২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় পরাশক্তিদের দুঃস্বপ্নের রাত

এক সঙ্গে এতগুলো অঘটন ইউরোপের সেরা ফুটবল লিগগুলোতে সম্ভবত বহু দিন আসেনি! রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও এসি মিলানের পরাজয় এবং চেলসি, লিভারপুল, জুভেন্টাস আর এএস রোমার ড্র --- সব মিলিয়ে ইউরোপের 'জায়ান্ট' ক্লাবগুলোর দুঃস্বপ্নের মতো কেটেছে রোববারের রাতটা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 12:14 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

মাদ্রিদ/রোম/লন্ডন, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক সঙ্গে এতগুলো অঘটন ইউরোপের সেরা ফুটবল লিগগুলোতে সম্ভবত বহু দিন আসেনি! রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও এসি মিলানের পরাজয় এবং চেলসি, লিভারপুল, জুভেন্টাস আর এএস রোমার ড্র --- সব মিলিয়ে ইউরোপের 'জায়ান্ট' ক্লাবগুলোর দুঃস্বপ্নের মতো কেটেছে রোববারের রাতটা। হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে স্প্যানিশ 'প্রিমেরা লিগা' শুরু করা রিয়াল মাদ্রিদ রিয়াজোরের 'কুফা' কাটিয়ে উঠতে আরো এক বার ব্যর্থ! ১৯৯১-এর পর দেপোর্তিভো লা করুনার মাঠ রিয়াজোরে কোনো ম্যাচ জিততে পারেনি রিয়াল। এবার সেই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আশা করলেও স্প্যানিশ চ্যাম্পিয়নরা আবারো হতাশ করেছে ভক্তদের। জিততে তো পারেইনি, এমনকি ড্র করতেও পারেনি। ১-২ গোলের হার দিয়ে তাদের ভয়াবহ সূচনাই হলো 'লা লিগা'য়। শুরুতেই মিস্তার একটি প্রচেষ্টা রিয়ালের ক্রসবারে লেগে ফিরে আসা দিয়ে ম্যাচে দেপোর্তিভোর আধিপত্যের সূচনা। ২৭ মিনিটে ঐ মিস্তারই হেডই এগিয়ে দিয়েছে স্বাগতিকদের। পিছিয়ে পড়ার পর রিয়াল অবশ্য বেশ কয়েকটা ভালো আক্রমণ করেছে। বিরতির ঠিক আগে মার্সেলোর এক দুর্দান্ত ভলি ক্রসবারে বাধা না পেলে প্রথমার্ধ ১-১ গোলে শেষ করতে পারতো তারা। তবে বিরতি শেষে খেলা শুরু হওয়ার পর স্প্যানিশ চ্যাম্পিয়নদের হতাশা দূর হতে সময় লাগেনি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে রাউলের শট প্রতিপক্ষের এক জন ডিফেন্ডারের গায়ে লেগে রুড ফন নিস্টলরয়ের কাছে এলে বাঁ পায়ের দারুণ এক ভলিতে ম্যাচে সমতা নিয়ে আসেন সুযোগ সন্ধানী ডাচ স্ট্রাইকার। যদিও ম্যাচে ফেরার আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি রিয়াল। মাত্র চার মিনিট পর কর্নার থেকে হেড করে দেপোর্তিভোকে দ্বিতীয় বারের মতো এগিয়ে দেন আলবার্তো লোপো। এবং এই গোল ধরে রেখেই জয়ের আনন্দে মেতে ওঠে স্বাগতিকরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো বার্সেলোনাও প্রথম ম্যাচেই ভূপতিত! পেপ গার্দিওলার অধীনে স্প্যানিশ লিগের প্রথম ম্যাচ খেলতে নামা 'বার্সা' ০-১ গোলে হেরেছে নবাগত নুমানকিয়ার কাছে। প্রথমার্ধের ১৩ মিনিটে মারিও স্বাগতিকদের এগিয়ে দেয়ার পর অনেক চেষ্টা করেও গোলটা শোধ করতে পারেনি বার্সেলোনা। দুর্ভাগ্যও অবশ্য পুরো ম্যাচে তাড়া করেছে তাদের। স্যামুয়েল এ'তো ও লিওনেল মেসির শট বারে লেগে দু দু বার গোল-বঞ্চিত করায় পরাজয় নিয়ে ঘরে ফিরতে হয়েছে 'বার্সা'কে। তাই 'লা লিগা'য় গার্দিওলার অভিষেকটাও হয়েছে ভয়াবহ। রিয়াল-বার্সেলোনার জন্য রাতটা দুঃস্বপ্নের মতো কাটলেও অ্যাটলেটিকো মাদ্রিদ বিশাল জয় পেয়েছে রোববার। আরেক নবাগত মালাগাকে তারা উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। চার গোলের দুটো ডিয়েগো ফোরলানের, যার একটি পেনাল্টি থেকে। অন্য দুটোর গোলদাতা জন হেইটিঙ্গা ও ফ্লোরেন্ত সিনামা পঙ্গোল। তবে গত বারের রানার্সআপ ভিলারিয়াল হোঁচট খেয়েছে প্রথম ম্যাচেই। ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। রেসিং সান্তানদারের বিপক্ষে সেভিয়ার ম্যাচের স্কোরলাইনও একই। রিয়াল-বার্সেলোনার মতো এসি মিলানও লিগে তাদের প্রথম ম্যাচেই পরাজিত! গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে স্বরূপে ফিরতে প্রতিজ্ঞাবদ্ধ রোনালদিনিয়োর ইতালিয়ান সিরি 'এ'র অভিষেকটাও তাই জঘন্য হয়েছে। দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার অবশ্য ভালোই খেলেছেন সানসিরোতে। কিন্তু ঘরের মাঠে খেললেও নবাগত বোলনিয়ার কাছে ১-২ গোলে হেরে গেছে তার দল। ১৮ মিনিটে মার্কো দি ভাইয়ো স্বাগতিকদের হতবাক করে বোলনিয়াকে এগিয়ে দিলেও বিরতির আগেই সমতায় ফিরেছে মিলান। ৪১ মিনিটে রোনালদিনিয়োর ক্রস থেকে হেড করে গোলটা করেছেন মাসিমো আমব্রোসিনি। বিরতির পর ব্রাজিলিয়ান তারকা একাধিক সুযোগ তৈরি করে দিলেও সেগুলো কাজে লাগাতে পারেননি ফিলিপ্পো ইনজাগি এবং দু মৌসুম চেলসিতে কাটিয়ে এবার ধারে মিলানে ফেরা আন্দ্রেই শেভচেঙ্কো। বরং শেষ বাঁশির ১১ মিনিট আগে প্রায় ২৫ মিটার দূর থেকে নেয়া ফ্রানসেস্কো ভালিয়ানির বুলেট গতির শট জয় এনে দিয়েছে বোলনিয়াকে। গত তিন মৌসুমের রানার্সআপ রোমা এবং জুভেন্টাস এগিয়ে গিয়েও হারাতে পারেনি তাদের দুই প্রতিপক্ষকে। নাপোলির বিপক্ষে আলবার্তো আকুইলানির গোল এগিয়ে দিলেও মারেক হামসিকের লক্ষ্যভেদ সমতায় ফিরিয়েছে ম্যারাডোনার সাবেক ক্লাবকে। ম্যাচের ফলাফলও ১-১ই। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাবিয়ানো সান্তাক্রোসি দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে গেলেও নিজেদের মাঠে দশ জনের নাপোলির বিপক্ষে জিততে পারেনি রোমা। ফ্লোরেন্সে জুভেন্টাসও দশ জনে পরিণত হওয়া ফিওরেন্টিনাকে হারাতে পারেনি। ৩৯ মিনিটে পাভেল নেদভেদ 'জুভ' দের এগিয়ে দিলেও শেষ মুহূর্তে এ মৌসুমে এসি মিলান থেকে যোগ দেয়া আলবার্তো জিলার্দিনো সমতায় ফেরান ফিওরেন্টিনাকে। তার কিছুক্ষণ আগে ফেলিপে মেলো লালকার্ড দেখে স্বাগতিকদের দশ জনের দলে পরিণত করলেও সুযোগটা কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। কাকতালীয়ভাবে শনিবার অর্থাৎ সিরি 'এ'র উদ্বোধনী দিনে গত তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানও ১-১ গোলেই ড্র করেছে সাম্পদোরিয়ার সঙ্গে। যে কারণে ইন্টার কোচ হিসাবে হোসে মরিনহোর সিরি 'এ' অভিষেকটাও ভালো হয়নি। রোববার চেলসিও ১-১ গোলে ড্র করেছে টটেনহাম হটস্পারের সঙ্গে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জুলিয়ানো বেলেত্তির গোল 'ব্লুজ'কে এগিয়ে দিলেও টটেনহামকে সমতায় ফিরিয়েছে ড্যারেন বেন্টের লক্ষ্যভেদ। অন্যদিকে অ্যাস্টন ভিলার মাঠ থেকে গোল শূন্য ড্রয়ের হতাশা নিয়ে ফিরতে হয়েছে লিভারপুলকে। ড্র করলেও ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে শীর্ষে আছে লিভারপুল ও চেলসি। এই রাউন্ডে বড় জয় পেয়েছে আর্সেনাল। শনিবার তারা ৩-০ গোলে জিতেছে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। 'গানার্স'-এর তিন গোলের দুটো করেছেন রবিন ফন পার্সি, যার প্রথমটা পেনাল্টি থেকে। অন্য গোলটা ডেনিলসনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫২০ঘ.