বেইজিং, ২০ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- একটা ব্রোঞ্জ পদকের আর এমন কি মূল্য? অলিম্পিকের শত শত সোনাজয়ীদের ভিড়ে একটা ব্রোঞ্জ পদক পাওয়া একজন অ্যাথলেটকে ঘিরে মাতামাতি হওয়ার কথা নয়। কিন্তু রুহুল্লা নিকপাইয়ের ব্যাপারটা একেবারেই অন্য রকম! তায়েকোয়ান্দোর ৫৮ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জ জিতেই তিনি হয়ে উঠেছেন 'মহানায়ক'! কারণ, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের হয়ে অলিম্পিকে যে এটাই প্রথম পদক।
বুধবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের হুয়ান আন্তনিও র্যামোসকে হারিয়েছেন নিকপাই।
এই জয় শুধু একটা ব্রোঞ্জ পদকই নয়, ১০ বছর বয়স থেকে মার্শাল আর্টের কোরিয়ান সংস্করণের তামিল নেওয়া নিকপাইকে এনে দিচ্ছে ৫০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কারও। আফগানিস্তানের একটি মোবাইল ফোন কোম্পানি আগেই ঘোষণা করেছিল, সে দেশের কেউ অলিম্পিকে পদক জিতলেও দেওয়া হবে ওই পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৫০ ঘ.
bdnews24