২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথনে কেনিয়াকে ওয়ানজিরুর উপহার

দূরপাল্লার দৌড়ে কেনিয়া সব সময়ই এক বড় শক্তি। কিন্তু অলিম্পিকের ম্যারাথনে তারা কখনো সোনা জিততে পারেনি। কেনিয়ানদের সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন স্যামুয়েল ওয়ানজিরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

বেইজিং, ২৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দূরপাল্লার দৌড়ে কেনিয়া সব সময়ই এক বড় শক্তি। কিন্তু অলিম্পিকের ম্যারাথনে তারা কখনো সোনা জিততে পারেনি। কেনিয়ানদের সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন স্যামুয়েল ওয়ানজিরু। রোববার বেইজিং অলিম্পিকের শেষ দিনে অ্যাথলেটিক্সের শেষ এবং অন্যতম মর্যাদার ইভেন্ট ম্যারাথনে সোনা জিতেছেন তিনি। এবং সেটাও অলিম্পিক রেকর্ড গড়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানও দুই আফ্রিকানের। রূপা জিতেছেন দু বারের বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কোর জাওয়াদ গারিব, ব্রোঞ্জ ইথিওপিয়ার সেগে কেদেবে'র। অলিম্পিকে পুরুষদের ম্যারাথনে দু বার রূপা জিতলেও বিস্ময়করভাবে কখনো সোনা জিততে পারেননি কোনো কেনিয়ান অ্যাথলেট। রোববার আফ্রিকার দাঙ্গাবিক্ষুব্ধ ও দারিদ্র্যপীড়িত দেশটির সেই আক্ষেপ ঘুচিয়ে দেয়ার পাশাপাশি দীর্ঘ দুই যুগ ধরে টিকে থাকা একটা রেকর্ডও ভেঙ্গে দিলেন ওয়ানজিরু। ১৯৮৪ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে পর্তুগালের কার্লোস লোপেজ দুই ঘন্টা ৯ মিনিট ২১ সেকেন্ডের যে রেকর্ড গড়েছিলেন তার থেকে প্রায় তিন মিনিট মুছে দিলেন তিনি। ২ ঘন্টা ৬ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশিং টেপ স্পর্শ করে ২১ বছর বয়সী ওয়ানজিরুর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, "কেনিয়ার জন্য ইতিহাস গড়তে পেরে খুব ভালো লাগছে। কেনিয়া অনেক পদক জিতেছে। কিন্তু এটা জিততে পেরে আমি দারুণ খুশি।" এবারের অলিম্পিকে অ্যাথলেটিক্সে এটা কেনিয়ার চতুর্দশ পদক। যার মধ্যে সোনার সংখ্যা পাঁচটি। শুধু যুক্তরাষ্ট্র (২৩) আর রাশিয়াই (১৮) তাদের চেয়ে বেশি পদক জিতেছে অ্যাথলেটিক্সে। স্বাগতিক চীনের কাছে অলিম্পিক শীর্ষস্থান হারানো যুক্তরাষ্ট্র রোববার পুরুষদের বাস্কেটবল ও ভলিবলের শিরোপা জিতে কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছে। বাস্কেটবলের ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বেশ লড়াই করেই ১১৮-১০৭ পয়েন্টে হারাতে হয়েছে মার্কিনিদের। আর ভলিবলের সোনা জয়ের পথে তারা ৩-১ সেটে হারিয়েছে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ব্রাজিলকে। বাস্কেটবলের ব্রোঞ্জ পেয়েছে আর্জেন্টিনা, ভলিবলের রাশিয়া। হ্যান্ডবলে ফ্রান্স আর ওয়াটার পোলোর শিরোপা উঠেছে হাঙ্গেরির ঘরে। এছাড়া রিদমিক জিমন্যাস্টিকসের গ্র"প অল-অ্যারাউন্ড বিভাগে টানা তৃতীয় অলিম্পিক সোনা জিতেছে রুশ মেয়েরা। রূপা ও ব্রোঞ্জ পেয়েছে চীন ও বেলারুশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৩৭ঘ.