ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- টানা ১০ মাস মাঠে ফুটবল রাখার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করা বাফুফের নতুন কমিটি ফেডারেশন কাপের পর পরই শুরু করে দিচ্ছে বি. লিগ। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে পেশাদার লিগের দ্বিতীয় আসর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি।
গত সোমবার লিগ কমিটির সভায় রমজানের মধ্যেই বি. লিগ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর সিটিসেল ফেডারেশন কাপের ফাইনাল শেষে ১১ দিন বিরতি দিয়ে ১৩ সেপ্টেম্বর থেকে নতুন আঙ্গিকে শুরু হবে বি. লিগ। লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর আশা, "এবার দায়সারাভাবে হবে না এই লিগ। লিগটা জমজমাট করার জন্য এবং পাতানো খেলা রোধ করার জন্য একই সময়ে আলাদা ভেন্যুতে ম্যাচ আয়োজন থেকে শুরু করে আরো নানা বিষয় আমাদের পরিকল্পনায় আছে। নিয়ম-নীতির ব্যাপারেও এবার আমরা অনেক কঠোর।"
নিয়মের কাঠিন্যে বাঁধা পড়ছে এবার বাফুফের লোকজনও। সালাম মুর্শেদী জানিয়েছেন, "খেলা যেন পরিস্কার হয় এবং বিতর্কের সুযোগ কমানোর স্বার্থে আমরা বাফুফের সদস্যদের অনুরোধ জানাবো ম্যাচ চলাকালীন মাঠে প্রবেশ না করার জন্য। কারণ বাফুফে সদস্যদের উপস্থিতিও নাকি রেফারিদের প্রভাবিত করে।" তার মানে হুমকির মুখে পড়ে গেল আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু ও মোহামেডানের ম্যানেজার আমীরুল ইসলাম বাবুর মাঠে উপস্থিতি।
বি. লিগের আবাহন হবে আগামী ৬ সেপ্টেম্বর পূর্বাণী হোটেলে ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে। তার আগে আগামী ১ সেপ্টেম্বর ফাইনালের জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা দিয়ে শেষ হবে সিটিসেল ফেডারেশন কাপ। যদিও মৌসুম শুরুর টুর্নামেন্ট হিসেবে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের জমজমাট আবহ তৈরি করতে পারেনি ঢাকায়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সেমিফাইনাল ও ফাইনাল খেলার সময় এক ঘন্টা এগিয়ে বিকাল ৫ টা থেকে শুরুর সিদ্ধান্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.
bdnews24