নিউ ইয়র্ক, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের তিন ম্যাচে সহজ জয় পেলেও চতুর্থ রাউন্ডে ঘাম ঝরিয়েই জিততে হলো রজার ফেদেরারকে। মঙ্গলবার রাশিয়ার ইগর আন্দ্রিভকে সাড়ে তিন ঘণ্টার এক ম্যারাথন ম্যাচে হারিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ১২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই সুইস তারকা।
স্পেনের টমি রব্রেডোর বিপক্ষে ফেদেরারের মতোই পাঁচ সেটের লড়াই জিতেছেন তৃতীয় বাছাই নোভাক দিউকোভিচ, কিন্তু পঞ্চম বাছাই নিকোলাই দাভিদেঙ্কো তাও পারেননি। অবাছাই লুক্সেমবার্গের জাইলস মুলারের কাছে হেরে গেছেন তিনি। আর অলিম্পিক রানার্স আপ চিলির ফার্নান্দো গনজালেসকে হারিয়ে সাবেক চ্যাম্পিয়ন অ্যান্ডি রডিকও উঠেছেন শেষ আটে।
অন্য দিকে মেয়েদের বিভাগের সেমিফাইনালে উঠেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন এলেনা দেমেন্তিয়েভা আর সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ইয়েলেনা ইয়াঙ্কোভিচ।
চার বারের চ্যাম্পিয়ন ফেদেরার ইউএস ওপেনে তার টানা ৩১তম জয়টি পেয়েছেন ৬-৭ (৫/৭), ৭-৬ (৭/৫), ৬-৩, ৩-৬, ৬-৩ গেমে। ১১টি এইস আর ৬৯ শতাংশ সার্ভে পয়েন্ট পেলেও স্বভাববিরুদ্ধ ৬০টি আনফোর্সড এরর ভুগিয়েছে এই সুইস তারকাকে।
দিউকোভিচকে লড়তে হয়েছে কুঁচকির ইনজুরির সঙ্গেও। ফেদেরারের মতোই প্রথম সেটে হেরেছিলেন তিনিও, তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটা জিতেছেন ৪-৬, ৬-২, ৬-৩, ৫-৭, ৬-৩ গেমে।
কোয়ার্টার ফাইনালে আরো বড় চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে তৃতীয় বাছাই এই সার্বিয়ানকে। সেখানে তার মুখোমুখি হবেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিক। মঙ্গলবার চতুর্থ রাউন্ডে গনজালেসকে ৬-২, ৬-৪, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন তিনি।
আর ফেদেরার পাচ্ছেন বাছাইপর্ব পেরিয়ে আসা জাইলস মুলারকে। চতুর্থ রাউন্ডে দাভিদেঙ্কোকে ৬-৪, ৪-৬, ৬-৩, ৭-৬ (১২/১০) হারিয়েছেন মুলার।
ফেদেরারের ম্যাচটি দীর্ঘায়িত হওয়ায় মেয়েদের বিভাগের দ্বিতীয় বাছাই ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে তার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সেন্টার কোর্টের পরিবর্তে খেলতে হয়েছে ছোট্ট লুইস আর্মস্ট্রং কোর্টে। সেখানে ২৯তম বাছাই অস্ট্রিয়ার সিবিল ব্যামারকে সহজেই ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি। অন্য কোয়ার্টার ফাইনালে পঞ্চম বাছাই দেমেন্তিয়েভা ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন পঞ্চদশ বাছাই সুইজারল্যান্ডের প্যাটি স্নাইডারকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৫০ ঘ.
bdnews24