বেলগ্রেড, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মঙ্গলবারের রাতটা ভালো কাটেনি কারো, কিন্তু তবু চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে ঠিকই পৌঁছেছে বার্সেলোনা আর জুভেন্টাস। বাছাই পর্বের প্রথম লেগে পাওয়া বড় জয়ের সুবাদেই শেষ হাসিটা হেসেছে ইউরোপিয়ান ফুটবলের এই দুই পরাশক্তি।
মঙ্গলবার দ্বিতীয় লেগের ম্যাচে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ০-১ গোলে হেরে গেছে পোল্যান্ডের উইসলা ক্র্যাকোর কাছে। আর জুভেন্টাস পিছিয়ে পড়ার পর কোনো রকমে ১-১ গোলে ড্র করেছে স্লোভাকিয়ার ব্রাটিস্লাভা আর্টমিডিয়ার সঙ্গে। কিন্তু প্রথম লেগে দুদলই ৪-০ গোলের বড় জয় পেয়েছিল, তাই বার্সেলোনা শেষ পর্যন্ত জিতেছে ৪-১ অ্যাগ্রিগেটে, আর জুভেন্টাস ৫-১ গোলে।
দিনের অন্য ম্যাচে স্পার্টা প্রাগকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে যোগ দিয়েছে গ্রিসের প্যানাথিনাইকোসও। প্রথম লেগে তারা জিতেছিল ২-১ গোলে।
বুধবার রাতে এ রকম আরো ১৩টি বাছাই পর্বের ম্যাচ হবে। সেই ম্যাচগুলোর জয়ী দল যোগ দেবে চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী ১৬টি দলের সঙ্গে।
এদিন যারা মাঠে নামবে বাছাই পর্ব উৎরানোর লড়াইয়ে, তাদের মধ্যে আছে টুর্নামেন্টের সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ডের লিভারপুল আর ফ্রান্সের মার্শেইও। প্রথম পর্বে নরওয়ের ব্র্যান বারজেনকে ১-০ গোলে হারিয়ে মার্শেই একটু সুবিধাজনক অবস্থায় থাকলেও লিভারপুল আছে বিপদে। প্রথম লেগে বেলজিয়ামের স্ট্যান্ডার্ড লিগের কাছে হারতে হারতে কোনো রকমে গোলশূন্য ড্র করেছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১০৫৩ ঘ.
bdnews24