নিউইয়র্ক, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ছোট বোনের সঙ্গে পেরে উঠলেন না ভেনাস উইলিয়ামস। দুই বোন, দুই সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান, দুই সাবেক চ্যাম্পিয়নের লড়াই জিতে বুধবার সেরেনা উইলিয়ামস পৌঁছে গেছেন ইউএস ওপেনের সেমিফাইনালে। সেখানে তার সঙ্গী হয়েছেন দিনারা সাফিনা, রাফায়েল নাদাল আর অ্যান্ডি মারে।
চতুর্থ বাছাই সেরেনা আর তার বড় বোন ভেনাসের লড়াইটা চলেছে প্রায় আড়াই ঘণ্টা। তাতে সরাসরি সেটেই জিতেছেন সেরেনা। কিন্তু স্কোরলাইনই বলে দিচ্ছে লড়াইটা হয়েছে সমানে সমানে। দুটি সেটই গেছে টাইব্রেকারে আর তাতে দুবারের চ্যাম্পিয়ন সেরেনা জিতেছেন ৭-৬ (৭/৬) ৭-৬ (৯/৭) গেমে।
শুক্রবার সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন অলিম্পিক রানার আপ দিনারা সাফিনার। বুধবার অন্য কোয়ার্টার ফাইনালে ষষ্ঠবাছাই এই রাশিয়ান ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ষোড়শ বাছাই ইতালির ফ্ল্যাভিয়া পেনেত্তাকে।
পুরুষ বিভাগের শীর্ষ বাছাই নাদালকে প্রথম সেটে হারিয়ে চমকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের মার্ডি ফিশ। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি তিনি। পরের সেট থেকেই ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৬-১, ৬-৪, ৬-২ গেমে জিতেছেন নাদাল।
সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন ব্রিটেনের অ্যান্ডি মারের। এদিনই পেশাদার যুগের চল্লিশ বছরে মাত্র তৃতীয় ব্রিটিশ খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠেছেন মারে। ২১ বছর বয়সী এই স্কটিশ কোয়ার্টার ফাইনালে ৭-৬, ৭-৬, ৪-৬, ৭-৫ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপোর্তোকে।
এদিকে এককে সাফল্য না পেলেও দ্বৈতে দুটি শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে পৌঁছে গেছেন ভারতের লিয়ান্ডার পেজ।
বুধবার চেক পার্টনার লুকাস দ্লুহিকে সঙ্গে নিয়ে আর্জেন্টিনার ম্যাক্সিমো গনজালেস ও হুয়ান মনাকো জুটিকে ৬-২, ৬-০ গেমে জিতে পুরুষ দ্বৈতের ফাইনালে উঠেছেন তিনি।
এর আগে মঙ্গলবার জিম্বাবুয়ের কারা ব্ল্যাককে সঙ্গে নিয়ে মিশ্র দ্বৈতেরও ফাইনালে উঠেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১১০৪ ঘ.
bdnews24