লন্ডন, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সদ্য শেষ হওয়া ইউরোপিয়ান ফুটবলের দলবদলের মৌসুমটা একদমই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। যে তিন তারকাকে টার্গেট করেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাদের কাউকেই পায়নি তারা, উল্টো অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিতে হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহোকে। কিন্তু রিয়ালের স্পোর্টিং ডিরেক্টর পেদ্রাগ মিয়াতোভিচ বলছেন, তাতে এমন কিছু ক্ষতি হয়নি রিয়ালের! ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা ডেভিড ভিয়াদের ছাড়াও বেশ চলে যাবে রিয়ালের। শুধু তা-ই নয়, তিনি জানিয়েছেন আগামী শীতের দল-বদল মৌসুমেও আর নতুন কোনো খেলোয়াড় কিনতে চাইবেন না তারা!
ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো আর ভ্যালেন্সিয়ার ভিয়াকে ছাড়াও রিয়াল কিনতে চেয়েছিল ভিলারিয়ালের উইঙ্গার স্যান্টি ক্যাজোর্লাকে। কিন্তু শেষ পর্যন্ত ওই তিনজনের কাউকেই পায়নি তারা। সমর্থকদের মধ্যে এটা নিয়ে এক ধরনের হতাশা আছে।
কিন্তু মিয়াতোভিচ বলছেন, "ক্রিশ্চিয়ানো রোনালদো বা ডেভিড ভিয়াকে ছাড়াও আমাদের বেশ চলবে। আমি যে বছর এখানে প্রথম আসি, তখন কাকাকে ছাড়াও বেশ চলে গেছে আমাদের, ওকে ছাড়াই দুটি লিগ জিতেছি আমরা। যে কোনো খেলোয়াড়ের চেয়েই রিয়ালের অবস্থান ওপরে, এমনকি তারা যদি বিশ্বের সেরা খেলোয়াড়ও হয়।"
রিয়াল মাদ্রিদ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা দিয়েছেন কেন কেনা সম্ভব হয়নি রোনালদোদের, "আমরা ম্যানচেস্টারের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ওরা রোনালদোকে ছাড়তে চায়নি। আর ভিয়ার জন্যও আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ভ্যালেন্সিয়া তার জন্য যে দাম চেয়েছে আমরা তা দিতে চাইনি।" সে সঙ্গে জানিয়েছেন, ডিসেম্বরের দল-বদল উইন্ডোতেও নতুন কোনো খেলোয়াড়কে কিনতে চেষ্টা করবেন না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১৫৭ ঘ.
bdnews24