এথেন্স, ২৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উজবেকিস্তানের বুনিয়দকর ক্লাবটি ফুটবল বিশ্বে একেবারেই অচেনা। সেই অচেনা ক্লাবটিই এখন রিভালদোর নতুন ঠিকানা। বৃহস্পতিবার গ্রিক সুপার লিগের এইকে এথেন্স থেকে বুনিয়দকরে যোগ দিয়েছেন সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার।
গত মঙ্গলবার গ্রিসের একটি রেডিও স্টেশনকে সাক্ষাতকার দেয়ার সময় উজবেক ক্লাবটির কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে রিভালদো বলেছিলেন, "সিদ্ধান্তটা নেয়া আমার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। তবে আমি এমন একটা প্রস্তাব পেয়েছি যা আমার ক্যারিয়ারের জন্য খুবই ভালো।" সেই প্রস্তাবে সাড়া দিয়েই ৩৬ বছর বয়সী রিভালদো এখন উজবেকিস্তানে। বিদায়বেলায় তার প্রতি শুভকামনা জানিয়ে এইকে এথেন্সের মুখপাত্রর বক্তব্য, "গত মৌসুমে তার অবদানের জন্য রিভালদোকে ধন্যবাদ জানাচ্ছে এইকে। তার ভবিষ্যত ক্যারিয়ারের প্রতি আমাদের শুভকামনা রইলো।"
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার হলেও ঐ বিশ্বকাপের পর থেকেই রিভালদোর ক্যারিয়ারের অবনতির সূচনা। জাপান-কোরিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সময় তিনি খেলতেন বার্সেলোনায়। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিন পর ডাচ কোচ লুই ফন হল বার্সেলোনার দায়িত্ব নিলে ক্যাটালান ক্লাবটিতে আর থাকতে পারেননি রিভালদো। ফন হলের সঙ্গে আগে থেকেই ঝামেলা ছিল। সেই ঝামেলার জের ধরে 'বার্সা'র মায়া কাটিয়ে তিনি যোগ দেন এসি মিলানে।
মিলানেও অবশ্য বেশি দিন থাকতে পারেননি। এক মৌসুম পর ফিরে যান স্বদেশী ক্লাব ক্রুজেইরোতে। ক্রুজেইরোতে এক মৌসুম কাটিয়ে ২০০৪ সালে আবার ফেরেন ইউরোপে। তবে বিখ্যাত কোনো ক্লাবে নয়, গ্রিসের অলিম্পিয়াকোসে। সেখানে তিন মৌসুম কাটিয়ে গত বছর যোগ দিয়েছিলেন এইকে এথেন্সে। সেখান থেকেই পাড়ি দিলেন উজবেকিস্তানে। ১৯৯৯ সালে ফিফা, ইউরোপিয়ান এবং ফুটবল ম্যাগাজিন 'ওয়ার্ল্ড সকার' নির্বাচিত সেরা ফুটবলার, ব্রাজিলের বিখ্যাত জার্সি গায়ে ৮৬ ম্যাচে ৩৬ গোল করা রিভালদোকে এবার খেলতে হবে উজবেকিস্তানের এক অখ্যাত ক্লাব বুনিয়দকরে! সত্যিই বিস্ময়কর ঘটনা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১৩০ঘ.
bdnews24