২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে একহাত নিলেন রবিনিয়ো

রিয়াল মাদ্রিদ ছেড়ে রবিনিয়ো চেলসিতে যেতে আগ্রহী। কিন্তু রিয়াল তাকে ছাড়তে চাইছে না। এ নিয়েই যত গোলমাল। ক্ষুব্ধ, অপমানিত রবিনিয়ো রিয়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন ডেকেছেন রোববার। যে সংবাদ সম্মেলনে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:46 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

মাদ্রিদ, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াল মাদ্রিদ ছেড়ে রবিনিয়ো চেলসিতে যেতে আগ্রহী। কিন্তু রিয়াল তাকে ছাড়তে চাইছে না। এ নিয়েই যত গোলমাল। ক্ষুব্ধ, অপমানিত রবিনিয়ো রিয়ালের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন ডেকেছেন রোববার। যে সংবাদ সম্মেলনে স্প্যানিশ চ্যাম্পিয়নদের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। রবিনিয়োর রাগ করাটা অবশ্য অস্বাভাবিক কিছু নয়। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালের ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসার 'নাটক' তো তাকে কম যন্ত্রণা দেয়নি। রোনালদোকে পাওয়ার জন্য ম্যানইউ'র মোটা অংকে টাকা দাবী করেছিল রিয়াল। তবে এর পাশাপাশি 'ফাউ' হিসাবে রবিনিয়োকেও দিতে চেয়েছিল তারা! শেষ পর্যন্ত রোনালদোকে মাদ্রিদে নিয়ে আসার স্বপ্ন পূরণ হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের। স্বাভাবিকভাবেই তার প্রতি দলের এমন নেতিবাচক মনোভাব ভালো লাগেনি রবিনিয়োর। ২৪ বছর বয়সী ফরোয়ার্ডের রাগের আগুনে ঘি ঢেলেছে চেলসির প্রস্তাব সম্পর্কে রিয়ালের গড়িমসি। গত সপ্তাহে এক সাক্ষাতকারে রবিনিয়ো বলেছিলেন চেলসির প্রস্তাবে সাড়া দিয়ে লন্ডনের ক্লাবটিতে যেতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু রোনালদোকে না পাওয়ার জন্যই এখন আর তাকে ছাড়তে আগ্রহী নয় স্প্যানিশ চ্যাম্পিয়নরা। রিয়াল অবশ্য একটা শর্ত দিয়ে রেখেছে। 'বাই আউট ক্লজ' অর্থাৎ রিয়ালের কাছ থেকে রবিনিয়ো নিজেই নিজেকে কিনে নিলে তিনি যেতে পারবেন চেলসিতে। তবে সেজন্য তাকে গুনতে হবে ১৫ কোটি ইউরো! এমন গোলমেলে পরিস্থিতিতেই রোববার মাদ্রিদে সংবাদ সম্মেলন ডেকেছেন রবিনিয়ো। যে সংবাদ সম্মেলনে রিয়ালকে একহাত নিয়ে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া, "পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আমি রিয়াল ছাড়তে চাই আর খেলতে চাই চেলসির পক্ষে। আমি শুধু চেলসির কথাই ভাবছি আর সেখানেই খেলতে চাইছি। গত মে মাস থেকে আমি আমার চুক্তি নবায়ন করার চেষ্টা করেছি। কিন্তু তারা (রিয়াল মাদ্রিদ) সেটা চায়নি। কারণ তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে চুক্তি করার ব্যাপারে একটু বেশিই নিশ্চিত ছিল। এখন তারা অন্য কাউকে চুক্তিবদ্ধ তো করেইনি, এমনকি আমাকে যেতেও দিতে চাইছে না।" রবিনিয়োর ক্ষুব্ধ হওয়ার কারণ এখানেই শেষ নয়। রিয়ালের গত দুটো ম্যাচে তাকে দলেই রাখেননি কোচ বার্নড শুস্টার। অপমানিত রবিনিয়োকে দুটো ম্যাচই দেখতে হয়েছে সাইড বেঞ্চে বসে। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচেও তাকে রাখা হয়নি দলে। সেজন্য তীব্র ভাষায় শুস্টারের সমালোচনা তো করেইছেন এমনকি প্রচ্ছন্ন একটা হুমকিও তিনি দিয়ে রেখেছেন কোচকে, "(রিয়াল প্রেসিডেন্ট রেমন) ক্যালডেরন বলেছিলেন ভালো কোনো প্রস্তাব এলে তারা আমাকে যেতে দেবেন। চেলসি আমাকে দুর্দান্ত একটা প্রস্তাব দিয়েছে। জানি না আমি আর কী করতে পারি। (রিয়ালের) প্রেসিডেন্ট, স্পোর্টস ডিরেক্টর ও কোচকে বলেছি যে আমি যেতে চাই। থেকে গেলে রিয়ালের পক্ষে খেলতে হয়তো অস্বীকৃতি জানাবো না। কিন্তু শুস্টার যদি অসুখী কোনো খেলোয়াড়কে রেখে দিতে চান তাহলে সেটা হবে সম্পূর্ণ তার নিজের দায়িত্ব।" রিয়াল আগ্রহী না হলেও রবিনিয়োর ট্রান্সফার নিয়ে তার এজেন্ট ওয়াগনার রিবেইরো ও চেলসি'র প্রধান নির্বাহী পিটার কেনিয়নের মধ্যে বেশ কিছু দিন ধরে কথাবার্তা চলছে। এবং দু জনেই জানিয়েছেন রবিনিয়োর 'ব্লুজ'-এ যোগ দেয়া এখন শুধুই সময়ের ব্যাপার। তবে ৩১ আগস্ট পর্যন্ত দলবদলের সময়সীমা থাকায় আপাতত রবিনিয়োর চেলসিতে যাওয়ার সম্ভাবনা নেই-ই বলা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০০৮ঘ.