মাদ্রিদ/লন্ডন/রোম, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত দু মৌসুমে ব্যর্থতার জন্যই ফ্র্যাঙ্ক রাইকার্ডের ওপরে আর আস্থা রাখতে পারেনি বার্সেলোনা। রাইকার্ডকে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে পেপ গার্ডিওলাকে। কিন্তু গার্ডিওলার অধীনে এখনো পর্যন্ত সাফল্যের দেখা পেতে ব্যর্থ স্প্যানিশ ফুটবলের পরাশক্তিরা। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় নিজেদের প্রথম ম্যাচে নবাগত নুমানসিয়ার কাছে হেরে যাওয়া বার্সেলোনা শনিবার ঘরের মাঠেও জিততে পারেনি রেসিং সান্তানদারের সঙ্গে। ন্যু ক্যাম্পে 'বার্সা'কে ১-১ গোলে রুখে দিয়েছে সান্তানদার।
স্প্যানিশ লিগের আরেক শিরোপাপ্রত্যাশী অ্যাটলেটিকো মাদ্রিদ ড্র-ও করতে পারেনি। ১০ জনের ভ্যালাদোলিদকে পেয়েও তারা হেরে গেছে ১-২ গোলে। তবে সেভিয়া কোনো ভুল করেনি। ৭ গোলের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ৪-৩এ হারিয়েছে আরেক নবাগত স্পোর্টিং গিজনকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেকটা ভালো হয়নি রবিনিয়োর। তার দল ম্যানচেস্টার সিটি ১-৩ গোলে হেরে গেছে চেলসির কাছে। আর ইতালিয়ান সিরি 'এ' তে ইন্টার মিলান ক্যাটানিয়াকে হারালেও পালেরমোর কাছে হেরে গেছে এএস রোমা।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে ৭১ মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দিলেও গোলটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬ মিনিট পর এজেকুইয়েল গ্যারের ফ্রিকিক থেকে ম্যাচে সমতা ফিরিয়ে এনেছেন জোনাথন পেরেইরা। পুরো দ্বিতীয়ার্ধ অজস্র আক্রমণ করলেও 'বার্সা' পারেনি আরেকটি গোল করে নতুন কোচকে লিগে প্রথম জয় উপহার দিতে। দুই পয়েন্ট নষ্ট করার হতাশার পাশাপাশি বার্সেলোনার জন্য দুঃসংবাদ আলেকসান্দর হ্লেবের ইনজুরি। বিরতির ঠিক আগে গোড়ালিতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে বেলারুশের মিডফিল্ডারকে।
সেভিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করেও দলকে জয় এনে দিতে পারেননি বিলিচ। ১৮ ও ২০ মিনিটে এই ক্রোয়েশিয়ান স্ট্রাইকারের লক্ষ্যভেদ সেভিয়ার মাঠে ২-০ গোলের লিড এনে দিয়েছিল গিজনকে। তবে ২২ মিনিটে চেভানটন এবং ৩৬ ও ৩৭ মিনিটে ক্যানুটে ও মারেস্কার পর পর দুই গোলে উল্টো এগিয়ে যায় সেভিয়া। অবশ্য বিরতির ঠিক আগে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি আবার ম্যাচে সমতা নিয়ে আসেন বিলিচ। কিন্তু প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি তার দল। ৬১ মিনিটে গিজনের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ক্যানুটে। আর এই গোলই মূল্যবান তিনটি পয়েন্ট এনে দেয় সেভিয়াকে।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঐ ম্যাচের কথা মাথায় রেখেই উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডিয়েগো ফোরলানকে বিশ্রাম দিয়েছিল তারা। কিন্তু সিদ্ধান্তটা 'বুমেরাং' হয়েই এসেছে অ্যাটলেটিকোর জন্য। ২১ মিনিটে ডিফেন্ডার পেদ্রো লোপেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও অ্যাঞ্জেল দোরাদো এবং হাভিয়ের বারাহার গোলে প্রথমার্ধেই ২-০তে এগিয়ে যায় ভ্যালাদোলিদ। ৫৫ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো একটি গোল ফেরালেও তা হার থেকে বাঁচাতে পারেনি অ্যাটলেটিকোকে।
বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের (যে ম্যাচে লিভারপুল ২-১ গোলে জিতেছে) 'ক্লাসিক' ম্যাচ ছাড়াও শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সবার দৃষ্টি ছিল রবিনিয়োর দিকে। একে তো দলবদলের শেষ দিনে নাটকীয়ভাবে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অভিষেক ম্যাচ। তার ওপরে ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদ থেকে রবিনিয়োকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা চেলসির বিপক্ষে। বৃটিশ রেকর্ড সাড়ে ৩২ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া রবিনিয়ো ১৩ মিনিটে দারুণ এক বাঁক খাওয়ানো ফ্রিকিকে দলকে এগিয়ে দিয়ে দারুণ সূচনার ইঙ্গিতই দিয়েছিলেন। কিন্তু ঐ পর্যন্তই। বাকি সময়ে রবিনিয়ো যেমন জ্বলে উঠতে পারেননি তেমনি ম্যানচেস্টার সিটিও নিজেদের মাঠে পেরে ওঠেনি উজ্জীবিত চেলসির সঙ্গে। তিন মিনিট পরই পর্তুগিজ ডিফেন্ডার রিকার্ডো কারভালহোর গোলে সমতায় ফিরেছে 'ব্লুজ'। আর দ্বিতীয়ার্ধে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও নিকোলাস আনেলকার লক্ষ্যভেদ নিশ্চিত করেছে তাদের জয়। চেলসির তিন পয়েন্ট পাওয়ার আনন্দ অবশ্য খানিকটা ম্লান করে দিয়েছেন অধিনায়ক জন টেরি। শেষ বাঁশির ১৩ মিনিট আগে লালকার্ড দেখেছেন তিনি। আগামী সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি তাই টেরিকে ছাড়াই খেলতে হবে চেলসিকে।
সিরি 'এ'র হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ইন্টার মিলান এক জন কম নিয়েও হারিয়েছে ক্যাটানিয়াকে। বিরতির ঠিক আগে ঘানার মিডফিল্ডার সুলে মুন্তারি প্রতিপক্ষের তেদেস্কোর মুখে হাত দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার। তবে সানসিরোতে অদম্য ইতালিয়ান চ্যাম্পিয়নদের তিন পয়েন্ট বঞ্চিত করতে পারেনি ক্যাটানিয়া। বিরতির সময় ক্যাটানিয়ার প্লাসমাতি ও ইন্টারের কুয়ারেসমার লক্ষ্যভেদে ১-১ গোলে ড্র ছিল ম্যাচ। কিন্তু দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ক্যাটানিয়ার তেরলিজ্জির আত্মঘাতী গোল এগিয়ে দেয় ইন্টারকে। সেই অগ্রগামিতা শেষ পর্যন্ত ধরে রেখে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
গত তিন বারের রানার্সআপ রোমা অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি। ৮ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার জুলিও ব্যাপ্টিস্টার গোলে এগিয়ে গেলেও মিক্কোলির দুটো এবং কাভানির এক গোলে তাদের ৩-১ গোলে হারিয়ে দিয়েছে ঘরের মাঠে খেলতে নামা পালেরমো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.
bdnews24