ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঢাকা আবাহনী-রহমতগঞ্জ ম্যাচ দিয়ে শনিবার শুরু হচ্ছে বি. লিগের দ্বিতীয় আসর। গুণেমানে প্রথমবারের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবারের পেশাদার লিগ। যোগ হয়েছে স্পন্সর, ক্লাবগুলোও বেশ গোছানো, বাড়ছে মানুষের আগ্রহ এবং সর্বোপরি ফেডারেশনও তৎপর বি. লিগকে সর্বাঙ্গ সুন্দর করতে। বিকেল সাড়ে ৩ টায় তাকে স্বাগত জানাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামও তৈরি তুলনামূলক ভাল মাঠ নিয়ে।
কিন্তু একটা জায়গায় খটকা থেকেই যাচ্ছে। সেটা প্রাইজমানি নিয়ে। বি. লিগের চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি বাড়িয়ে ৫ থেকে ১০ লাখ টাকা করা হয়েছে, রানার্স-আপ দলের জন্য বরাদ্দ বাড়িয়ে করা হয়েছে ৫ লাখ টাকা। অথচ বাফুফে সভাপতি ঘোষিত সুপার কাপের চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা ! তাই প্রাইজমানি দিয়ে বিচার করলে সুপার কাপের তুলনায় নগন্য দেশের পেশাদার লিগ।
এ ব্যাপারে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, "দুটোর সঙ্গে তুলনা করলে আসলে বি. লিগের প্রাইজমানি কম হয়ে গেছে স্বীকার করছি। কিন্তু এর চেয়ে বেশি বাড়ানোর সুযোগ ছিল না।" মানে দেশের ফুটবলের শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াইয়ের জায়গা বি. লিগ নয়, সুপার কাপ। অথচ বিশ্বফুটবলে প্রত্যেকটা দেশের পেশাদার লিগই সে দেশের প্রতীক হয়ে আছে, যেমন স্প্যানিশ লিগ, ইংলিশ লিগ, সিরি-এ ইত্যাদি। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটির বিবেচনায় সেটা কেন এলো না কে জানে।
হাতে এখনো সময় আছে শুধরে নেওয়ার। নইলে ১১ দলকে নিয়ে শনিবার থেকে শুরু বি.লিগের চ্যাম্পিয়নশিপ কারো কাছে অতোটা গুরুত্বপূর্ণ মনে হবে না। দলগুলোর আসল লক্ষ্য থাকবে ১ কোটি টাকার সুপার কাপ জেতা। তারপরও গতবারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে নামছে বলে ঘোষণা দিয়েছে। দলের কোচ অমলেশ সেন বলেছেন, "আমাদের দলের অবস্থা ভাল। আমাদের স্থানীয় সংগ্রহ ভাল, এমেকা যোগ হওয়ায় তিন বিদেশীর মান নিয়ে আমরা সন্তুষ্ট। তাই বলতে পারি চ্যাম্পিয়ন হওয়ার মতো সামর্থ্য আমাদের আছে।" দলের একাদশ ঠিক না করলেও ইনজুরির কারণে আরিফ খান জয়ের প্রথম ম্যাচ না খেলা মোটামুটি নিশ্চিত বলে জানিয়েছেন কোচ।
প্রতিপক্ষ রহমতগঞ্জও বলছে জয়ের কথা ! তাদের কোচ সৈয়দ গোলাম আজিজ জিলানী বলেছেন, "আবাহনীর সঙ্গে লড়াই করার জন্য অমারা প্রস্তুত। আবাহনীর বিপক্ষে একাদশও ঠিক করে ফেলেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১২৮ ঘ.
bdnews24