নিউইয়র্ক, ৩০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেয়েদের র্যাংকিংয়ের শীর্ষে থাকা আনা ইভানোভিচের বিদায়ের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ইউএস ওপেনে আরেকটি বড় অঘটন! শুক্রবার টুর্নামেন্টের ২০০৪ সালের চ্যাম্পিয়ন, গতবারের রানারআপ ও তৃতীয় বাছাই স্ভেৎলানা কুজনেৎসোভাও বিদায় জানিয়েছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টকে। তৃতীয় রাউন্ডে স্লোভেনিয়ার কাতেরিনা স্রেবোতনিক তাকে হারিয়ে দিয়েছেন ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে।
অত বড় না হলেও লিন্ডসে ড্যাভেনপোর্টের বিদায়কেও অঘটনই বলতে হবে। এবারের টুর্নামেন্টে ২৩তম বাছাই হলেও এক সময় তো র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন, জিতেছিলেন ইউএস ওপেনের শিরোপা। অথচ কুজনেৎসোভার মতো তাকেও তৃতীয় রাউন্ডেই বিদায় জানাতে হলো ফ্লাশিং মিডৌকে। দ্বাদশ বাছাই মারিয়ন বার্তোলির বিপক্ষে তার পরাজয়টা সরাসরি সেটে। ম্যাচের স্কোরলাইন ৬-১, ৭-৬।
মেয়েদের সাবেক দুই চ্যাম্পিয়নের বিদায়ের দিনে বেশ লড়াই করে জিততে হয়েছে রজার ফেদেরার, নোভাক দিউকোভিচ, নিকোলাই দাভিদেঙ্কো, অ্যান্ডি রডিক ও ইয়েলেনা ইয়ানকোভিচকে। ইউএস ওপেনে টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নিউইয়র্কের মাটিতে পা রাখা ফেদেরার অবাছাই থিয়াগো আলভেসকে সরাসরি সেটে হারালেও জয়ের জন্য বেশ ঘাম ঝরাতে হয়েছে তাকে। রাফায়েল নাদালের কাছে কয়েক দিন আগে র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানো ফেদেরার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটাতে জিতেছেন ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে।
মেয়েদের দ্বিতীয় বাছাই ইয়ানকোভিচও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে জয় পেয়েছেন। তবে ফেদেরারের মতো লড়াই করেই চীনের ঝেং জাইকে ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি। তৃতীয় দিউকোভিচ, পঞ্চম দাভিদেঙ্কো এবং অষ্টম বাছাই রডিকও জিতেছেন অনেক ঘাম ঝরিয়ে। কিন্তু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন মারাত সাফিন তা-ও পারেননি। পঞ্চদশ বাছাই টমি রব্রেডোর কাছে হেরে এবারের মতো ইউএস ওপেনকে বিদায় জানিয়েছেন সাফিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫১৪ঘ.
bdnews24