২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুকোলার মোহামেডানের সঙ্গে আবাহনীর ফাইনাল

আন্তর্জাতিক ঝড়ের নামগুলো বিদঘুটে প্রকৃতির হয়। 'বুকোলা' যেন সেরকম এক আফ্রিকান ঝড় যা নিয়ে আবহাওয়াবিদরা চিন্তিত না হলেও এ মুহূর্তে ভীষণ আশংকায় আছে ঢাকা আবাহনী। চিরশত্র" ঢাকা মোহামেডান এই ঝড়ের পিঠে চেপেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসছে আবাহনী-বধের জন্য !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আন্তর্জাতিক ঝড়ের নামগুলো বিদঘুটে প্রকৃতির হয়। 'বুকোলা' যেন সেরকম এক আফ্রিকান ঝড় যা নিয়ে আবহাওয়াবিদরা চিন্তিত না হলেও এ মুহূর্তে ভীষণ আশংকায় আছে ঢাকা আবাহনী। চিরশত্র" ঢাকা মোহামেডান এই ঝড়ের পিঠে চেপেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আসছে আবাহনী-বধের জন্য ! মোটামুটি বিষয়টা দাঁড়িয়ে গেছে বুকোলা বনাম এগার জনের আবাহনী ! হ্যাঁ, সোমবার বিকেল সাড়ে ৪ টা থেকে শুরু সিটিসেল ফেডারেশন কাপের ফাইনালের লড়াইটা এরকমই মর্যাদা পাচ্ছে প্রাক-ফাইনাল আলোচনায়। দু পক্ষের সঙ্গে আলোচনাতেই বুকোলা নামটা ঘুরেফিরে এসেছে বারবার। নামটা তারকাসুলভ না হলেও চার ম্যাচে একটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে এ মুহূর্তে ঢাকা মাঠের সবচেয়ে বড় তারকা মোহামেডানের এই স্ট্রাইকার। গোল তাকে খোঁজে নাকি গোলের গন্ধে ছুটেন তিনি, এ নিয়ে বিতর্ক হতে পারে। তবে আবাহনীর কোচ অমলেশ সেন মোহামেডানের ফাইনালে ওঠার পথে এই নাইজেরিয়ানের কৃতিত্বকে বড় করে দেখছেন, "এ পর্যন্ত মোহামেডানের জয়ের মূল কারিগর কিন্তু বুকোলা। প্রতিদিনই গোল পাচ্ছে, নিঃসন্দেহে ভাল স্ট্রাইকার।" তাকে নিয়ে যে বিস্তর আলোচনা হয়েছে এবং কিছু কৌশল ঠিক করা হয়েছে তা আর না বললেও চলে। আবাহনী কোচ একটু ঘুরিয়ে বলেছেন এভাবে, "কোনো দল বিশেষ কোনো ফুটবলারের ওপর নির্ভরশীল হয়ে পড়লে তাকে মার্কিংয়ে ফেলে দিলেই সমস্যা পড়ে যায়।" মোহামেডানও জানে বুকোলার জন্য ফাইনালটা একটু কঠিনই হবে। তাদের কোচ মারূফুল হক বলেছেন, "স্বাভাবিকভাবে তাকে মার্কিংয়ে রাখা হবে। কিন্তু আমাদের রবিনও গোল করছেন, তাই গোল করা নিয়ে সেরকম দুশ্চিন্তা নেই।" এই মৌসুমের আগে আবাহনীতে প্র্যাকটিস করে শেষপর্যন্ত মোহামেডানে সাইন করা তরুণ স্ট্রাইকার রবিন গত পাঁচ ম্যাচে করেছেন ৪ গোল। তাছাড়া সেমিফাইনালে বুকোলাকে মার্কিংয়ে রেখেও চট্টগ্রাম মোহামেডান গোলমুখ বন্ধ রাখতে পারেনি, চমৎকার এক হেডে তিনিই প্রথম এগিয়ে দিয়েছেন মোহামেডানকে। ফাইনালে অবশ্য একটু অন্যভাবে ভাবতে হবে। কারণ মোহামেডান কোচের দেওয়া সার্টিফিকেট হচ্ছে, "আবাহনী বেশ ব্যালান্সড দল, ভালও খেলছে। তাদের মূল শক্তি হচ্ছে ডিফেন্স।" তার প্রমাণ অধিনায়ক ও ডিফেন্ডার নজরুল ইসলামকে ছাড়াই টানা দুটো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে আবাহনী। এখন অবস্থা এমন হয়েছে নজরুলের দুই ম্যাচের সাসপেনশন ফুরোলেও মূল একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে গেছে। কারণ দুই সাইডব্যাকের মাঝে সুজন ও ঘানার সামাদ ইউসিফ দুর্দান্ত খেলছেন। তবে ধারণা করা হচ্ছে বুকোলা-আতংক নজরুলের পক্ষে যেতে পারে। অমলেশ সেনের কথা অনুযায়ী রিজার্ভ বেঞ্চই আবাহনীর বড় শক্তি, "ডিফেন্স, মিডফিল্ড ও স্ট্রাইকিং জোনে আমাদের সমমানের অনেক খেলোয়াড় আছে। সেজন্য নজরুলের লাল কার্ড, মামুনের দুটো হলুদ কার্ড এবং উজ্জ্বলের অসুস্থতার পরও আমাদের দল নিয়ে চিন্তা করতে হয়নি। এটাই আমাদের দলের বড় শক্তি।" দুই দিন জ্বরে ভোগার পর মেহেদী হাসান উজ্জ্বল ফাইনালের জন্য তৈরি, মামুনেরও কার্ডের ঝামেলা শেষ। তারপরও তাদের একাদশে রাখার বিষয়টি নিশ্চিত করতে পারেননি আবাহনী কোচ। কারণ একদিকে যেমন সেরা একাদশ তৈরির দাবি আছে তেমনি অন্যদিকে "উইনিং কম্বিনেশন" ভাঙ্গার ঝুঁকি নেওয়াটাও কঠিন কাজ হয়ে গেছে তার জন্য। এখন শুধু আরিফ খান জয়ের কুঁচকির ব্যথা ছাড়া অন্য কারো সমস্যা নেই। সেটাও আবাহনীর জন্য বড় দুশ্চিন্তার বিষয় নয়। কিন্তু আরমান আজিজের ইনজুরি ভীষণ দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মোহামেডানকে। আবাহনীর মতো তাদের রিজার্ভ বেঞ্চ সমমানের নয় বলেই মারূফুলের হকের চিন্তাটা বেড়ে গেছে, "বাজে একটা ইনজুরি হয়েছে আরমান আজিজের। ফাইনালে আমার প্লে- মেকার নেই। তার জায়গায় খেলতে পারে ডামি ইমানুয়েল।" আবাহনীর মাঝমাঠ ও ফরোয়ার্ড-লাইনে বড় কোনো সমস্যা নেই। মাঝমাঠে দুর্দান্ত খেলছেন জাহেদ পারভেজ চৌধুরী আর ফরোয়ার্ড লাইনে এমিলি-ইব্রাহিমের কম্বিনেশনও কিন্তু আতংক হয়ে উঠতে পারে মোহামেডানের 'প্রবীণ' ডিফেন্সের জন্য। চট্টগ্রাম মোহামেডানের আক্রমণেই কেঁপে ওঠা জুয়েল রানা-রজনী-হাসান আল-মামুন সমৃদ্ধ ঢাকা মোহামেডান ডিফেন্সের বড় পরীক্ষা হবে ফাইনালে। তার চেয়েও বোধহয় দৃষ্টিনন্দন হবে আবাহনীর শক্তিধর ডিফেন্সের সঙ্গে বুকোলার লড়াইটা। যে লড়াইয়ে জয় পেলে চিরপ্রতিদ্বন্দ্বীদের পাশে দাঁড়াতে পারবে আবাহনী। ফেডারেশন কাপে এখন পর্যন্ত মোহামেডান শিরোপা জিতেছে আট বার, আর আবাহনী সাত বার। সোমবার জয় পেলে শিরোপার উৎসবে মেতে ওঠা আবাহনী মোহামেডানের সমকক্ষ হতে পারবে মৌসুম শুরুর টুর্নামেন্টটিতে। আকাশী-হলুদদের জন্য সেটা একটা বড় অনুপ্রেরণাও বটে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০২০ঘ.