২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ভেনাস-সেরেনা

"ওর বিপক্ষে খেলা খুব কঠিন। কারণ ও খুব ভালো খেলোয়াড়।"--- ছোট বোন সেরেনার প্রতি ভেনাস উইলিয়ামসের মূল্যায়ন। এই 'ভালো খেলোয়াড়'-এর খেলা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে ভেনাসকে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনাই যে তার প্রতিপক্ষ! সোমবার চতুর্থ রাউন্ডে সহজ জয় দিয়ে শেষ আট নিশ্চিত করেছেন দুই বোন। রাফায়েল নাদালও উঠেছেন কোয়ার্টার ফাইনালে। তবে চতুর্থ রাউন্ডে বেশ লড়াই করেই জিততে হয়েছে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' হিসাবে প্রথম কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলতে নামা নাদালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2008, 09:17 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

নিউইয়র্ক, ২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "ওর বিপক্ষে খেলা খুব কঠিন। কারণ ও খুব ভালো খেলোয়াড়।"--- ছোট বোন সেরেনার প্রতি ভেনাস উইলিয়ামসের মূল্যায়ন। এই 'ভালো খেলোয়াড়'-এর খেলা নিয়েই এখন সবচেয়ে বেশি ভাবতে হচ্ছে ভেনাসকে। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সেরেনাই যে তার প্রতিপক্ষ! সোমবার চতুর্থ রাউন্ডে সহজ জয় দিয়ে শেষ আট নিশ্চিত করেছেন দুই বোন। রাফায়েল নাদালও উঠেছেন কোয়ার্টার ফাইনালে। তবে চতুর্থ রাউন্ডে বেশ লড়াই করেই জিততে হয়েছে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' হিসাবে প্রথম কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট খেলতে নামা নাদালকে। 'ওয়াইল্ড কার্ড' নিয়ে অর্থাৎ বাছাইপর্ব পেরিয়ে এবারের ইউএস ওপেন খেলতে আসা ফ্রান্সের সেভেরাইন ব্রেমন্ডকে দাঁড়াতেই দেননি চতুর্থ বাছাই সেরেনা। সহজেই জিতেছেন ৬-২, ৬-২ গেমে। সপ্তম বাছাই ভেনাসও সরাসরি সেটে (৬-১, ৬-৩) উড়িয়ে দিয়েছেন নবম বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে। আর তাই উইলিয়ামস পরিবারের আরেকটি জমজমাট লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। এবারের উইম্বলডনের ফাইনালে সেরেনাকে হারিয়ে ভেনাস শিরোপা জিতলেও মুখোমুখি লড়াইয়ে দুই বোনের মধ্যে দারুণ সাম্যাবস্থা। এখন পর্যন্ত ১৬ বারের মুখোমুখি লড়াইয়ে দু জনই জিতেছেন ৮টি করে ম্যাচ। গ্র্যান্ড স্লামেও দু জনের জয়-পরাজয় সমান-সমান (৫-৫)! এবার তাই বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি দু জনের সামনেই একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে বেইজিংয়ে মাতিয়ে আসা নাদাল যুক্তরাষ্ট্রের অবাছাই স্যাম কুয়েরিকে ৬-২, ৫-৭, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন। তবে জয় পেলেও ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন ভক্তদের মন ভরাতে পারেননি। ছয়টা 'ডাবল ফল্ট'-এর পাশাপাশি 'আনফোর্সড এরর' করেছেন ৪১টা। নিজের পারফরম্যান্সে তেমন খুশি না হলেও এই জয়ে অনেক বেশি স্বস্তি পেয়েছেন নাদাল, "প্রত্যেক টুর্নামেন্টেই আপনার একটা খারাপ দিন আসতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। যখন আপনি আপনার সেরা খেলাটা খেলতে পারবেন না তখন গুরুত্বপূর্ণ ব্যাপার হলো জয় পাওয়া। আজ আমি সেটাই পেয়েছি।" কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের আরেক অবাছাই মার্ডি ফিশ। চতুর্থ রাউন্ডে ফিশ হারিয়েছেন ফ্রান্সের ৩২ তম বাছাই গেল মনফিলসকে। সোমবার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন আরো চার জন --- ছেলেদের বিভাগে বৃটেনের ষষ্ঠ বাছাই অ্যান্ডি মারে ও আর্জেন্টিনার সপ্তদশ বাছাই হুয়ান মার্টিন দেল পোত্রো এবং মেয়েদের বিভাগে রাশিয়ার ষষ্ঠ বাছাই দিনারা সাফিনা ও ইতালির ষোড়শ বাছাই ফ্লাভিয়া পেন্নেত্তা। শেষ আটে মারে দেল পোত্রার এবং সাফিনা পেন্নেত্তার মুখোমুখি হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৯ঘ.