২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই ফাইনালের কাছে অনেক প্রত্যাশা

আবেগ-উত্তেজনার সব রসদ নিয়ে ৮ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। যে ম্যাচের কাছে অনেক প্রত্যাশা বাফুফে ও দেশের ফুটবল অনুরাগীদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 04:24 PM

Updated : 26 Aug 2022, 02:18 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আবেগ-উত্তেজনার সব রসদ নিয়ে ৮ বছর পর ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আবাহনী-মোহামেডান। যে ম্যাচের কাছে অনেক প্রত্যাশা বাফুফে ও দেশের ফুটবল অনুরাগীদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত সভাপতির কাছে এর চেয়ে আনন্দের কিছু নেই। কাজী সালাউদ্দিন তাই বলেই ফেলেছেন, "এর চেয়ে ভাল আর কী হতে পারতো। নিজেরা পরিকল্পনা করেও আবাহনী-মোহামেডানের এরকম ফাইনাল আয়োজন করা যেতো না। দলগুলোর খেলাও ভাল হচ্ছে, তাই এই ম্যাচে আমার অনেক প্রত্যাশা।" ফুটবলের মরা গাঙে স্রোত ফেরানোর ব্রত নিয়েই গত মে মাসে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নতুন কমিটি বাফুফের দায়িত্ব নিয়েছে। তারা ঘরোয়া ফুটবল শুরু করেছে সিটিসেল ফেডারেশন কাপ দিয়ে, যার সমাপ্তি হবে সোমবার ঢাকার ফুটবলের দুই পরাশক্তির ফাইনাল দিয়ে। কিন্তু এই সমাপ্তি দিয়েই শুরু হতে পারে বাংলাদেশের ফুটবলের নতুন এক অধ্যায় ! যে অধ্যায়ে সোনালী দিনের স্মৃতি রোমন্থনের কষ্ট থাকবে না। থাকবে সালাউদ্দিন-চুন্নুদের ঐতিহ্যের পরম্পরা হয়ে ফুটবলের আনন্দলোকে প্রবেশের গল্প ! এই ম্যাচই নাকি তা পারে। "এই ম্যাচের হাতে এমন ক্ষমতা আছে যা আমাদের ফুটবলের টার্নিং পয়েন্ট হতে পারে। ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার দারুণ একটা ভিত্তিও রচনা করে দিতে পারে ম্যাচটি"---- এসবই কাজী সালাউদ্দিনের প্রত্যাশা আবাহনী-মোহামেডানের ফাইনালের কাছে। এই দুটো দলের লড়াই বাংলাদেশের ফুটবলে অনেক ঘটন-অঘটনের জন্ম দিয়েছে। তাদের এমনই অদৃশ্য সম্মোহন যে একসময় সেই সকাল থেকে মাঠে দর্শক আসা শুরু হতো, ম্যাচ শুরু হতে হতে যা জনসমুদ্্ের রূপ নিতো। সেই দৃশ্য অনেকদিন ধরে অদৃশ্য, বাফুফের খামখেয়ালীপনার শিকার হয়ে ফুটবলও তার মান-গুন হারিয়ে দৈন্য হয়ে পড়েছিল। নতুন কর্তাদের অভিনব উদ্যোগে অবস্থা ফেরার ইঙ্গিত দিয়েছে এই ফেডারেশন কাপ। আবাহনী, মোহামেডানের ম্যাচগুলোতে চার-পাঁচ হাজার করে দর্শক উপস্থিত ছিল। দুটো দলই দুর্দান্ত খেলে ফাইনালে এসেছে। আবাহনী ব্যালান্সড দল, তারা অষ্টম শিরোপা জিতে মোহামেডানের সমকক্ষ হতে চাইবে ফেডারেশন কাপে। কিন্তু বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন বুকোলা, মোহামেডানের এই নাইজেরিয়ান গোলমেশিনের ওপর অগাধ আস্থা সমর্থকদের। তাছাড়া মুখ ফিরিয়ে নেওয়া সমর্থকদের মাঠে ফেরানোর জন্য মোহামেডান বিশেষ আয়োজনও করেছে। বাফুফেও স্কুল ছাত্রদের জন্য উন্মুক্ত করে দিচ্ছে গ্যালারির একাংশ। নানামুখী তৎপরতা এবং এমন এক 'হাই-ভোল্টেজ' ফাইনালের কী হাজার বিশেক দর্শক টানার ক্ষমতা নেই ? বাফুফে সভাপতির জবাব, "সেরকম হলে সত্যি নতুন মৌসুম নিয়ে আর চিন্তা থাকবে না। নিজেদেরও ভাগ্যবান.....।" সত্যিই আবাহনী-মোহামেডান ম্যাচই হতে পারে এদেশের ফুটবলের জিয়নকাঠি। যা সালাউদ্দিনের সৌভাগ্যের প্রতীক হয়ে বাংলাদেশের ফুটবলের নবযাত্রাকে সর্বাঙ্গীন শুভ করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২১১ঘ.