ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নতুন কোচ শফিকুল ইসলাম মানিক এসেই বাদ পড়া ফুটবলারদের নিয়ে মারদেকা কাপের জাতীয় দল গড়ার উদ্যোগ নিয়েছেন। বাফুফের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবার ৩০ জন ফুটবলারকে ডাকা হয়েছে প্রাথমিকভাবে।
৩০ জনের মধ্যে জায়গা পেয়েছেন সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপের দল থেকে বাদ পড়া ৮ জন। তারা হলেন মাজহারুল ইসলাম হিমেল, ফিরোজ মাহমুদ টিটু, মোহাম্মদ সুজন, অমিত খান শুভ্র, পারভেজ বাবু, মতিউর মুন্না, আলফাজ আহমেদ ও জাহিদ হোসেন। তাদের বেশিরভাগই বেশি বয়সের কারণে আবু ইউসুফের বিবেচনাতেই আসেননি। জাতীয় দলের এই সাবেক কোচের পছন্দ ছিল তারুণ্যনির্ভর দল। তাই ওই ৯ জনের জায়গা হয়নি গত মে মাসের এএফসি চ্যালেঞ্জ কাপ ও জুনের সাফ চ্যাম্পিয়নশিপের দলে। অবশ্য চ্যালেঞ্জ কাপে দল থেকে বাদ পড়া আরিফ খান জয় ও নজরুল ইসলামকে সাফের দলে অন্তর্ভূক্ত করা হয়েছিল।
এছাড়া একেবারে নতুন হিসেবে প্রাথমিক দলে ডাক পেয়েছেন আবাহনীর মিডফিল্ডার প্রাণতোষ দাস এবং ফরাশগঞ্জের স্ট্রাইকার এনামুল হক। সর্বশেষ সাফের দল থেকে বাদ পড়েছেন মাত্র দুজন, ফয়সাল মাহমুদ ও আব্দুল বাতেন মজুমদার কোমল।
ডাক পাওয়া ৩০ জনকে শুক্রবার দুপুরে বাফুফে ভবনে উপস্থিত হয়ে শফিকুল ইসলাম মানিকের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
৩০ জনের প্রাথমিক দল : আমিনুল হক, বিপ্লব ভট্টাচার্য্য, জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম হিমেল, ফিরোজ মাহমুদ টিটু, মোহাম্মদ সুজন, অমিত খান শুভ্র, পারভেজ বাবু, মতিউর মুন্না, আলফাজ আহমেদ, জাহিদ হোসেন, হাসান আল মামুন, ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, রজনী কান্ত বর্মন, অরূপ বৈদ্য, অতিকুর রহমান মিশু, মোফাজ্জল হোসেন সৈকত, নজরুল ইসলাম, এনামুল হক, প্রাণতোষ দাস, জাহিদ পারভেজ, মামুনুল ইসলাম, আরিফ খান জয়, আবুল হোসেন, আরমান আজিজ, মেহেদী হাসান উজ্জ্বল, রবিন, জাহিদ হাসান এমিলি, এনামুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫৫ঘ.
bdnews24