২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সামনে আবার সেই ক্রোয়েশিয়া

আবার ইংল্যান্ডের সামনে ক্রোয়েশিয়ার বাধা! 'ইউরো ২০০৮' এর বাছাইপর্বে দু লেগেই ক্রোয়াটদের কাছে হেরে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্তপর্বে উঠতে পারেনি ইংলিশরা। যে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছিল ইংল্যান্ডের তখনকার কোচ স্টিভ ম্যাকলারেনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

লন্ডন, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার ইংল্যান্ডের সামনে ক্রোয়েশিয়ার বাধা! 'ইউরো ২০০৮' এর বাছাইপর্বে দু লেগেই ক্রোয়াটদের কাছে হেরে ইউরোপের সেরা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্তপর্বে উঠতে পারেনি ইংলিশরা। যে ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে সরে দাঁড়াতে হয়েছিল ইংল্যান্ডের তখনকার কোচ স্টিভ ম্যাকলারেনকে। নিয়তির কী পরিহাস, আগামী বিশ্বকাপের বাছাইপর্বেও ইংল্যান্ড-ক্রোয়েশিয়া গ্র"প-সঙ্গী! এবং মুখোমুখি হওয়ার জন্য বেশি দিন অপেক্ষাও করতে হচ্ছে না। বুধবার অর্থাৎ ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় দিনেই ক্রোয়েশিয়ার সামনে দাঁড়াতে হচ্ছে ইংল্যান্ডকে। ম্যাচটা ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে হচ্ছে বলে ইংলিশদের জন্য পরীক্ষাটা একটু বেশিই কঠিন। ইউরো চ্যাম্পিয়ন স্পেন, বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ও বিশ্বকাপে তিন বারের চ্যাম্পিয়ন জার্মানির প্রতিপক্ষ অবশ্য তেমন কঠিন নয়। ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা স্পেন ঘরের মাঠে খেলবে আর্মেনিয়ার বিপক্ষে। জর্জিয়ার সঙ্গে ইতালিরও 'হোম' ম্যাচ। আর 'অ্যাওয়ে' ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ফিনল্যান্ড। শনিবার লিচটেনস্টেইনকে ৬-০ গোলে বিধ্বস্ত করে জার্মানরা দুর্দান্ত সূচনা পেলেও স্পেন ও ইতালির শুরুটা ভালো হয়নি। দু দলই জিতেছে বটে, তবে সেটা ন্যুনতম ব্যবধানে। ডেভিড ভিয়ার লক্ষ্যভেদে স্পেন ১-০ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে। আর আন্তনিও দি নাতালের ইনজুরি টাইমের গোল সাইপ্রাসের বিপক্ষে কোনো রকমে ২-১ গোলের জয় এনে দিয়েছে 'আজ্জুরি'দের। ইতালি-স্পেন তা-ও জয় পেয়েছে। ফ্রান্স তো ১-৩ গোলে পরাজয়ের লজ্জা নিয়ে ফিরেছে অস্ট্রিয়া থেকে! সেই দুঃখজনক স্মৃতি বুকে নিয়েই বুধবার সার্বিয়ার মুখোমুখি হচ্ছে '৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। এই ম্যাচেও হোঁচট খেলে ফ্রান্সের কোচ রেমন্ড ডমেনেখের চাকরি চলে যাওয়ার যথেষ্ট আশঙ্কা। প্রথম ম্যাচে মাল্টার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পাওয়া পর্তুগালকেও কঠিন পরীক্ষা দিতে হবে বুধবার। তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অবশ্য অতটা কঠিন নয়। তারা খেলবে মেসিডোনিয়ার সঙ্গে। তবে শনিবার অস্ট্রেলিয়ার কাছে এক প্রীতি ম্যাচে হেরে যাওয়ায় ডাচরা এ মুহূর্তে তেমন স্বস্তিতে নেই। নেদারল্যান্ডসের কোচ হিসাবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচের আগে বার্ট ফন মারউইক তাই বেশ চাপের মধ্যে আছেন। ফ্যাবিও ক্যাপেলোর দুর্ভাবনাও কম নয়। বরং বেশিই বলা যায়। শনিবার অ্যান্ডোরার সঙ্গে ২-০ গোলে জিতলেও দলের খেলা মন ভরাতে পারেনি ইংল্যান্ড কোচের। সেই ম্যাচে দলের ইতিবাচক-নেতিবাচক দিকের যোগ-বিয়োগ করতে করতেই সামনে এসে দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া। যে দল সম্পর্কে ক্যাপেলো নিজে ভীষণই সাবধানী। ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ তার শিষ্যদের মনেও ছড়িয়ে দিচ্ছেন বাড়তি সতর্কতা, "ক্রোয়েশিয়া আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওদের খেলোয়াড়দের গুণগত মান আগের চেয়ে অনেক ভালো। তাই ওরা এখন আরো বেশি বিপজ্জনক। নিজের মাঠে খেলার সময় সমর্থকরা ওদের খেলোয়াড়দের দারুণ সাহায্য করে। আবেগের বিচারে ওদের সমর্থকরা ভীষণ শক্তিশালী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮০০ঘ.