বুয়েনস এইরেস, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিল কোচ কার্লোস ডুঙ্গা এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। পরীক্ষার নাম চিলি। অলিম্পিক ফুটবলের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হওয়ার পর থেকে তিনি ব্রাজিলের মিডিয়া তো বটেই, এমনকি সাধারণ মানুষের সমালোচনার তীরেও বিদ্ধ হচ্ছেন। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল চিলির কাছেও হেরে গেলে ডুঙ্গার চাকরি চলে যাওয়া প্রায় নিশ্চিত! রোববার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার সকাল সাতটা) চিলির রাজধানী সান্টিয়াগোতে তাই অগ্নিপরীক্ষা হচ্ছে ডুঙ্গার। তার আগের দিন (বাংলাদেশ সময় অনুযায়ী শনিবার রাত একটা) ঘরের মাঠ বুয়েনস এইরেসে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে, যে ম্যাচে জয় পেলে প্যারাগুইয়ানদের পেছনে ফেলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষে চলে যাবে অলিম্পিক চ্যাম্পিয়নরা।
সবগুলো বিশ্বকাপে অংশ নেয়া একমাত্র দল ব্রাজিল, বিশ্বকাপে সবচেয়ে বেশি পাঁচ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও তাদেরই অধিকারে। অথচ এবারের বাছাইপর্বটা একটুও ভালো কাটছে না ব্রাজিলিয়ানদের। গত জুনে প্যারাগুয়ের কাছে ০-২ গোলে হেরে যাওয়ার পর নিজেদের মাঠে আর্জেন্টিনার সঙ্গে কোনো রকমে গোলশূন্য ড্র করায় বাছাইপর্বে তাদের অবস্থান এখন পঞ্চম। ৬ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট সংগ্রহ করায় ব্রাজিল স্বাভাবিকভাবেই এখন ভীষণ চাপের মধ্যে। চাপটা আরো বেড়ে যাচ্ছে কাকার অনুপস্থিতিতে। গত জুনে বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করানোর ধকল কাটিয়ে এখনো মাঠে ফিরতে পারেননি গত বারের ফিফা বর্ষসেরা ফুটবলার কাকা। ইনজুরির কারণে মিডফিল্ডার অ্যান্ডারসনও থাকছেন না দলে। ডুঙ্গা অবশ্য কোনো ধরনের মানসিক চাপকে পাত্তা দিতে রাজি নন, "এটা খুব স্বাভাবিক ঘটনা। ব্রাজিল দলে প্রথম বা শেষ বারের মতো এমন ঘটনা ঘটছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, দল কঠোর পরিশ্রম করছে। আমরা মানদন্ড, ধারণা এবং পেশাদারি দৃষ্টিকোণের ওপরে ভিত্তি করে কাজ কাজ করছি।"
কাকার অনুপস্থিতিতে ব্রাজিল দলের সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারেন রোনালদিনিয়ো। অলিম্পিকে তেমন সুবিধা করতে না পারলেও গত সপ্তাহে এসি মিলানের হয়ে ইতালিয়ান 'সিরি এ'তে নিজের অভিষেক ম্যাচে ভালোই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ব্রাজিলের সা
bdnews24