ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- দুদল আগেই কোয়র্টার ফাইনাল নিশ্চিত করেছে। সেজন্যই কিনা ম্যাচ জেতার মরীয়া ভাবটা তেমন দেখা যায়নি ঢাকা আবাহনী ও চট্টগ্রাম মোহামেডানের মধ্যেকার গ্র"পের শেষ ম্যাচে, যার ফল ম্যাচ গোলশূন্য ড্র। সুবাদে ৭ পয়েন্ট করে নিয়ে দুদল শীর্ষে থাকলেও গোল ব্যবধানে গ্র"প চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।
গাজীপুরে অনুষ্ঠিত গ্র"পের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী-যাত্রাবাড়ীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের বাজে পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে গিয়ে আবাহনী আধিপত্য প্রতিষ্ঠা করেও চট্টগ্রাম মোহামেডানের গোলমুখ খুলতে পারেনি। প্রথমার্ধের আগোছালো আক্রমণের মধ্যে মাত্র একবার গোলের একটা সুযোগ তৈরি করেছিল তারা। ২৪ মিনিটে বাঁদিক থেকে উজ্জ্বলের ক্রসে ক্যামেরুনের পমি ফাঁকা পোস্টে হেডের সুযোগ পেয়েও মেরেছেন বাইরে।
দ্বিতীয়ার্ধে অবশ্য আবাহনী নিজেদের ফিরে পেতে শুরু করে। যদিও চট্টগ্রাম মোহামেডানের গোলমুখে গিয়ে আর পারেনি। ভাল সুযোগটা তৈরি হয়েছিল ৬৪ মিনিটে যখন মোহামেডানের ডিফেন্সে জটলার মধ্য থেকে এমিলি শট নেন, কিন্তু তা একটু এদিক-সেদিক না হয়ে সরাসরি গোলরক্ষক মামুন খানের বরাবর চলে যাওয়ায় একটি সম্ভাবনা ইতি ঘটে। এরপর ৭৮ মিনিটে ক্যামেরুনের পমির বদলি হয়ে মাঠে নামা মামুনুল ইসলামের ফ্রি-কিকে সুজন সজোরে হেড নিলেও তা পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। অনেকদিন পর আবার মাঠে দেখা গেলো এই সুজনকে। এক মৌসুম ইনজুরিতে কাটিয়ে সুঠামদেহী এই ডিফেন্ডার মাঠে ফিরলেও ফিটনেসের অভাব ভালোমতোই চোখে পড়েছে।
কিন্তু তার মাঠে ফেরার দিনে অরেক ডিফেন্ডার নজরুল ইসলাম লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। অপরাধ ইনজুরি টাইমে আবাহনীর কর্ণার কিকের ঠিক আগ মুহুর্তে চট্টগ্রাম মোহামেডানের গোলমুখে আবাহনী অধিনায়ক কনুই মেরে লুটিয়ে দিয়েছেন দৌলতকে। তাতে করে কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনীকে নামতে হবে নিয়মিত অধিনায়ক ছাড়াই। সুতরাং ড্র ম্যাচেও বড় ক্ষতি হয়ে গেল আবাহনীর!
ওদিকে গাজীপুরে চট্টগ্রাম আবাহনী-যাত্রবাড়ীর ১-১ গোলের ড্র ম্যাচে ১২ মিনিটে আবাহনীর পক্ষে গোল করেছেন রনি। ২৮ মিনিটে সেই গোল শোধ করেছেন যাত্রাবাড়ীর বাবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২২০ঘ.
bdnews24