ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মৌসুমের শুরু থেকে এবার দুর্দান্ত খেলছে ফরাশগঞ্জ। সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা দলটির সামনে সোমবার অসহায় আত্মসমর্পন করেছে আরামবাগ। মূলত এনামুলের কাছে এই আত্মসমর্পন ; তার দুই গোলে সিটিসেল ফেডারেশন কাপের সেমিফাইনালে ফরাশগঞ্জ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালের শুরুতেই অবশ্য দুর্দান্ত সুযোগটি পেয়েছিল আরামবাগ। ৬ মিনিটে মনুর কর্ণারে সুরতের হেড ক্রসবার ঠেকিয়ে দিলেও তা পড়েছিল পোস্টের সামনে দাঁড়ানো জেরি উইয়ার সামনে। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি বলে পা লাগাতে ব্যর্থ হলে ফরাশগঞ্জ বেঁচে যায়। তার মিনিট দুয়েক পরে ফরাশগঞ্জের এনামুল সুযোগ তৈরি করেও শেষপর্যন্ত সতীর্থ খোকনের সঙ্গে মিলে নষ্ট করেছেন।
কিন্তু ৩৪ মিনিটে আর নষ্ট করার সুযোগ ছিল না। আরামবাগের রক্ষণভাগ অফসাইডের ফাঁদে ব্যস্ত হয়ে পড়লে তার ফাঁক গলে বেরিয়ে পড়েন এনামুল, তারপর ইউসুফের লবটা আয়ত্তে নিয়ে আগুয়ান গোলরক্ষক পিরুকে দেখে প্লেসিং করে দেন পোস্ট। রেফারি গোলের বাঁশি বাজালেও আরামবাগের খেলোয়াড়রা প্রতিবাদ করেন অফসাইডের দাবিতে, এজন্য খেলা বন্ধ ছিল মিনিট পাঁচেক। এরপর ইনজুরি টাইমে দিলেন একেবারে নিখুঁত এক গোল, কর্ণার-কিকে এনামুলের চমৎকার হেড ফরাশগঞ্জকে সেমিফাইনালে ওঠার আনন্দে ভাসিয়ে দিল।
গোলের ব্যবধান অবশ্য আরো বড় হতে পারতো। দ্বিতীয়ার্ধের শুরুতে তাদের ফয়সালের হেড ক্রসবারে না লাগলে তখনই ২-০ গোলে এগিয়ে যেতো ফরাশগঞ্জ। গোল খেয়ে আরামবাগ মরীয়া হলেও সেরকম কোনো সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের সেরা দল হিসেবেই ফরাশগঞ্জ সেমিফাইনালে ওঠে অপেক্ষা করছে ঢাকা আবাহনী-শেখ রাসেল ম্যাচের বিজয়ীর জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫৭ঘ.
bdnews24