বেইজিং, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অবিশ্রান্ত বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার সামনে। মেয়েদের ২০ কিলোমিটার হাঁটায় বাকি প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলে সোনা জিতে নিতেও সমস্যা হয়নি রাশিয়ার ওলগা কানিসকিনার। অলিম্পিক রেকর্ড গড়ার জন্য যে অর্জনের মহিমা বিশাল।
মার্টেন ফন ডার ওয়াইডেনের কৃতিত্বটা আরো বড়। বছর সাতেক আগে লিউকেমিয়া ধরা পড়েছিল তার শরীরে। সেই মারণব্যাধিকে হারিয়েছেন তো বটেই, হারিয়ে দিয়েছেন ছেলেদের ১০ কিলোমিটার উন্মুক্ত সাঁতারে অংশ নেয়া বাকি সবাইকেও। 'সাঁতারের ম্যারাথন' নামে পরিচিত ইভেন্টটির সোনা জয় তাই নেদারল্যান্ডসের ওয়াইডেনের কাছে বিশেষ কিছু।
২০ কিলোমিটার হাঁটায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন তিনিই। সেই মর্যাদা অক্ষুন্ন রেখে এক ঘন্টা ২৬ মিনিট ৩১ সেকেন্ডের নতুন অলিম্পিক রেকর্ড গড়ে শিরোপা জিতে নেয়া কানিসকিনাকে কেউ বিন্দু মাত্র চ্যালেঞ্জ জানাতে পারেননি। শুরু থেকেই এগিয়ে থাকা কানিসকিনার ৩৬ সেকেন্ড পর ফিনিশিং লাইন স্পর্শ করে দ্বিতীয় হয়েছেন নরওয়ের কার্স্টি প্লাৎজার। ব্রোঞ্জ ইতালির এলিসা রিগাউদো'র।
অবশ্য ভাগ্যের কিছুটা সহায়তাও পেয়েছেন কানিসকিনা। লড়াইয়ের মাঝামাঝি মাটি থেকে পা তুলে নিয়ে ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়ন এবং তার অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী তাতিয়ানা কালমিকোভা। মুষলধারে বৃষ্টি অবশ্য বড় এক বাধা ছিল তার সামনে। যদিও বৃষ্টিকে অভিশাপ নয়, আশীর্বাদ বলেই মনে করছেন কানিসকিনা, "খারাপ আবহাওয়ার জন্য আমি বিশ্ব রেকর্ড ভাঙ্গতে পারিনি। তবে রৌদ্রকরোজ্জ্বল, উষ্ণ দিনের চেয়ে এটাই ভালো ছিল।"
কেমোথেরাপি আর কোষ প্রতিস্থাপন করে ক্যান্সারকে হারিয়ে দেয়া ওয়াইডেনকে সোনা জিততে প্রায় দু ঘন্টা সাঁতরাতে হয়েছে। তার পেছনে থেকে রূপা জিতেছেন গ্রেট বৃটেনের ডেভিড ডেভিস। ব্রোঞ্জ জার্মানির টমাস লুর্জের। এমন কৃতিত্বপূর্ণ অর্জনের পর সবার আগে ক্যান্সার প্রসঙ্গেই কথা বলতে হয়েছে ওয়াইডেনকে। মারণব্যাধিকে জয় করে সোনা জিততে পেরেছেন বলেই তিনি বেশি উচ্ছ্বসিত, "ক্যান্সারের জন্যই এই অর্জন আমার কাছে বিশেষ কিছু। এটা প্রমাণ করলো যে এমনকি এ ধরনের কঠিন অসুখের পরও এক জন মানুষ সোনা জিততে সক্ষম।"
কানিসকিনা-ওয়াইডেনের মতো ২০০৮ এর ২১ আগস্ট আরো দু জনের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের নাম মিস্টি মে-ট্রিনর ও কেরি ওয়ালশ। এথেন্স অলিম্পিকে মেয়েদের বিচ ভলিবলের শিরোপা জিতেছিলেন তারা। জিতলেন এবারো। চীনা জুটি তিয়ান জিয়া-ওয়াং জাইয়ের বিপক্ষে ফাইনালে তারা জিতেছেন সরাসরি ২১-১৮, ২১-১৮ পয়েন্টে। অলিম্পিকের বিচ ভলিবলে সোনা অক্ষুন্ন রাখার কৃতিত্বও প্রথম দেখালেন ট্রিনর-ওয়ালশ। এবং সেটাও দুর্দান্তভাবে। এবারের প্রতিযোগিতায় একটি সেটও তারা হারেননি। প্রায় পাঁচ বছর ধরে অপ্রতিদ্বন্দ্বী ট্রিনর-ওয়ালশ গত এক বছর হারেননি কোনো ম্যাচেও। এমনি, এমনিই তো আর 'বিচ ভলিবলের টাইগার উডস' বলা হয় না তাদের!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৫ঘ.
bdnews24