ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- প্রথমে বৃষ্টি তারপর ফ্লাড লাইটের আলোর স্বল্পতার সমস্যা পেরিয়েও আবাহনী পৌঁছে গেছে ফেডারেশন কাপের সেমিফাইনালে। সেখানে পৌঁছে দিয়েছে মূলত প্রথম মিনিটে করা এমিলির গোলটিই, যা শোধের জন্য মরিয়া হতে গিয়ে শেখ রাসেল শেষের দিকে আরেকটি গোল খেয়ে ০-২ গোলে হেরে বিদায় নিয়েছে ফেডারেশন কাপ থেকে।
ম্যাচের ঠিক আগে আগে হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি অনিশ্চিত করে তুলেছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে তৃতীয় কোয়ার্টার ফাইনালটিকে। শেষপর্যন্ত সংশয়কে পেছনে ফেলে নির্ধারিত সময়ের ২০ মিনিট পরে কর্দমাক্ত মাঠে শুরু হয় ম্যাচ। কিন্তু ১৪ মিনিট পর দেখা দেয় আলোর স্বল্পতা; ফ্লাড লাইটের আলো পর্যাপ্ত নয় বলে রেফারি খেলা বন্ধ করে দেন। ৬ মিনিট পর আবার শুরু হয় খেলা। এর বিহিত না হলে, মানে খেলা আর শুরু না হলে হয়তো শেখ রাসেলই লাভবান হতো। কারণ ম্যাচের প্রথম মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল তারা। বাঁদিক থেকে আওদু ইব্রাহীমের পাঠানো ক্রসে এমিলির হেড গোলরক্ষক তিতুমীর চৌধুরীকে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নিলে শুরু থেকেই ম্যাচে ফেরার লড়াই করে যেতে হয় শেখ রাসেলকে ক্রীড়াচক্রকে।
কিছু বুঝে ওঠার আগে শুরুতে গোল খাওয়াটাই তাদের কাল হয়েছে। এরপর ডিফেন্সে আর এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ আবাহনী, তারা এতটাই সতর্ক ছিল যে আরিফ খান জয়ও নীচে নেমে আক্রমণ ঠেকানোর কাজ করে গেছেন। ৬ মিনিটে অবশ্য ক্রসবার না ঠেকালে আলফাজের শটে রাসেল ম্যাচে ফিরে আসে। এরপরও কর্দমাক্ত মাঠে তারা আক্রমণ করেছে, দ্বিতীয়ার্ধে তো অনেকটাই বেড়ে গিয়েছিল আক্রমণের তোপ। কিন্তু আবাহনীর সুজন-ওয়ালী-সিরাজী-সামাদরা এতটুকু সুযোগ দেননি শেখ রাসেলের আলফাজ-ইউনেসকে। বারবার বল নিয়ে গিয়ে তাদের সেটা জমা করে দিতে হয়েছে আবাহনী ডিফেন্ডারদের পায়ে।
একটি গোল শোধের চেষ্টা যখন বারবার ব্যর্থ হচ্ছিল তখন খেয়ে বসে তারা দ্বিতীয় গোল। ৮০ মিনিটে ডি বক্সের বাঁদিকের কোনা থেকে দুর্দান্ত এক শটে আরিফ খান জয় গোল করে ঢাকা আবাহনীর সেমিফাইনাল নিশ্চিত করেন। আগামী ২৯ আগস্ট তারা প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফরাশগঞ্জের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24