লন্ডন, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দল-বদলের মৌসুমে একটা ধাক্কা খেয়েছিল চেলসি, রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবিনহোকে নিয়ে টানাটানিতে একেবারে শেষ মুহূর্তে তাদের টেক্কা দিয়েছিল ইংলিশ লিগেরই দল ম্যানচেস্টার সিটি। এবার তাদের আরেকটি ধাক্কা দিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড। কোচ লুই ফেলিপ স্কলারির সহকারি স্টিভ ক্লার্ক পদত্যাগপত্র জমা দিয়েছেন হ্যামার্সদের দলে যোগ দেবেন বলে।
ব্লুজরা অবশ্য এখনো তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। বরং ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওয়েস্টহ্যামকে এখনো ক্লার্কের সঙ্গে আলোচনার অনুমতিও দেওয়া হয়নি। কিন্তু স্কলারি মেনেই নিয়েছেন, তাকে আর আটকানো সম্ভব হবে না।
ক্লার্কের চলে যাওয়া চেলসির জন্য আসলেই একটা বড় ধাক্কা। খেলোয়াড় আর কোচ হিসেবে গত ২০ বছর ধরে স্ট্যামফোর্ড ব্রিজে কাটানো এই স্কটিশ ব্লুজ সমর্থকদের কাছে দারুণ জনপ্রিয় ছিলেন। স্কলারিও তার ওপর নির্ভর করতেন। কিন্তু ওয়েস্টহ্যামের কোচ হিসেবে সদ্য যোগ দেওয়া তার সাবেক চেলসি-সতীর্থ জিয়ানফ্রাঙ্কো জোলার সহকারি হিসেবে কাজ করার ইচ্ছায় সেই ভালোবাসার বন্ধন উপেক্ষা করছেন ক্লার্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০১৭ ঘ.
bdnews24