ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগেও তারা ছিল। এবারও তারা থাকবে আরো প্রবলভাবে। যদিও অন্যদের শারীরিক বৈকল্যে আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডানের কথাই আসছে ঘুরেফিরে। তবে ঢাকার দুই পরাশক্তির সঙ্গে আপাতভাবে আরো নয়টি দল একই সমতায় থেকে আগামী শনিবার থেকে শুরু করছে দ্বিতীয় বি. লিগের লড়াই। দেশের ফুটবল ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই।
পেশাদার লিগ হিসেবে যার প্রথম আসর বসেছিল গত বছর। যদিও গুণে-মানে পেশাদারিত্বের ধারে-কাছেও ছিল না তা। স্পন্সরহীন একটি লিগ, এছাড়া খেলার মান এবং স্টেডিয়ামে দর্শক উপস্থিতির দিক থেকে ঢাকা ফুটবল লিগের চেয়েও অনাকর্ষণীয় একটি আয়োজন ছিল প্রথম বি. লিগ। সে জায়গায় এবার অনেক অর্থ নিয়ে হাজির হয়েছে স্পন্সর সিটিসেল মোবাইল কোম্পানি। সুবাদে আগের ম্যাড়ম্যাড়ে লোগোর পরিবর্তে এসেছে নতুন এক আকর্ষণীয় লোগো, যোগ হয়েছে সর্বোচ্চ লিগকে সফল করতে ফেডারেশনের বাড়তি তৎপরতা। এসব বাড়তি জৌলুসের প্রতিশ্র"তি দিলেও সংশয় কিন্তু থেকেই যাচ্ছে মাঠের বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে। কারণ শিরোপার মূল কক্ষপথে ঢাকা আবাহনী ও ঢাকা মোহামেডান ছাড়া আর কারো ছায়া তেমন স্পষ্ট নয়।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড যথরীতি শিরোপা ধরে রাখার প্রত্যয়ে অটল। কোচ অমলেশ সেনের প্রত্যয়ী ঘোষণা, "আমাদের দলে শিরোপা জেতার মতো সব সামর্থ্য আছে। বড় সুবিধা হচ্ছে আমাদের রিজার্ভ বেঞ্চও ভাল, প্রায় প্রত্যেক পজিশনে সমমানের বিকল্প খেলোয়াড় আছে আমাদের।" সেটা আছে। তবে তারপরও সিটিসেল ফেডারেশন কাপের ফাইনালে তারা পেরে ওঠেনি ঢাকা মোহামেডানের সঙ্গে। মজার ব্যাপার হচ্ছে ওই ফাইনালে টাইব্রেকারে হেরে কোচ খেলোয়াড়দের ইনজুরির কারণটাকে বড় করে দেখিয়েছিলেন। তাহলে সমমানের বিকল্প খেলোয়াড়দের উপযোগিতা রইল কোথায় ? "ফাইনালে আসলে জয়কে একাদশে রাখাটাই ভুল ছিল। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই তাকে তুলে নিতে বাধ্য হওয়ায় বদলির একটা সুযোগ কমে গিয়েছিল"--- অবশেষে নিজের ভুলের কথা স্বীকার করলেন অমলেশ সেন।
বি. লিগ শুরুর আগেও আবাহনী ইনজুরি সমস্যায় ভুগছে। কোচের কথা অনুযায়ী আরিফ খান জয়, প্রদীপ পোদ্দার, মোহাম্মদ সুজন এবং মামুনুল ইসলামের ইনজুরি সমস্যা আছে। কয়েকদিন জ্বরে ভোগার পর ঘানার স্ট্রাইকার আউদু ইব্রাহিম এখন সুস্থ। ইব্রাহিম ও সামাদ ইউসিফের সঙ্গে যোগ দিচ্ছেন গতবার মোহামেডানে খেলা নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা। আর খেলা মনঃপূত না হওয়ায় আবাহনী ছেড়ে দিয়েছে আরেক আফ্রিকান অ্যান্ড্রুজ পমিকে।
ঢাকা মোহামেডানের বিদেশী লাইন-আপে কোনো পরিবর্তন নেই। বরং সেটাই তাদের মূল শক্তি। ফেডারেশন কাপে চার ম্যাচে ৮ গোল করা বুকোলা ওলালিকানের মতো ম্যাচ উইনার নেই অন্য কোনো দলে। তবে পুরো দলের অবস্থা নিয়ে কোচ মারুফুল হক যেন পুরো সন্তুষ্ট হতে পারছেন না, "আমার দল শারীরিকভাবে শতভাগ ফিট, তবে মানসিকভাবে খুব ভাল অবস্থায় নেই।" মানসিক যন্ত্রণার ব্যাপারটা অবশ্য খোলাসা করতে চাননি মোহামেডানকে মৌসুমের প্রথম শিরোপা উপহার দেওয়া নতুন কোচ।
