ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ফরাশগঞ্জ আর রেফারি আব্দুল হান্নান মিরণ মিলে সেমিফাইনালে ভয়ংকর এক মরণফাঁদ তৈরি হয়েছিল ঢাকা আবাহনীর জন্য। কিন্তু সামাদ ইউসিফ সেই ফাঁদ উতরে আবাহনীকে পৌঁছে দিয়েছেন সিটিসেল ফেডারেশন কাপের ফাইনালে। এই ঘানাইয়ানের কৃতিত্বে ২-১ গোলে হেরে শেষ হয়ে গেল ফরাশগঞ্জের চমক।
আগের মতো শুক্রবারও চমকের পসরা নিয়ে হাজির হয়েছিল ফরাশগঞ্জ। এবং ম্যাচের দ্বিতীয় মিনিটেই সবাইকে অবাক করে দিয়ে আবাহনীকে এক গোলে পিছিয়ে দেয়। তাদের প্রথম আক্রমণ ঠেকাতে ডি বক্সের মাথায় উঠে আসেন আবাহনীর গোলরক্ষক বিপ্লব, বল ক্লিয়ার করলেও তা মাঝমাঠে কাদায় আটকে যায়। সেখান থেকেই, মানে প্রায় ৪০ গজ দূর থেকে ফরাশগঞ্জের খোকন দাস আবাহনীর ফাঁকা পোস্ট লক্ষ্য করে শট নেন। আমাদের খেলোয়াড়দের এরকম শট বেশিরভাগক্ষেত্রে লক্ষ্যভ্রষ্ট হলেও খোকন অবিশ্বাস্যভাবে পোস্টে রেখেছেন এবং বিপ্লব তাড়িঘড়ি করে ফিরেও গোল ঠেকাতে পারেনি। তার অঙ্গুলের ডগা ছুঁইয়ে বল জালে আশ্রয় নিলে শুরুতেই চাপে পড়ে আবাহনী। এই চাপ এবং ফরাশগঞ্জের ধারবাহিক পারফরম্যন্স মিলিয়ে এখান থেকে আবাহনী বধ-অধ্যায়ের শুরু বলেই ভেবেছিলেন অনেকে।
তারা ভুল ভেবেছেন। চাপকে শক্তিতে পরিণত করে আবাহনী রীতিমতো আক্রমণের স্রোত বইয়ে দিয়েছে। তারই ফল হচ্ছে ২৬ মিনিটের গোল শোধ পর্ব। সে-এক অসাধরণ গোল। আবাহনীর ডিফেন্ডার সামাদ ইউসিফ মাঝমাঠ থেকে বল নিয়ে তিন-চারজনের মাঝ দিয়ে হানা উঠে আসেন ফরাশগঞ্জের ডিফেন্সে, তারপর ইব্রাহিমকে দিয়ে নিজে জায়গা করে নেন ডানদিকে। সেখান থেকেই সামাদ বলটা গোলমুখে ফেললে প্রাণতোষ শুধু গোলের আনুষ্ঠানিকতা সারেন। ৬৪ মিনিটের গোলেও আছে আবাহনীর ওই বিদেশী ডিফেন্ডারের অবদান। তিনিই ওপরে ওঠে বলটি ক্লিয়ার করেছিলেন, তারপর সুজনের পা ঘুরে বাঁদিকে ওয়ালী ফয়সালের কাছে জমা হয় বল। বাঁ-প্রান্ত ফাঁকা পেয়ে তীব্র গতিতে ঢুকে এই ডিফেন্ডার বাম পায়ের শটে আবাহনীকে এগিয়ে দেন। কিন্তু দুই গোলে পরোক্ষ অবদানের সূত্রে সামাদ ইউসিফ-ই পেয়েছেন ম্যাচ সেরার সম্মান। একইসঙ্গে ডিফেন্সেও দুর্দান্ত খেলে তিনি নজরুলের অভাব ঢেকে দিয়েছেন অনেকখানি।
আবাহনীর এই অধিনায়ক লাল কার্ড দেখে টানা দুই ম্যাচ দর্শক হয়ে ম্যাচ দেখলেন। চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ম্যাচে দৌলতকে কনুই দিয়ে আঘাত করে মার্চিং অর্ডার পেয়েছিলেন আবাহনীর নজরুল ইসলাম। অথচ সেরকম অপরাধ বারবার করেও পার পেয়ে গেছেন ফরাশগঞ্জের মামুন মিয়া। শুরুতে একটি হলুদ কার্ড দেখার পর অন্তত আরো দুবার কার্ড দেখার মতো অপরাধ করেছেন এই ডিফেন্ডার। বদলি হয়ে নেমে আরেক মামুন আবাহনীর সিরাজীকে ঘুষি মারলেও রেফারি আব্দুল হান্নান মিরণের চোখে তা অপরাধ নয় ! আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে, ৮৮ মিনিটে গোলরক্ষক আল আমিন ফরাশগঞ্জের ডিফেন্সের শেষ ব্যাক্তি হয়েও বক্সের বাইরে এসে এমিলিকে মারাত্মক এক ফাউল করে পার পেয়ে গেছেন। লালকার্ড যখন অবশ্যম্ভাবী রেফারি মিরণ কেবল একটি হলুদ কার্ডেই দায় সারলেন !
রেফারির বাঁশির এই খামখেয়ালির পরও আবাহনী ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে খেলেছে। স্কোর-লাইন ন্যূনতম ব্যবধানে জয়ের কথা বললেও ব্যবধান বেড়ে তিন-ও হতে পারতো। প্রথমার্ধের শেষেরদিকেই তো দু-দুটো দুর্দান্ত সুযোগ নষ্ট করেছেন আরিফ খান জয়। ৪১ মিনিটে জাহেদ পারভেজের ক্রসে জয় পোস্টের সামনে থেকে হেড করেছেন ক্রসবার উঁচিয়ে। মিনিট দুয়েক পর ইব্রাহিম চমৎকার এক বল বানিয়ে দিলে এই মিডফিল্ডার গোলমুখের সামনে থেকেও গোল করতে ব্যর্থ হয়েছেন। ৭৫ মিনিটে জাহেদ পারভেজের আরেকটি ক্রসে ইব্রাহিম দু-দুবার চেষ্টা করেও বল গোলে পাঠাতে পারেননি। আসলে এক গোলেই বুঝি জয় লেখা ছিল তাদের। নইলে ৮৩ মিনিটে কেন জাহেদ পারভেজের শট গোলরক্ষক আল-আমিনের গায়ে লেগে ফিরে আসবে, ফিরতি বলে তারই হেড আবার গোল লাইন থেকে ফিরিয়েছেন ফরাশগঞ্জের ফয়সাল।
কিন্তু দুই গোল তো আর ঠেকাতে পারেননি। আগের চার ম্যাচে ফরাশগঞ্জের গোল না খাওয়ার দম্ভ সেমিফাইনালে চূর্ন করে ঢাকা আবাহনী অপেক্ষা করছে ফেডারেশন কাপ ফাইনালের জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24