আসুনসিওন, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- বুধবার রাতে মাঠে নামছে ব্রাজিল আর আর্জেন্টিনা। তবে নিজেদের ম্যাচে তারা যা-ই করুক, অন্তত এ সপ্তাহে পয়েন্ট তালিকার শীর্ষে ফেরা হচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের কারুরই। মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থানটা আপাতত ধরে রাখা নিশ্চিত করেছে প্যারাগুয়ে। নিজেদের মাঠে দুর্বল ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে তারা।
ক্রিশ্চিয়ান রিভেরোস আর নেলসন ভ্যালদেস গোলদুটি করেছেন প্রথমার্ধেই, ২৮ আর ৪৫ মিনিটে।
পয়েন্ট তালিকার শীর্ষে আগে থেকেই ছিল তারা, এই জয়ের ফলে অন্তত আরো এক রাউন্ড খেলা হওয়া পর্যন্ত সেখানেই থাকা নিশ্চিত হয়েছে প্যারাগুয়ের। ৮ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ালো ১৭ পয়েন্ট, ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ব্রাজিল আর আর্জেন্টিনা। ১০ দলের এই গ্র"প থেকে চারটি দল সরাসরি খেলবে ২০১০ সালের বিশ্বকাপে। আর পঞ্চম স্থান পাওয়া দলকে কনকাকাফ অঞ্চলের চতুর্থ দলের সঙ্গে প্লে অফ খেলতে হবে দক্ষিণ আফ্রিকার টিকেট পেতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৪৫ ঘ.
bdnews24