রিও ডি জেনিরো/লিমা, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পয়েন্ট তালিকার দ্বিতীয় আর তৃতীয় স্থানে যতোই বেমানান দেখাক না কেন, সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আর আর্জেন্টিনাকে আরো বেশ কিছুদিন থাকতে হচ্ছে সেখানেই। বুধবার দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ড্র করেছে দুদলই, শীর্ষে থাকা প্যারাগুয়ের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান তাই বেড়ে দাঁড়িয়েছে চারে।
রিওডি জেনিরোতে নিজেদের মাঠে পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা বলিভিয়াকে পেয়েও জিততে পারেনি ব্রাজিল। শেষ ৩৬ মিনিট ১০ জন নিয়ে খেলা বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে নিজেদের সমর্থকদেরই দুয়ো শুনতে হয়েছে কার্লোস ডুঙ্গার দলকে।
তুলনায় আর্জেন্টিনার টানা চতুর্থ ড্রটা ছিল দুর্ভাগ্যের। ৮৪ মিনিটে এস্তেবান ক্যাম্বিয়াসোর গোলে প্রতিপক্ষের মাঠ লিমাতে তাদের জয় পাওয়াটা প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে গোল করে পেরু রুখে দিয়েছে তাদের। ম্যাচটা শেষ হয়েছে ১-১ গোলে।
এই ড্রয়ের পর ব্রাজিল-আর্জেন্টিনা দুদলেরই সংগ্রহ দাঁড়ালো ৮ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট করে। বুধবারই কলম্বিয়াকে ৪-০ গোলে হারানো চিলির পয়েন্টও ১৩। তবে গোল ব্যবধানে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে, আর্জেন্টিনা তৃতীয় আর চিলির অবস্থান চতুর্থ। আগের দিন ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখা প্যারাগুয়ের সংগ্রহ ১৭। ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। বুধবার মন্টিভিডিওতে নিজেদের মাঠে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। ১০ দলের এই গ্র"প থেকে চারটি দল সরাসরি খেলবে ২০১০ সালের বিশ্বকাপে। আর পঞ্চম স্থান পাওয়া দলকে কনকাকাফ অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে দক্ষিণ আফ্রিকার টিকেট পেতে।
দীর্ঘ দুই যুগ ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা জোয়াও হ্যাভেলাঞ্জ ব্রাজিলের ফুটবলাঙ্গনে দারুণ সম্মানিত এক ব্যক্তিত্ব। রিও ডি জেনিরোতে তার নামাঙ্কিত স্টেডিয়ামেই বলিভিয়ানদের মুখোমুখি হয়েছে ব্রাজিল। কিন্তু টিকেটের উচ্চমূল্য এবং ডুঙ্গার দলের প্রতি আগ্রহের অভাবের কারণে ৪০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটির অর্ধেকও ভরেনি। যাচ্ছেতাই পারফরম্যান্সের জন্য স্বদেশের মানুষই 'দুয়ো', 'দুয়ো' করে ধিক্কার দিয়েছে ব্রাজিলকে। বিশেষ করে ডুঙ্গা ও রোনালদিনিয়োর প্রতি সবচেয়ে বেশি আক্রোশ ছিল দর্শকদের। ৩০ মিনিট যেতে না যেতেই শুরু হওয়া দুয়োধ্বনি চলেছে ম্যাচের শেষ পর্যন্ত। বলিভিয়ানরা আক্রমণে উঠলে 'বলিভিয়া', 'বলিভিয়া' হর্ষধ্বনি আর ব্রাজিল কোচের প্রতি ধিক্কার জানিয়ে 'গুডবাই ডুঙ্গা' চিৎকার থামেনি এক মুহূর্তের জন্যও।
গত জুনে ঘরের মাঠেই আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি হতাশাজনক পারফরম্যান্স উপহার (!) দেয়ার সময় দর্শকদের এমন বিরূপ আচরণ সহ্য করতে হয়েছিল ব্রাজিল কোচকে। আরো এক বার স্বদেশবাসীর দুয়ো শুনলেও ব্যাপারটাকে স্বাভাবিকভাবে দেখতেই আগ্রহী ডুঙ্গা, "আমরা ভালো খেলতে না পারলে এটাই তো স্বাভাবিক ঘটনা। আবেগপ্রবণ সমর্থকদের প্রতিবাদ জানানোর এটাই উপায়। আমাদের শুধু এখান থেকে বের হয়ে আসতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাছাইপর্ব শেষে সেরা চার দলের মধ্যে থাকা।" রোনালদিনিয়োর কণ্ঠেও তার কোচের কথারই প্রতিধ্বনি, "সমর্থকদের এমন প্রতিক্রিয়া স্বাভাবিক ঘটনা। ব্রাজিলিয়ান দল সব সময়ই জয়ের প্রতি দায়বদ্ধ। আশা করি আমরা এই পরিস্থিতি পরিবর্তন করতে পারবো।"
দর্শকদের এমন আচরণ অবশ্য অযৌক্তিক ছিল না। হতাশা থেকেই এমন আচরণ করেছেন তারা। পুরো প্রথমার্ধে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে একটিও ভালো শট নিতে পারেনি ব্রাজিল। উল্টো বলিভিয়াই দুটো সুযোগ সৃষ্টি করেছে। দূরপাল্লার শটে রোনাল্ড গার্সিয়া ব্রাজিল গোলরক্ষক জুলিও সিজারের পরীক্ষা নেয়ার পর পোস্টের কাছাকাছি জায়গা থেকে মিগুয়েল হোয়োসের জোরালো শট চলে গেছে বার উঁচিয়ে।
বিরতির পরও ব্রাজিল জ্বলে উঠতে পারেনি। এমনকি ৫৪ মিনিটে রবিনিয়োকে ফাউল করে বলিভিয়ার ইগনাসিও গার্সিয়া লালকার্ড দেখার পরেও না। যদিও লালকার্ডের সিদ্ধান্তটাকে 'লঘু পাপে গুরুদন্ড' বলা যেতে পারে। রবিনিয়োকে বলের দখল নিতে বাধা দেয়ার কারণে 'মার্চিং অর্ডার' পেয়ে গার্সিয়া নিজেও কম অবাক হননি। কিন্তু ১০ জনের বিপক্ষেও ব্রাজিল গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বিশ্বকাপে পাঁচ বারের চ্যাম্পিয়নরা যেমন কার্যকর পাস দিতে পারেনি, তেমনি প্রতিপক্ষের বক্সের কাছাকাছি গিয়ে খেই হারিয়ে ফেলায় বলিভিয়ানদেরও চাপের মধ্যে পড়তে হয়নি। রোনালদিনিয়ো ছিলেন অনুজ্জ্বল। শেষ পর্যন্ত ৭৭ মিনিটের সময় তাকে উঠিয়ে নিয়েছেন ডুঙ্গা। একেবারে শেষ মুহূর্তে ব্রাজিল অবশ্য একটা সুযোগ পেয়েছিল। কিন্তু জুলিও ব্যাপ্টিস্টার হেড বিপদমুক্ত করে দলের একটি মূল্যবান পয়েন্ট পাওয়া নিশ্চিত করেছেন বলিভিয়ার গোলরক্ষক কার্লোস আরিয়াস।
পেরুর রাজধানী লিমাতে আর্জেন্টিনাও তেমন সুবিধা করে উঠতে পারেনি। তার একটা বড় কারণ লিওনেল মেসির কড়া পাহারায় থাকা। পুরো ম্যাচেই প্রতিপক্ষের তিন/চার জনের কড়া মার্কিংয়ে থাকতে হয়েছে বার্সেলোনা তারকাকে। মেসির স্ট্রাইকিং জুটি ও প্রিয় বন্ধু সার্জিও অ্যাগুয়েরো ছিলেন নি
bdnews24