সুতরাং আর বলার অপেক্ষা রাখে না সিটিসেল ফেডারেশন কাপ জয়ী মোহামেডানও গতবারের অতৃপ্তি পূরণের মিশন নিয়ে নামছে দ্বিতীয় বি. লিগে। তবে মোহামেডান কোচের চোখে সাফল্যের শর্ত হচ্ছে, "ফেডারেশন কাপ আর বি. লিগ এক নয়। লিগ অনেক লম্বা, যারা শেষপর্যন্ত ফিটনেস ও খেলার ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তারাই জিতবে।"
সিটিসেল ফেডারেশন কাপে যা কিছু ধারাবাহিকতা দেখিয়েছে মোহামেডান-আবাহনীই। কিন্তু বাকিরা পারেনি, তারা দু-একটা ঝলক দেখিয়েই বিদায় নিয়েছে। তাদের মধ্যে ফরাশগঞ্জ উল্লেখযোগ্য। তারা সেমিফাইনালে আবাহনীর কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে। তবে বি. লিগ নিয়ে ফরাশগঞ্জের কোচ কামাল বাবুর অনেক বড় প্রত্যাশা, "আমরা চ্যাম্পিয়নশিপের লড়াই করতে চাই। পারফরম্যান্স ও ফিটনেসে আমরা আবাহনী-মোহামেডানের চেয়ে পিছিয়ে নেই। আমাদের বড় সুবিধার দিক হচ্ছে টিমওয়ার্ক ভাল।" ফেডারেশন কাপে বিদেশীহীন থাকা ফরাশগঞ্জ লিগের জন্য নিয়ে এসেছে তিন বিদেশী --- উগান্ডার মিডফিল্ডার ডমিনিক এবং দুই নাইজেরিয়ান ডিফেন্ডার লাকি ও স্ট্রাইকার জনসনকে।
ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র ও মুক্তিযোদ্ধা। তারপরও শেখ রাসেলের কোচ ওয়াজেদ গাজী বলেছেন, "দলের ফেডারেশন কাপের পারফরম্যান্সে আমি খুশী। কোয়ার্টার ফাইনালে আমার দল আবাহনীর বিপক্ষে প্রাধান্য বিস্তার করে খেললেও আমরা ছিটকে পড়েছি গোল পাইনি বলে।" আর বি.লিগ নিয়ে তার বিশ্লেষণ হচ্ছে, "দলগুলো মূলতঃ বিদেশী খেলোয়াড় নির্ভর, যারা মানসম্পন্ন খেলোয়াড় নিতে পারবে তারাই এগিয়ে থাকবে। সেদিক থেকে আমাদের দলও ভাল হয়েছে বলতে হবে।" ইতিমধ্যে তারা নিয়ে এসেছে চতুর্থ বিদেশী মরক্কোর ইগির মোহাম্মদকে।
মুক্তিযোদ্ধার সেরকম কোনো তৎপরতার খবর শোনা যায়নি। যাদের দল গঠন, প্র্যাকটিস নিয়ে প্রতিনিয়তই শঙ্কা জাগে তাদের পক্ষে বড় স্বপ্ন দেখা কঠিনও বটে! ফেডারেশন কাপে তাদের চেয়েও বাজে অবস্থা হয়েছিল ব্রাদার্স ইউনিয়নের। গ্র"প পর্ব থেকে বিদায় নেওয়া এই ঐতিহ্যবাহী দলের কোচ ওয়াসিম ইকবাল দলের অবস্থা নিয়ে নিশ্চিন্ত হতে পারছেন না, "আমাদের স্ট্রাইকিং জোনের সমস্যা এখনো কাটেনি। যেসব বিদেশী এসেছে তাদের একটাকেও আমার পছন্দ হয়নি, ফিরিয়ে দিয়েছি। দেখা যাক কী হয়....।" এ হতাশার মধ্যে তাদের প্রেরণা প্রথম ফুটসাল টুর্নামেন্ট জয়।
কিন্তু ফুটসাল আর বড় মাঠের ফুটবলের মধ্যে ব্যাপক পার্থক্য। তাই তাদের নিয়ে বড় করে বলার মতো কিছু নেই। এই দলগুলো ঢাকা আবাহনী, মোহামেডানের শিরোপার দৌড়ে কতোটা প্রতিবন্ধক হয়ে উঠতে পারে সেটাই এখন দেখার বিষয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১০০ঘ.
bdnews24