ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- অনেক লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি বিকেএসপি। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে তাদের হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে চট্টগ্রাম মোহামেডান। শনিবার দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ঢাকা মোহামেডানের।
দুটোই প্রায় সমশক্তির দল। কিন্তু ম্যাচের ৩৮ মিনিটে গোল পেয়ে যায় চট্টগ্রাম মোহামেডান। ডানদিক থেকে দৌলতের পাঠানো ক্রসের ওপর আকবর হোসেন রিদনের দুর্দান্ত এক ভলিতে খুলে যায় বিকেএসপির গোলমুখ। গোলের পরও আধিপত্য ছিল তাদের, কিন্তু ম্যাচের শেষের দিকে ওই গোল ধরে রাখার দিকে বেশি মনযোগী হতে গিয়ে আরেকটু হলে ঝামেলায় পড়ে যাচ্ছিল। তাদের রক্ষণমনস্কতার সুযোগে পাল্টা আক্রমণ শুরু করে বিকেএসপি এবং তাতেই গোলটা শোধ হয়ে যায়। ৭৯ মিনিটে রবির দেওয়া বল আয়ত্তে নিয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পৌঁছে দেন সবুজ।
কিন্তু শেষরক্ষা করতে পারেনি বিকেএসপি। অতিরিক্ত সময়েও স্কোর-লাইনে কোনো পরিবর্তন না আসায় টাইব্রেকারে গিয়ে ওই সবুজ ও রবির ব্যর্থতায় বিকেএসপি ছিটকে পড়ে ফেডারেশন কাপ থেকে। তাদের পক্ষে গোল করেছেন রানা ও মানিক। ওদিকে টমি ছাড়া বাকি চারজন ধীমান, পাভেল, দৌলত, ও শওকত গোল করে চট্টগ্রাম মোহামেডানকে নিয়ে গেছেন সেমিফাইনালে। শনিবার তারা "বড় ভাই" ঢাকা মোহামেডানের মুখোমুখি হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.
bdnews24