২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে মোহামেডান

প্রথম দুই ম্যাচে কষ্টার্জিত জয়ের পর মোহামেডান অবশেষে গোল উৎসবে মেতেছ আরামবাগের বিপক্ষে। এই শক্তিশালী প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপের "ডি" গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে ঢাকা মোহামেডান। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে আরামবাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রথম দুই ম্যাচে কষ্টার্জিত জয়ের পর মোহামেডান অবশেষে গোল উৎসবে মেতেছ আরামবাগের বিপক্ষে। এই শক্তিশালী প্রতিপক্ষকে ৪-১ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপের "ডি" গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব শেষ করেছে ঢাকা মোহামেডান। তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স আপ হয়েছে আরামবাগ। গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া অন্য দুই প্রতিপক্ষের ম্যাচে রহমতগঞ্জ ৫-১ গোলে হারিয়েছেন সানরাইজকে। গাজীপুরে অনুষ্ঠিত এই ম্যাচের পর রহমতগঞ্জের ৩ পয়েন্ট এবং সানরাইজ শূন্যহাতে বিদায় নিচ্ছে ফেডারেশন কাপ থেকে। দুটো দল আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলায় কমে গিয়েছিল ম্যাচটির গুরুত্বও। আর নির্ভার ম্যাচে ফেডারেশন কাপের প্রথম হ্যাটট্রিক করে বোকুলা ওলালেখান বড় জয় উপহার দিয়েছেন সাদা-কালোদের। সঙ্গে সঙ্গে মোহামেডানের গোল না পাওয়ার দুশ্চিন্তাও উবে গেছে অনেকখানি। এর আগে সানরাইজ ও রহমতগঞ্জের বিপক্ষে তারা রীতিমতো গোলের জন্য হাপিত্যেশ করেছিল। ম্যাচের শেষেরদিকে একটি করে গোল পেয়ে যাওয়ায় পয়েন্ট খোয়াতে হয়নি তাদের। কিন্তু শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুরোপুরি অন্য চেহারায় সাদাকালোরা। ১১ মিনিটেই আরামবাগের ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে মোহামেডানকে এগিয়ে দেন বোকুলা ওলালেখান। ২৫ মিনিটে এই নাইজেরিয়ানই আবার ব্যবধান দ্বিগুন করেন, শরীফের ক্রসে চমৎকার হেড করে তিনি বল আরামবাগের জালে পাঠিয়ে দেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে হ্যাটট্রিক পূর্ণ করেন পেনাল্টি থেকে গোল করে (৪-০)। পেনাল্টি পাওয়াতেও অবশ্য বোকুলার অবদান আছে, আরেকটি গোলের সন্ধানে আরামবাগের গোলমুখে হানা দিতেই তাকে ফাউল করেন মনু। তার হ্যাটট্রিকের ফাঁকে অবশ্য রবিন দলের পক্ষে তৃতীয় গোল করেন। প্রথমার্ধে যাদের এমন দোর্দণ্ড প্রতাপ দ্বিতীয়ার্ধে তারা ম্রিয়মান। হয়তো-বা গোলের তৃষ্ণা মিটে গেছে বলে। তখন আরামবাগ গোল শোধের জন্য প্রাণান্ত চেষ্টা শুরু করে। তার সুফল মেলে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গিয়ে, হিমুর গোল করে ব্যবধান ৪-১ হয়েই ম্যাচ শেষ হয়। গাজীপুরে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে রহমতগঞ্জের পক্ষে হানিফ দুটো, ইদ্রিস, রিপন ও ফ্রান্সিস একটি করে গোল করেছেন। সানরাইজের একমাত্র গোলদাতা মাহফুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.