাশ ঠেকাতে পারেননি।
তারপর মোহামেডান গোলের জন্য হন্যে হয়ে উঠে। এবং বারবার চট্টগ্রাম আবাহনীর ডিফেন্সে হানা দিয়ে শেষপর্যন্ত পেনাল্টি আদায় করে নেয়। ৯০ মিনিটে ভুলটি করেছেন নেপালি লোকবন্ধু, মোহামেডানের রবিনকে পেছন থেকে হাতে টান দিয়ে। অবধারিত এই পেনাল্টি থেকে গোল করেছেন বুকোলা ওলালিকান। যে গোল হাজার-খানেক মোহামেডান সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দিয়েছে এবং মোহামেডানকে অন্ততঃ পয়েন্ট শূন্য ঢাকা আবাহনীর উপরে রেখেছে।
তাতে অবশ্য চট্টগ্রাম আবাহনীর আনন্দের তেমন হেরফের হয়নি। প্রথম বি. লিগে যারা দু-দুবার ঢাকা মোহামেডানের কাছে হেরেছে তাদের কাছে এই ড্র বিশাল এক অর্জনই। চট্টগ্রাম আবাহনীর কোচ আবুল কাশেম বলেছেন, "অমারা ড্রয়ের টার্গেট নিয়েই নেমেছিলাম। খেলোয়াড়রা কৌশল অনুযায়ী খেলতে পারায় আমি খুশী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি /এমএম/২১০০ঘ.
bdnews24