মাদ্রিদ, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় ক্লাব ফুটবলের দলবদল সাধারণত 'ট্রান্সফার উইন্ডো' নামে পরিচিত। রোববার অর্থাৎ ৩১ আগস্ট দলবদলের 'জানালা'টা বন্ধ হওয়ার আগে দারুণ এক চমক। চেলসিতে যেতে প্রতিজ্ঞাবদ্ধ রবিনিয়ো সবাইকে অবাক করে রিয়াল মাদ্রিদ থেকে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে! ধারণা করা হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ট্রান্সফার ফি'র পরিমাণ সাড়ে ৩২ মিলিয়ন পাউন্ড বা প্রায় ৪০ মিলিয়ন ইউরো। যা বৃটিশ রেকর্ডও বটে!
বেশ কিছু দিন ধরেই রিয়ালের সঙ্গে সম্পর্কের টানা-পোড়েন চলছিল রবিনিয়োর। মাদ্রিদে একটুও শান্তিতে ছিলেন না তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসার জন্য বিশাল অংকের অর্থের পাশাপাশি 'ফাউ' হিসাবে রবিনিয়োকেও দিতে চেয়েছিল স্প্যানিশ 'জায়ান্ট'রা। রবিনিয়োর কাছে এটা ছিল তার প্রতি ক্লাবের চরম অবমূল্যায়ন। তার প্রতি দলের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারেননি তিন বছর আগে রিয়ালে যোগ দেয়া রবিনিয়ো । তার ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে রিয়ালের আরেকটা মনোভাব। চেলসি তাকে নিতে চাইলেও রিয়ালের অনাগ্রহের কারণে লন্ডনের ক্লাবটিতে যেতে পারছিলেন না তিনি। শুধু রোনালদোই নয়, ভ্যালেন্সিয়া থেকে ডেভিড ভিয়া এবং ভিলারিয়াল থেকে সান্তি কাজোরলাকে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে স্প্যানিশ 'জায়ান্ট'রা। রবিনিয়োকে ছাড়তে না চাওয়ার এটাই ছিল একমাত্র কারণ।
তবে এবার আর মুখ বুজে বসে থাকেননি রবিনিয়ো। রোববার সকালে এক সংবাদ সম্মেলন ডেকে রিয়ালের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কোচ বার্নড শুস্টারের বিরুদ্ধে। রিয়ালের গত দুটো ম্যাচে দলেই সুযোগ না পাওয়া রবিনিয়ো শুস্টারকে প্রচ্ছন্ন একটা হুমকিও দিয়েছিলেন ঐ সংবাদ সম্মেলনে।
এতটা 'বেয়াদবি' রিয়ালও সহ্য করতে পারেনি। সেদিনই ম্যানচেস্টার সিটি রবিনিয়োর জন্য প্রস্তাব দেয়ার সঙ্গে সঙ্গে তা লুফে নিয়েছে তারা। স্প্যানিশ টেলিভিশন চ্যানেল 'ভিইও'কে দেয়া এক সাক্ষাতকারে রিয়ালের প্রেসিডেন্ট র্যামন ক্যালডেরন জানিয়েছেন, "মানবিক ও ফুটবলগত কারণ ছাড়াও বড় অংকের অর্থের জন্য তাকে বিক্রি করতে রাজি হয়েছি আমরা। টেকনিক্যাল স্টাফের সঙ্গে পরামর্শের পর আমাদের মনে হয়েছে যে ক্লাবের স্বার্থে এটাই হবে সেরা সিদ্ধান্ত। সে (রবিনিয়ো) নিজেও (ম্যানচেস্টার) সিটির প্রস্তাবে সাড়া দিয়েছে। যা প্রমাণ করছে সে শুধু খেলার কারণেই সেখানে যাচ্ছে না। খেলোয়াড়দের বিক্রি করে দেয়া ঠিক রিয়ালের নীতির পরিপন্থী নয়। আমাদের মনে হয়েছে এটাই হলো সেরা উপায়।"
সে যা-ই হোক, চার বছরের জন্য রবিনিয়োকে চুক্তিবদ্ধ করতে পেরে দারুণ খুশি ম্যানচেস্টার সিটির ম্যানেজার মার্ক হিউজ। ক্লাবের ওয়েবসাইটে দেয়া প্রতিক্রিয়ায় তার সেই আনন্দই প্রতিফলিত হয়েছে, "রবিনিয়োর মতো এক অবিশ্বাস্য প্রতিভার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। আমাদের জন্য এটা দুর্দান্ত এক প্রাপ্তি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭১৫ঘ.
bdnews24