ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- অক্টোবরে চূড়ান্ত হতে পারে ফুটবলের বিদেশী কোচ ও টেকনিক্যাল ডিরেক্টর। ইংল্যান্ড থেকে ফিরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এমন খবরই দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
ইংল্যান্ডে তার ব্যক্তিগত সফরটা আরো দীর্ঘ হওয়ার কথা থাকলেও দেশে জরুরী কিছু প্রয়োজন দেখা দেয়াতে সফর সংক্ষিপ্ত করে তিনি গত রোববার দেশে ফিরেছেন। ব্যক্তিগত সফর হলেও লন্ডনে এই সময়ে সালাউদ্দিন ফুটবল নিয়েও কাজ করেছেন। সেই কাজ করে তার যে মূল্যায়ন হয়েছে সেটা একরম,"আমি ওখানে মূলত একটা সার্ভে করেছি কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরের বেতন নিয়ে। যেরকম খোঁজ-খবর পেয়েছি তাতে মানসম্পন্ন কোচ আনতে এখন ১০ হাজার ডলার লাগবে। টেকনিক্যাল ডিরেক্টরের বেতনও ওরকম, ৮ থেকে ১০ হাজার ডলারের মধ্যে।"
বাফুফে সভাপতি টেলিফোনে কথা বলেছেন টেকনিক্যাল ডিরেক্টর রিচার্ড বেটসের সঙ্গেও। "তিনি চাইছেন সামনা-সামনি বসে কথা বলতে। আশাকরি সেপ্টেম্বর নাগাদ তার সঙ্গে আমার টেবিলে আলাপ হবে। তারপর একটা সিদ্ধান্ত নেবো"--- বলেছেন কাজী সালাউদ্দিন। গত মাসে এই ইংলিশ টেকনিক্যাল ডিরেক্টরের খোঁজ দিয়েছিলেন এএফসি সেক্রেটারি দ্যতো পলমনি। প্রাথমকিভাবে তাকে অফারটা ওই এএফসি কর্তাই দিয়েছিলেন। বেটস আগ্রহ দেখানোর পর এখন আলোচনা হবে বাফুফে সভাপতির সঙ্গে।
কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরের ব্যাপারে সালাউদ্দিন অবশ্য তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চান না। তার কথা, "আমি আসলে তাড়াহুড়ো করে বোকা বনতে চাইছি না। একটু সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে চাই। তাছাড়া মারদেকা কাপ ছাড়া তো আপাতত আর কোনো টুর্নামেন্টও নেই। সেজন্য আমি একটু সময় নিচ্ছি। আশা করছি অক্টোবরের মধ্যে চূড়ান্ত করে ফেলতে পারবো।"
মারদেকা কাপের জন্য ইতিমধ্যেই শফিকুল ইসলাম মানিককে নিয়োগ দেওয়া হয়েছে। ঐ টুর্নামেন্টের পর জাতীয় দলকে বিদেশী কোচের হাতে তুলে দিতে চান বাফুফে সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.
bdnews24